অধিনায়ক হওয়ার পথে আরো এগোলেন সারওয়ান
রামনরেশ সারওয়ানই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী অধিনায়ক। সম্ভাবনাটা প্রবল। মে মাসে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে না-ও যেতে পারেন বর্তমান অধিনায়ক ব্রায়ান লারা। কারণ, নির্বাচকরা তাকে দলেই রাখতে চাচ্ছেন না! তাই চার টেস্ট ও তিন ওয়ানডের ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে রামনরেশ সারওয়ানকে।
নিজেদের মাটিতে বিশ্বকাপ আসরের প্রথম পর্বটা ভালো গেলেও সুপার এইটে লারার দলের ভরাডুবি হয়েছে। প্রথম চার ম্যাচেই হেরেছে তারা। লারাও জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ খেলে ওয়ানডে থেকে অবসর নেবেন। এখন তাই নতুন অধিনায়ক খোঁজার পালা। আর সেই দৌড়ে সবার আগে আছেন সারওয়ান।
ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার ক্লাইভ লয়েড অবশ্য জানিয়েছেন, সারওয়ানের পাশাপাশি নির্বাচকদের মনে অধিনায়ক হিসেবে আছে আরও একটি নাম, ‘‘আমি যতদুর জানি সারওয়ান আর ড্যারেন গঙ্গার কথাই আলোচনায় আসছে। সারওয়ান দলের সহ-অধিনায়ক। নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা এখন বোর্ডের।’’
২০০৩ সাল থেকে লারার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ২৬ বছরের সারওয়ান। অনেকের মতে, সারওয়ানেরই এখন ওয়েস্ট ইন্ডিজ দলের হাল ধরা উচিত। গত সপ্তায় এই ব্যাটসম্যান নিজেও জানিয়ে দিয়েছেন, দায়িত্ব পেলে সানন্দে তা নেবেন, ‘‘আমাকে যদি সুযোগটা দেওয়া হয়, আমি তা লুফে নেব।’’
শেষ পর্যন্ত সারওয়ানের হাতে নেতৃত্ব গেলে তিনি দাঁড়াবেন এর আগে গায়ানিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা রোহান কানহাই, ক্লাইভ লয়েড, আলভিন কালিচরন ও শিবনারায়ন চন্দরপলদের পাশে।
ওয়েস্ট ইন্ডিজকে এর আগেও অবশ্য চারটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সারওয়ান। এর মধ্যে তিনটিতে দলকে জিতিয়েছেন। আরেক আলোচিত নাম ড্যারেন গঙ্গার অবশ্য মূল দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া ত্রিনিদাদ ও টোবাগোকে ঘরোয়া ক্রিকেটের শিরোপা জিতিয়েছেন এই জানুয়ারিতে।
