পাকিস্তানের নতুন অধিনায়ক শোয়েব মালিক
নিজের আগ্রহের কথা সরাসরিই জানিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। আরো সিনিয়র খেলোয়াড়ও ছিলেন পাকিস্তান দলে। কিন্ত বিশ্বকাপ বিপর্যয়ের পর ইনজামাম-উল হক অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় তার শূন্যস্থান পূরণে তেমন কাউকে বেছে নেয়নি পাকিস্তানের নির্বাচকরা। তুলনায় অনেক অনভিজ্ঞ এবং টেস্ট দলে অনিয়মিত শোয়েব মালিককে নতুন অধিনায়ক করেছেন তারা।
ইনজামাম সরে দাঁড়ানোর পর অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল ইউনিস খানকে। কিন্তু ইউনিস সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সে অবস্থায় আগ বাড়িয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন ইউসুফ। কিন্ত বিবেচনাতেই নেয়া হয়নি তাকে। কয়েকদিন ধরে সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে আসছিল অলরাউন্ডার শোয়েব মালিকের নাম। তারপরও সংশয় ছিল, কারণ, ১৩৭ টি ওয়ানডে ও মাত্র ১৮ টি টেস্ট খেলা শোয়েব টেস্ট দলে সুযোগই পান না নিয়মিত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন নির্বাচকমন্ডলী গঠন করলো বুধবার আর বৃহস্পতিবারই এলো ঘোষনা-পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন থেকে শোয়েব মালিকের।
বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান ড. নাসিম আশরাফ সিনিয়রদের উপেক্ষা করে এমন একজনকে বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, “ (শোয়েব) মালিককে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হলো পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে।” অবশ্য এক্ষুনি দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া হচ্ছে না। আপাতত সম্ভবত এ বছরের শেষ নাগাদ পাকিস্তান অধিনায়কের ‘মিউজিক্যাল চেয়ার’-এ থাকবেন ২৫ বছর বয়সী শোয়েব মালিক। অধিনায়ক হিসেবে তার প্রথম সিরিজ হতে পারে আগামী মাসে আবুধাবিতে অনুষ্ঠেয় শ্রীলংকার বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
