দক্ষিণ আফ্রিকার প্রতিবাদ
খবরটা অবাক করেছিল সবাইকে। বিশ্বকাপে এক ম্যাচ হারার হতাশায় দল বেঁধে বার-এ গিয়ে মদ খেয়েছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা! মাতলামো করেছেন প্রকাশ্যে! এক ক্রিকেট ভক্তের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকার মিডিয়া এ খবর প্রচার করার সঙ্গে সঙ্গেই এসেছে প্রতিবাদ।
নিউজিল্যান্ডের সঙ্গে ৫ উইকেটে হারার পর বার-এ গিয়ে কয়েকজন খেলোয়াড় মদ খেয়েছেন-এই খবর অস্বীকার করেননি টিম ম্যানেজার গুলাম রাজাহ, তার আপত্তি শুধু মাতলামো করার ব্যাপারটিতে, “ কয়েকজন ছেলে ম্যাচ শেষে কিছু মদ পান করেছিল। ব্যাস। এ তো কোনো বড় ঘটনা নয়।”
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথও মনে করেন, গত মঙ্গলবার বার্বাডোজে কেউ কেউ সামান্য মদ পান করলেও যেহেতু শৃঙ্খলাভঙ্গ বা বা অপ্রীতিকর কিছু ঘটেনি তাই এ নিয়ে বেশি হৈ-চৈ বেশি না করাই ভালো, “ কয়েকজন সামান্য পান করেছিল, তা ঠিক, তবে ‘ভয়ঙ্করভাবে মাতাল’ বলতে আসলে কি বোঝানো হয়েছে তা জানি না। বিশ্বকাপে আমাদের যেসব জায়গায় থাকতে হচ্ছে, তাতে আমার তো মনে হয়, এ আসরে আমরাই সবচেয়ে শান্ত দল।”
দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছে সেন্ট কিটসে। ওখান থেকে গায়ানা, গ্রেনাডা হয়ে এখন বার্বাডোজে ঘাঁটি গেড়েছে গ্রায়েম স্মিথের দল।
