অসময়ে ঝলসালো শচীনের ব্যাট
বিশ্বকাপে দলের প্রয়োজনে সাড়া দিতে পারেনি তার ব্যাট। তবে বিশ্বকাপের পর প্রথম দিন খেলতে নেমেই শচীন টেন্ডুলকার তুলেছেন রানের ঝড়।
৩২ বলে ৬৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে বুঝিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। অবশ্য তার ওই ইনিংস সত্ত্বেও আন্তঃরাজ্য টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে হেরে গেছে মুম্বাই। ১৫ রানে ম্যাচ জিতে নিয়েছে তামিল নাড়ু।
আগে ব্যাট করতে নামা দক্ষিনাঞ্চলের চ্যাম্পিয়ন তামিল নাড়ু অনিরুদ্ধ (৩৯ বলে ৪৯) এবং দেবেন্দ্রর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। জবাবে পশ্চিমাঞ্চলের চ্যাম্পিয়ন মুম্বাই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সাবেক ও বর্তমান মিলিয়ে ভারতীয় দলের আট ক্রিকেটারকে মাঠে নামানোর প্রভাব মোটেই ম্যাচের ফলে পড়েনি। একমাত্র ব্যতিক্রম ছিলেন শচীন। তার ১০ বাউন্ডারি ও দুই ছক্কার ইনিংসেই ৮ উইকেটে ১৫৭ রান তুলে হারের ব্যবধান কমাত পেরেছে মুম্বাই।
