২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহারুফ-মুরালির ধ্বংসযজ্ঞের পর কিছুক্ষণের আনুষ্ঠানিকতা

বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের দারুণ এক উদ্বোধনী জুটি গড়েছিলেন জেরেমি ব্রে ও উইলিয়াম পোর্টারফিল্ড। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই জয়ের পথে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। অথচ পরের ম্যাচে শ্রীলঙ্কার সামনে সেই আইরিশ ব্যাটসম্যানরাই দিগ্ভ্রান্ত, হতভম্ব। ফারভিজ মাহারুফ ও মুত্তিয়া মুরালিধরন মিলে মাত্র ৭৭ রানেই শেষ করে দিয়েছেন আয়ারল্যান্ডকে। মুরালি ও মাহারুফ দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 11:03 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এবারের বিশ্বকাপে এটাই দলীয় সর্বনিম্ন সংগ্রহ। আগের সর্বনিম্ন স্কোর ছিল বারমুডার ৭৮ রান । এবং সেটাও ছিল শ্রীলঙ্কারই বিপক্ষে। এই মামুলি লক্ষ্যে পৌঁছাতে বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। থারাঙ্গা ও সাঙ্গাকারাকে হারিয়ে মাত্র ১০ ওভারে ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা। তাই লাঞ্চের আগেই শেষ হয়ে গেছে ম্যাচ।

প্রথম দুই ওভার মেডেন। চামিন্ডা ভাস ও নুয়ান কুলাসেকারার মাপা লাইন-লেংথের বল সামলে আয়ারল্যান্ড প্রথম রান পেয়েছে তৃতীয় ওভারে। বুধবার বিশ্বকাপের সুপার এইটে টস হেরে ব্যাট করতে নেমে সতর্কতার সঙ্গেই শুরু করেছিলেন আয়ারল্যান্ডের দুই ওপেনার ব্রে ও পোর্টারফিল্ড। যদিও অষ্টম ওভারে বল করতে আসা মাহারুফের প্রথম দুই বলে বাউন্ডারি মেরে বড় কিছু করারই ইঙ্গিত দিচ্ছিলেন ব্রে (২০)। কিন্তু পরের বলেই তাকে রাসেল আরনল্ডের ক্যাচ বানিয়ে প্রতিশোধ নিয়েছেন মাহারুফ। সেটা ছিল ওভারের তৃতীয় বল। সেই ওভারের পঞ্চম ও শেষ বলে বোথা ও মরগানও আউট। দুজনই কোন রান না করে ক্যাচ দিয়েছেন সাঙ্গাকারাকে।

মাহরুফের তোপে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর পোর্টারফিল্ড ও নিয়াল ও’ব্রায়েন মিলে বিপর্যয় সামাল দেবার চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি। অষ্টাদশ ওভারের শেষ বলে মাহারুফকে ফ্লিক করতে গিয়ে আকাশে উঠিয়ে দিয়েছেন পোর্টারফিল্ড। সহজ ক্যাচটা ধরতে কোন সমস্যাই হয়নি জয়াসুরিয়ার। বাংলাদেশের বিপক্ষে ৮৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা পোর্টারফিল্ডের ব্যাট থেকে এসেছে মাত্র ১৭ রান।

মুরালি আক্রমণে এসেছেন পরের ওভারে। এবং দ্বিতীয় বলেই নিয়াল ও’ব্রায়েনকে (৪) কট বিহাইন্ড করেছেন এই স্পিন ‘জাদুকর’। ঐ ওভারের চতুর্থ বলে কেনেথ ক্যারলও তার ‘দুসরা’য় বিভ্রান্ত হয়ে বোল্ড। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে যোগ দিয়ে পরের ওভারে রান আউট হয়েছেন অধিনায়ক ট্রেন্ট জন্সটন। এবং ঠিক তার পরের ওভারে কেভিন ও’ ব্রায়েনকে ফিরিয়ে ওয়ানডেতে ৪৫০তম উইকেটটা তুলে নিয়েছেন মুরালি। শেষ উইকেট জুটিতে র‌্যাংকিন ও ল্যাংফোর্ড স্মিথ মিলে ২৩ রান যোগ করলেও তা সর্বনিু রানের লজ্জা থেকে বাঁচাতে পারেনি আইরিশদের।

জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ’৯৬এর বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ওভারের শেষ বলে থারাঙ্গাকে (০) ফিরিয়েছেন র‌্যাংকিন। সাঙ্গাকারাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ রান করে ল্যাংফোর্ড স্মিথের বলে ক্যাচ দিয়েছেন ক্যারলকে। তবে ২৫ রানে দুই উইকেট হারানোর পর আর কোন ক্ষতি হতে দেননি জয়াসুরিয়া ও জয়াবর্ধনে। মাত্র ৬ দশমিক ৪ ওভারে ৫৬ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তারা। ২০ বলে ৩টি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ২৪ রানে অপরাজিত ছিলেন জয়াসুরিয়া। জয়াবর্ধনের ২৭ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসটা সাজানো ছিল ৬টি চার ও একটি ছক্কায়। দুর্দান্ত বল করে দলের জয় নিশ্চিত করার পুরস্কার হিসাবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাহরুফ।

আয়ারল্যান্ড: ২৭ দশমিক ৪ ওভারে ৭৭ (ব্রে ২০, পোর্টারফিল্ড ১৭, বোথা ০, মরগান ০, নিয়াল ও’ব্রায়েন ৪, কেভিন ও’ব্রায়েন ২, ক্যারল ০, জনস্টন ০, ম্যাককালান ০, ল্যাংফোর্ড স্মিথ ১৮, র‌্যাংকিন অপঃ ৭, ভাস ১/১৮, কুলাসেকারা ০/১০, মাহারুফ ৪/২৫, মুরালিধরন ৪/১৯)।

শ্রীলঙ্কা : ১০ ওভারে ৮১/২ (থারাঙ্গা ০, জয়াসুরিয়া অপঃ ২৪, সাঙ্গাকারা ১০, জয়াবর্ধনে অপঃ ৩৯; র‌্যাংকিন ১/৩৬, ল্যাংফোর্ড স্মিথ ১/২৯, বোথা ০/৪, কেভিন ও’ব্রায়েন ০/৪, ক্যারল ০/৮)।