সমর্থকদের দুয়োধ্বনকেই প্রাপ্য মানছেন ভন
কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটা যে এমন একতরফা হবে তা কি কেউ ভেবেছিল? গ্রায়েম স্মিথও নিশ্চয়ই আগে ভাবেননি এত সহজে জিতবে তার দল! মঙ্গলবার ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর তাই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দারুণ উচ্ছ্বসিত। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনন্দের ঢেউ বার বার আন্দোলিত করে তুলেছে তার কণ্ঠকে। আর মাইকেল ভন? হতাশায় ভরা এক বিশ্বকাপে শেষ চারে ওঠার স্বপ্ন চুরমার হওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক মানসিকভাবে একেবারে বিধ্বস্ত। ‘বার্মি আর্মি’ নামে পরিচিত ইংল্যান্ড-সমর্থকগোষ্ঠীর দুয়োধ্বনি পর্যন্ত মেনে নিচ্ছেন নির্দ্বিধায়!
সুপার এইটে নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল নিয়ে সংশয়ে পড়ে যাওয়া প্রোটিয়াদের জন্য ম্যাচটা এক কথায় ছিল ‘অগ্নিপরীক্ষা’, বাঁচা মরার লড়াই। হেরে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে-এমন কঠিন সমীকরণ সামনে নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকার জয়টা এক কথায় রাজসিক। অ্যান্ড্রু হলের ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিংয়ে (৫/১৮) প্রথমে ইংল্যান্ডকে ১৫৪ রানে বেঁধে ফেলে তারা। তারপর গ্রায়েম স্মিথ (৫৮ বলে অপরাজিত ৮৯) ও এবি ডিভিলিয়ার্সের (৩৫ বলে ৪২) দুটো ঝড়ো ইনিংসের সৌজন্যে ২০ ওভারেরও আগে লক্ষ্যে পৌঁছে যায় তারা। এমন এক জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় স্মিথ অভিভূত,“এই মুহূর্তে আমাদের দলের মনোবল তুঙ্গে, ছন্দও খুব ভালো। ড্রেসিং রুমের পরিবেশ দারুণ ইতিবাচক। আমি দক্ষিণ আফ্রিকার এ ধরনের ড্রেসিং রুমেই অভ্যস্ত। ম্যাচের শেষ দিকে আমরা বেশ আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। কারণ, এটা ছিল গুরুত্বপূর্ণ এক ম্যাচ। মাঠে আমরা একেবারে নিখুঁত ছিলাম, শুরু থেকেই ওদের ওপরে চাপ সৃষ্টি করেছি, বোলাররা ঠিক জায়গায় বল ফেলেছে। আমরা ছিলাম ধীর-স্থির, লক্ষ্যে অবিচল।”
আর সেজন্যই স্মিথের বিশ্বাস, ভাগ্যের একটু সাহায্য পেলে বিশ্বকাপের আরাধ্য শিরোপা এবার মুঠোবন্দী করতেই পারে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে এই ম্যাচ জিতে প্রোটিয়াদের গায়ে সেঁটে থাকা ‘চোকার’ অপবাদকেও দূর করতে পেরেছেন বলেই স্মিথের ধারণা,“বিশ্বকাপে ভাগ্যের কিছুটা সাহায্য প্রয়োজন। আজ (মঙ্গলবার) আমাদের দক্ষতা ছিল অসাধারণ। আর আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়েছি। আমার ধারনা, আজ আমাদের ওপরে অনন্ত চাপ ছিল বলেই সেটাকে (চোকার অপবাদ) আমরা একেবারে গুঁড়িয়ে দিতে পেরেছি।” ম্যাচের সেরা অ্যান্ড্রু হলের পাশাপাশি দলের বোলারদের কৃতিত্ব দিতেও ভোলেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক,“রিভার্স সুইং সমৃদ্ধ হলির (হলের) স্পেলটা ছিল অসাধারণ। তবে প্রত্যেকেই তাকে ভালো সমর্থন দিয়েছে।”
স্মিথ যখন আনন্দের সাগরে ভাসছেন ভনের কণ্ঠ তখন শোকে-দুঃখে ম্রিয়মান,“ইংলিশ ক্রিকেটের জন্য এটা অত্যন্ত দুঃখের এক দিন। বার্বাডোজের মাঠ ছেড়ে আসার সময় ভয়াবহ এক অনুভূতি হচ্ছিল আমাদের।” এইভাবে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় ইংল্যান্ড দলকে শুনতে হয়েছে সমর্থকদের দুয়োধ্বনি। সেটাকেও যৌক্তিক মনে হয়েছে ইংল্যান্ড অধিনায়কের কাছে,“ইংল্যান্ডের সমর্থকরা দুয়ো দিয়েছে আমাদের। আমরা যেমন পারফর্ম করেছি তাতে সেটাই স্বাভাবিক। আমি পুরোপুরি বুঝতে পারছি, তারা কেন এভাবে অভ্যর্থনা জানিয়েছে। আমাদের এখন হাত উঁচিয়ে সব ধরনের সমালোচনা গ্রহণ করতেই হবে।”
ওয়ানডে থেকে তার অবসরের গুঞ্জনও উড়িয়ে দিয়ে ভন জানিয়েছেন, ইংল্যান্ড দলের গৌরব ফিরিয়ে আনাই এখন সবার লক্ষ্য হওয়া উচিৎ, “আমি ওয়ানডে থেকে অবসর নিচ্ছি না। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইংলিশ ক্রিকেটকে পথে ফিরিয়ে আনা। সামনে এগিয়ে যাবার কৌশল নির্ধারণ করা দরকার। ১৯৯২-এর পর থেকে তো ইংল্যান্ড ওয়ানডেতে তেমন ভালো খেলতে পারেনি। কেন পারেনি তা জানা দরকার।”
বিশ্বকাপে ইংল্যান্ডের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে তোপের মুখে পড়েছেন কোচ ডানকান ফ্লেচার। তবে মাইকেল ভন তার পাশে দাঁড়িয়েছেন, “আমার দৃঢ় বিশ্বাস তিনি এখনো এক জন দুর্দান্ত কোচ। একমাত্র তিনিই জানেন এবং তিনিই বলতে পারবেন, এই মুহূর্তে তার মনের মধ্যে কী হচ্ছে। আমি জানি তিনি ভীষণ ..... ভীষণ হতাশ।”
