২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার ও যুবরাজের জবাবে সন্তুষ্ট ভারতীয় বোর্ড

শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংয়ের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, কারণ দর্শানো নোটিশের জবাবে যে ব্যাখ্যা ওই দুই ব্যাটসম্যান দিয়েছেন, তাতে বিসিসিআই কর্তৃপক্ষ সন্তুষ্ট। বিদায়ী কোচ গ্রেগ চ্যাপেল প্রসঙ্গে মিডিয়ায় খোলাখুলি কথা বলে কারণ দর্শানোর নোটিশ পেয়েছিলেন টেন্ডুলকার ও যুবরাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজিব শুক্লা বলেছেন, ‘‘তাদের ( টেন্ডুলকার, যুবরাজ) পাঠানো চিঠি আমরা পড়ে দেখলাম। তারা যে ব্যাখ্যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’’ অবশ্য বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, টেন্ডুলকারকে নাকি আদৌ কোনো কারণ দর্শানো নোটিশ পাঠানোই হয়নি। তার কাছ থেকে আসলে তার মন্তব্যের ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

ঘটনা এ মাসের শুরুর দিকের। ৭ এপ্রিল বিসিসিআই বিশ্বকাপ ব্যর্থতার কারণ খোঁজার বৈঠকে বসার আগে মিডিয়ায় চলে এসেছিল কোচ গ্রেগ চ্যাপেলের রিপোর্ট, যেটি চ্যাপেলের জমা দেওয়ার কথা ছিল বিসিসিআইয়ের কাছে। সেই রিপোর্টে টেন্ডুলকারসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের মানসিকতা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতের অস্ট্রেলিয়ান কোচ।

সেই রিপোর্ট শেষ পর্যন্ত বিসিসিআইকে দেওয়া হয়েছে কি না, তা রহস্যে ঢাকা। তবে মিডিয়ায় নিজের মানসিকতার ব্যাপারে প্রশ্ন উঠেছে জেনে ক্ষুব্ধ হয়ে টেন্ডুলকার একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার সবকিছু গত ১৭ বছর ধরে ক্রিকেটের জন্য নিবেদিত। এখন পর্যন্ত কোনো কোচ বিদায়ের সময়ও বলতে পারেননি, আমার মানসিকতা ঠিক না। ক্রিকেটই আমার জীবন, সামনেও তাই থাকবে।’’

টেন্ডুলকার ৪ এপ্রিল এই কথা বলার দুদিন পর একটি টিভি চ্যানেলে মুখ খুলেছিলেন যুবরাজ। তিনি বলেছিলেন, খেলোয়াড়দের সবাই টেন্ডুলকারকে সমর্থন করেন। দুজনের এই মন্তব্য কেন বোর্ডের আচরণবিধি ভঙ্গ বলে বিবেচিত হবে না, এই মর্মে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে দেয় বোর্ড। কয়েকদিনের মধ্যে জবাবও পেয়ে যায়।