২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ‘কোয়ার্টার ফাইনাল’

বছর পনের আগের কথা। ’৯২ বিশ্বকাপের সেমিফাইনালে সেদিন মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৪৫ ওভারে পরিণত হওয়া ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৫২ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 09:39 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দক্ষিণ আফ্রিকার জবাবটাও ভালোই হচ্ছিল। কিন্তু প্রোটিয়াদের ইনিংসে শেষ দিকে বৃষ্টি এসে গোলমাল করে দিলো সব কিছু। সেই টুর্নামেন্টে অদ্ভূত বৃষ্টি আইনের ফাঁদে পড়ে এক সময় তাদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ালো এক বলে ২২ রানের! ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই যা আজও এক ‘হাস্যকর’ ঘটনার উদাহরণ। মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া সুপার এইটের ম্যাচটা তাই একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার জন্য অগ্নিপরীক্ষা এবং সেদিনের হতাশা ভোলারও মিশনও।

সেদিনের পর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অবশ্য দু বার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে এবং সেই দুই ম্যাচেই প্রোটিয়ারা জিতেছে বড় ব্যবধানে। তবু ক্রিকেটের সেরা আসরে এই দুই দলের লড়াই মানেই যেন ’৯২-এর ২২ মার্চের কাছে ফিরে যাওয়া!

সেদিনের স্মৃতিকে পেছনে রেখে এবারের বিশ্বকাপের দিকে তাকালে দক্ষিণ আফ্রিকানদের পক্ষে অবশ্য উজ্জীবিত হওয়া কঠিন। অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার এইটে ওঠা গ্রায়েম স্মিথের দলের গত দু সপ্তাহ কেটেছে অম্ল-মধুর অভিজ্ঞতায়। লাসিথ মালিঙ্গার চার বলে চার উইকেটের তোপ সামলে শ্রীলঙ্কার বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয়ের পাশাপাশি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সহজেই। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে বলতে গেলে পাত্তাই পায়নি।

ইংল্যান্ডের দিনকালও তেমন ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়াকে হারিয়ে কমনওয়েলথ ব্যাংক সিরিজ জয় করা ইংলিশরা সুপার এইটে উঠেছে কোনো পয়েন্ট ছাড়াই। এবং বিশ্বকাপের সেরা আট দলের লড়াইয়েও তাদের পারফরম্যান্স একেবারে সাদামাটা। শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করে দুই রানে হারলেও অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি, সেই ম্যাচ হেরেছে ৭ উইকেটে। বাকি দুই ম্যাচের একটিতে বাংলাদেশকে হারিয়েছে অতি কষ্টে। আয়ারল্যান্ডও ভালোই লড়াই করেছে তাদের সঙ্গে।

মঙ্গলবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটার আগে দক্ষিণ আফ্রিকা অবশ্য দুই পয়েন্টে এগিয়ে আছে মাইকেল ভনের দলের চেয়ে। তবে এটাই শেষ ম্যাচ বলে হেরে গেলে প্রোটিয়াদের সেমিফাইনালে ওঠার আশা শেষই হয়ে যাবে বলা যায়। আর জিতলে সব হিসাব নিকাশ শেষ করে দিয়ে তারা পৌঁছে যাবে শেষ চারে। অন্যদিকে এই ম্যাচে জিতে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে ইংল্যান্ডকে নেট রানরেটের হিসাবে বসতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

এই সব সমীকরণ ছাড়াও এক জনের দিকে চোখ রাখতেই হবে মঙ্গলবারের ম্যাচটাতে। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠার জন্যই কেভিন পিটারসেনের কাছে এই ম্যাচটা একটু অন্য রকম হতে বাধ্য। ‘কোটা’ পদ্ধতির কারণে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে সুযোগ না পেয়ে পিটারসেন ২০০০ সালে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। অনেকটা পথ পেরিয়ে তিনি এখন ইংলিশদের অন্যতম ব্যাটিং ভরসাই শুধু নন, এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও তারই দখলে। এবং তার বহু যন্ত্রণার উৎস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা ‘প্রতিশোধ’ও নিয়ে ফেলেছেন ভালো মতোই। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে তিনটি সেঞ্চুরি এসেছিল পিটারসেনের ব্যাট থেকে। সেই সফরে অবশ্য দক্ষিণ আফ্রিকার মানুষ নানাভাবে ব্যাঙ্গ আর উত্যক্ত করেছিল তাকে। গ্রায়েম স্মিথের সঙ্গে তার ঝামেলাও বেশ আলোচিত। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের সঙ্গে গন্ডগোলকে এখন ‘অতীত’ বলেই রায় দিচ্ছেন পিটারসেন, “এটা এখন শেষ হয়ে যাওয়া এক অধ্যায়। মঙ্গলবারের ম্যাচটা তো শুধু আমার আর গ্রায়েম স্মিথের মধ্যে হবে না। তখন আমাদের মধ্যে যা হয়েছিল সেটা এখন অতীত। এখন আমরা যথেষ্ট পরিণত।”

কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটাতে হার্শেল গিবসকে না-ও পেতে পারে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের পেশিতে টান পড়লেও ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছেন গিবস। তবে সেই চোট এখনো পুরোপুরি সারেনি। সেজন্যই ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে তাকে নিয়ে সংশয়ে থাকতে হচ্ছে প্রোটিয়াদের। জ্বর থেকে সদ্য সেরে ওঠা অ্যান্ড্রু ফ্লিনটফকে নিয়ে অবশ্য তেমন অস্বস্তিতে নেই ইংলিশরা। এই ম্যাচে ‘ফ্রেডি’র খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।