২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি লাঞ্চের আগেই শেষ করে দিয়ে ব্রিজটাউনের বিখ্যাত বিচে সার্ফিং করতে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন আর অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। গ্রায়েম স্মিথ আর এবি ডিভিলিয়ার্সও কি তেমন কিছুরই কথা ভাবছিলেন? ইংল্যান্ডের বেঁধে দেওয়া ১৫৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে যেভাবে শুরু করেছিলেন তারা, তাতে সে রকম কিছুরই ইঙ্গিত ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 01:35 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মাত্র ৯ ওভার ৪ বলে ৮৫ রানের ওপেনিং জুটি গড়ার পর ডিভিলিয়ার্স ফিরে গেলেও স্মিথ চালিয়ে গেছেন তার আক্রমণ। মাত্র ৫৮ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে জয় নিয়েই ফিরেছেন তিনি। মাত্র ১৯ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা কোনো অঘটনের শিকার না হলে ২৫ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা হবে তাদের। তার আগের দিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর শ্রীলংকা।

ইংল্যান্ডের বোলারদের ওপর দিয়ে আক্ষরিক অর্থেই ঝড় বইয়ে দিয়েছেন স্মিথ। বিশেষ করে অ্যান্ড্রু ফ্লিন্টফের ওপর দিয়ে। প্রোটিয়াস অধিনায়কের মোট ১৩টি বাউন্ডারি, তার ৫টিই ফ্লিন্টফের বলে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ দিন অবশ্য গেছে সাজিদ মাহমুদের। দুই স্পেলের ৪ ওভার ২ বলে ৪৯ রান দিয়েছেন তিনি।

ভাগ্যও সাহসীদের পক্ষেই থাকে, নইলে ওই মাহমুদের বলেই আউট হতে পারতেন স্মিথ, ৭৪ রানে তার দেওয়া ক্যাচটা নিয়েছিলেনও উইকেটকিপার পল নিক্সন। কিন্তু বলটা ছিল নো বল। পরের বলেই দুর্দান্ত এক কভার ড্রাইভে বলকে সীমানার বাইরে পাঠিয়ে ‘জীবন’ পাওয়াটা উদযাপন করেছেন স্মিথ।

৩৫ বলে ৪২ রান করা ডিভিলিয়ার্সকে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য করে ইংল্যান্ডের পক্ষে একমাত্র সাফল্যটি পেয়েছেন ফ্লিন্টফ।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নের অর্ধেকটা অবশ্য মুছে গেছে সকালেই। মুছে দিয়েছেন অ্যান্ড্রু হল। টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে একাই কাঁপিয়ে দিয়েছেন এই মিডিয়াম পেসার। তিন ওভারের এক স্পেলে ৬ রানে চার উইকেটসহ ১০ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। সঙ্গে আন্দ্রে নেল আর শার্ল ল্যাঙ্গাফেল্টদের যোগ্য সহযোগিতায় ২ ওভার বাকি থাকতে ইংল্যান্ডের ইনিংস মাত্র ১৫৪ রানে শেষ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

৫৩ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে খানিকটা প্রতিরোধ গড়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস আর পল কলিংউড। তবে বিপজ্জনক হয়ে ওঠার মুখেই গ্রায়েম স্মিথের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ভেঙ্গেছে এই জুটি। পানি পানের বিরতির পর হঠাৎ করেই বোলিং পরিবর্তন করে জ্যাক ক্যালিসকে আক্রমণে এনেছেন তিনি, সঙ্গে একমাত্র স্লিপ হিসেবে নিজে দাঁড়িয়েছেন প্রায় দ্বিতীয় স্লিপের জায়গায়। ক্যালিসের চতুর্থ বলেই সেখানে ক্যাচ দিয়েছেন স্ট্রাউস (৪৬)।

হলের স্বপ্নের স্পেলটার শুরু এর পরের ওভারে। ৫ ওভারের প্রথম স্পেলটাও খারাপ করেননি, তবে ১০ রান দিয়ে কোনো উইকেট ছিল না তখন। দ্বিতীয় স্পেলের পঞ্চম বলেই কলিংউডকে (৩০) এলবিডব্লুর ফাঁদে ফেলে শুরু। পরের ওভারে আরো দুটি উইকেট পেয়েছেন তিনি। প্রথম বলটা ছিল ইয়র্কার, তাতে উড়ে গেছে অ্যান্ড্রু ফ্লিন্টফের (৫) মিডলস্টাম্প। আর শেষ বলে পল নিক্সন (১) ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে মার্ক বাউচারের হাতে।

তার অষ্টম ওভারের প্রথম বলটা যেন ছিল ঠিক আগের ওভারের প্রথম বলেরই রিপ্লে। এবার উড়েছে সাজিদ মাহমুদের (০) মিডল স্টাম্প। ৩ ওভারে ৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন হল, ওই ৬ রানে সব মিলিয়ে পাঁচ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

নবম উইকেটে রবি বোপারা আর মন্টি পানেসারের ২৩ রানের জুটি কিছুক্ষণের জন্য স্বস্তি দিচ্ছিল ইংল্যান্ডকে, তৃতীয় স্পেলে ফিরেই সেই স্বস্তি কেড়ে নিয়েছেন নেল। পানেসারকে (২) বাউচারের দ্বিতীয় শিকার বানিয়েছেন তিনি।

একপ্রান্তে বোপারা (অপ. ২৭) লড়ে গেলেও অন্যপ্রান্তে তাকে সঙ্গ দেওয়ার কেউ ছিলেন না। নিজের স্পেলের শেষ বলে জিমি অ্যান্ডারসনকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলে তাকে চূড়ান্তভাবে সঙ্গীহারা করেছেন হল।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও মোটেই আশাব্যঞ্জক হয়নি । এনটিনির জায়গায় নতুন বল হাতে পাওয়া শার্ল ল্যাঙ্গাফেল্ট আর শন পোলক মিলে দুঃসহ করে তুলেছেন ইংল্যান্ডের ওপেনারদের অবস্থানের সময়টুকু। আর ল্যাঙ্গাফেল্ট ইয়ান বেলকে ফিরিয়ে দেওয়ার পর প্রথম চেঞ্জে বল হাতে পেয়েই আন্দ্রে নেলের জোড়া আঘাত রীতিমতো ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইংলিশদের।

উইকেট না পেলেও শন পোলকই পথ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকান বোলারদের। ৬ ওভারের প্রথম স্পেলে মাত্র ৮ রান দিয়েছেন তিনি, প্রথম ৭ ওভারে তাই মাত্র ৯ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। এরপর প্রোটিয়াদের প্রথম সাফল্য এনে দিয়েছেন ল্যাঙ্গাফেল্ট, পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন বেল (৭)।

রানের খাতা খোলার আগেই ২০ বল নষ্ট করে ফেলা ভন অবশ্য দশম ওভারে দুটি দর্শনীয় বাউন্ডারি মেরে ইঙ্গিত দিয়েছিলেন খোলস ছেড়ে বেরোনোর, আর দ্বাদশ ওভারে সেই ল্যাঙ্গাফেল্টকেই প্রথম ছক্কাটি মেরেছেন অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু ইংল্যান্ডের সুসময়টা স্থায়ি হয়নি মোটেই।

হতে দেননি আন্দ্রে নেল। ত্রয়োদশ ওভারে বল হাতে পেয়ে দ্বিতীয় বলেই তিনি ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ককে। নেলের ইনসুইঙ্গার মাইকেল ভনের (১৭) পায়ে আঘাত হানার পর মিনিটখানেক ভেবে আঙুল তুলেছেন আম্পায়ার স্টিভ বাকনর।

এক ওভার বিরতি দিয়েই আবার আঘাত হেনেছেন নেল, এবার তার শিকার দারুণ ফর্মে থাকা কেভিন পিটারসেন। লেগস্টাম্প নিশানার বলে ফ্লিক করতে গিয়েছিলেন পিটারসেন (৩), কিন্তু বল উঠে গেছে মিডঅফে। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ সেটা তালুবন্দী করতে কোনো ভুল করেননি।

আরেক ওভার বিরতি দিয়ে তৃতীয় উইকেটটাও পেতে পারতেন এই ফাস্ট বোলার, কিন্তু পল কলিংউডের ব্যাট থেকে ওঠা ক্যাচ দ্বিতীয় স্লিপের মাথার ওপর দিয়ে চলে গেছে থার্ডম্যান সীমানার বাইরে। কলিংউডের স্কোর তখন সবে ৫।

কলিংউড আর স্ট্রাউস সেখান থেকেই ম্যাচে ফিরিয়েছিলেন ইংলিশদের।

ইংলিশরা আগের ম্যাচের দল নিয়ে নামলেও এই ম্যাচে দক্ষিণ আফ্রিকান দলে আছে দুটি পরিবর্তন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে রবিন পিটারসেনের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে জাস্টিন কেম্পকে, তবে বোলিংয়ে একটু ঝুঁকিই নিয়েছে তারা, মাখায়া এনটিনির জায়গায় ফিরেছেন এক ম্যাচ বিশ্রামে থাকা শার্ল ল্যাঙ্গাফেল্ট!

ইংল্যান্ড : ৪৮ ওভারে ১৫৪/১০ ( বেল ৭, ভন ১৭, স্ট্রস ৪৬, পিটারসন ৩, কলিংউড ৩০, ফ্লিনটফ ৫, বোপারা অপঃ ২৭, নিক্সন ১, মাহমুদ ০, পানেসার ২, অ্যান্ডারসন ০, অতিঃ ১৬, পোলক ০/১৭, ল্যাঙ্গেভেল্ট ১/৩৮, নেল ৩/৩৫, হল ৫/১৮, ক্যালিস ১/২২, কেম্প ০/১৬)।

দক্ষিণ আফ্রিকা : ১৯ দশমিক ২ ওভারে ১৫৭/১ (ডিভিলিয়ার্স ৪৫, স্মিথ অপ. ৮৯, ক্যালিস অপ. ১৭; অ্যান্ডারসন ০/৩২, মাহমুদ ০/৪৯, ফ্লিন্টফ ১/৩৬, পানেসার ০/২৪, কলিংউড ০/১২)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।

ম্যান অফ দি ম্যাচ : অ্যান্ড্রু হল।