অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে শ্রীলংকা
এবারের বিশ্বকাপ জয়ের প্রশ্নে সবচেয়ে ফেভারিট দল কোনটি? বেশিরভাগ জবাবই আসবে অস্ট্রেলিয়ার পক্ষে। এই বিশ্বকাপে শুধু নয় ১৯৯৯ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত টানা ১৯ ম্যাচে অপরাজিত তারা। তবু ভীত নয় ১৯৯৬-এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সোমবার অস্ট্রেলিয়াকে টেনে মাটিতে নামানোর হুমকি দিয়েছে তারা।
এই ম্যাচের দিকে অনেকেই তাকিয়ে। কিন্তু বাস্তবতা হলো, দুটি দলই সেমিফাইনালে উঠে যাওয়ায় দুদলের কাছে এটি একরকম ফাইনালের ড্রেস রিহার্সেল। আয়ারল্যান্ডের সঙ্গে আগের ম্যাচ জিতে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এরপর শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ডও উঠেছে শেষ চারে। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও সেমিফাইনাল। কারণ, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলই পারবে লঙ্কানদের ৮ পয়েন্ট ছুঁতে। বাকি দলগুলোর কোনো সম্ভাবনাই নেই।
তবু এই ম্যাচে জয় চাই শ্রীলঙ্কার। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের সাহসী উচ্চারণ, ‘‘তাদের (অস্ট্রেলিয়া) বিপক্ষে আমাদের রেকর্ড অনেক ভালো। কেন? আমরা আসলে আমাদের নিজস্ব ক্রিকেট খেলি। তাই আমরা কাউকে ভয় পাই না।’’
সেই নিজস্ব ক্রিকেট খেলতে তারা সম্ভবত নামছে স্পিডস্টার লাসিথ মালিঙ্গাকে ছাড়াই। অ্যাঙ্কেলের ইনজুরিটা ভোগাচ্ছে তাকে। শনিবার মিনিট ১৫ বোলিং করার পর খোড়াতে খোড়াতে নেট ছেড়েছেন। তবে অনেকের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আগে খেলেননি বলে সম্ভাব্য ফাইনালের জন্য হয়তো মালিঙ্গাকে লুকিয়ে রাখছে শ্রীলঙ্কা। জয়াবর্ধনে এই প্রসঙ্গে অবশ্য অনেকটাই দার্শনিক, ‘‘এটা একটা দিক যা ভাবতেই পারেন। কিন্তু আরো অনেকগুলো দিক আছে ভাবার।’’
এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম টার্গেট থাকছেন ওপেনার সনাৎ জয়াসুরিয়া। এ কথা গ্লেন ম্যাকগ্রা আগেই ঘোষণা করেছেন। আর রিকি পন্টিংয়ের চোখে এখন শুধুই ফাইনালের স্বপ্ন। ১৯৯৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হারার পরও বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ওই হারের পর থেকে বিশ্বকাপে অপরাজিত অস্ট্রেলিয়া। এখন শ্রীলঙ্কার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রিকি পন্টিংয়ের কথা, ‘‘শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড খুব ভালোভাবেই এগুচ্ছে। তাদের চ্যালেঞ্জ নিতে তৈরি আমরা। আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচদুটিও খুব বড়। এখান থেকেই বুঝতে পারবো, আমাদের সত্যিকারের অবস্থাটা কি। প্রত্যেক সুযোগেই আমরা নিজেদের পরখ করে নিতে চাই। তাছাড়া এমন বড় ম্যাচে আমাদের দারুণ লাগে।’’
গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারও এগুচ্ছে চ্যাম্পিয়নের মতো। কিন্তু মিডল অর্ডার নিয়ে রিকি পন্টিংয়ের দুশ্চিন্তা একটু থাকছেই। কারণ, মাইকেল হাসি, অ্যান্ড্রু সাইমন্ডসরা এখনো সেভাবে ব্যাট করার সুযোগই পায়নি। ৪০০ রান করে ফেলা ওপেনার ম্যাথু হেইডেনের পাশে রানে আছেন অন্য ওপেনার অ্যাডাম গিলক্রিস্টও। এ আসরে চারশ’র কাছাকাছি রান রিকি পন্টিংয়েরও। ভালো খেলছেন মাইকেল ক্লার্ক। টপ-অর্ডারের এই ক’জন প্রয়োজনানুযায়ী পারফর্ম করায় পরের ব্যাটসম্যানরা নিজেদের তৈরি করে নেয়ার সুযোগ একেবারেই পাননি।
আর এই সুযোগটাই নিতে চায় শ্রীলঙ্কা। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার শুরুটা দারুণ হচ্ছে বলে তাদের মিডল অর্ডার এখনো তেমন চাপের মুখে পড়েনি। সুতরাং, ওই জায়গাটা আমাদের লক্ষ্যে থাকবে।’’
ম্যাকগ্রা ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। মালিঙ্গা ও মুরালিধরন ১৫টি করে উইকেট নিয়ে আছেন তার ঠিক পেছনেই। জয়াবর্ধনের একটি তাশ মালিঙ্গা না থাকলেও অভিজ্ঞ চামিন্দা ভাসের ওপর তার অনেক নির্ভরতা। দিলহারা ফার্নান্দো ভালো করছেন, আছেন ফারভিজ মাহরুফও। এর সঙ্গে যোগ হচ্ছে জয়াসুরিয়ার বোলিং। বাড়তি পাওনা তিরকরত্নে দিলশানের অফস্পিন। বোলিং বিভাগ নিয়ে তাই চিন্তা নেই জয়াবর্ধনের। তার ওপর গ্রেনাডার উইকেট স্লো হবে বলে সেখানে শ্রীলংকান স্পিনাররা বাড়তি সুবিধে পেতে পারেন-এমন একটা দুশ্চিন্তা খোদ গ্লেন ম্যাকগ্রাকেও স্পর্শ করেছে। সুতরাং জয়াবর্ধনের দলে আত্মবিশ্বাসের অন্তত ঘাটতি থাকবে না এ কথা হলফ করেই বলে দেয়া যায়।
লঙ্কান দৃষ্টিকোণ থেকে দেখলে, চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে বড় ভালো অবস্থায় তারা। কিন্তু তারা কি পারবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টানা ২০ ম্যাচ জয়ের সম্ভাবনাকে মাটিতে মিশিয়ে দিতে? এ বড় কঠিন প্রশ্ন, তাই না?
