২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ ক্রিকেটে জোয়েল গার্নারের সঙ্গে

সাগর থেকে তিমি মাছ উঠে এলো নাকি! আবার মনে হলো, জলহস্তী যেন। সাগর ক্রিকেটে এত প্রাণ আর এত উচ্ছাস দেখে তারও শখ হয়েছে একটু অংশ নেয়ার। তাই...

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:03 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পানিতে বাস করা যত প্রাণী আছে তার সবটাই উদাহরণ হয়ে উঠে এলো, কিন্তু কোনোটাই যেন জোয়েল গার্নারকে আখ্যায়িত করার জন্য যুৎসই নয়। ক্যারিবিয়ানরা অবশ্য পানি বা সাগর নয়, আকাশের সঙ্গে তার কেমন যেন একটা সম্পর্ক আবিষ্কার করেছেন। তাই নাম বিগ বার্ড বা বড় পাখি। তা এত বড় পাখি যে তার শরীর নিয়ে নানান কৌতুক প্রচলিত আছে। কিছু কিছু শ্লীলতার সীমা ছাড়ায় বলে উল্লেখ করছি না। সীমানার মধ্যে থাকা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পা-দুটো। এত বড় যে তার জন্য জুতা নাকি অর্ডার দিয়ে বানানো হয়। সাগরের কিনারা, বালুর রাজ্য, কাজেই জুতার বদলে একটা স্যান্ডেল পরে এসেছিলেন, সেটাও মাঝে-মধ্যে খুলে রেখে খালি পায়ে হাঁটাহাঁটি করলেন। তা তখন পা-টা দেখে মনে হলো, সত্যিই, দেখার মতো একটা জিনিস বটে। আমাদের সাধারণ মাপের তিনটা পা একসঙ্গে করলে যে যোগফল দাঁড়াবে তাই গার্নারের একটা পায়ের পাতার তুল্য। যে শর্টস আর হাফ হাতা শার্ট পরে এসেছিলেন সেটাও বিশেষ দর্জির কাছে বানানো হওয়ারই কথা। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার, সমানুপাতিক সুঠাম শরীরের জোয়েল গার্নারের শারীরিক বিশালত্বকে এত কাছে থেকে অনুভবটাই মনে হচ্ছে এই বিচ ক্রিকেট উৎসবের সবচেয়ে বড় পাওয়া।

স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটি এবং পর্যটন কর্পোরেশন বিশ্বকাপ উপলক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বিশ্বকাপ তো একবারের ব্যাপার মাত্র, কিন্তু পর্যটন চিরদিনের। তা একে উপলক্ষ করে পর্যটন সম্ভাবনাটা দেখিয়ে দিলে ভবিষ্যত বানিজ্যের জন্য সেটা বিরাট বিনিয়োগ। তেমন বিনিয়োগ হিসাবেই সফরকারী সাংবাদিকদের সঙ্গে বার্বাডোজ কিংবদন্তীদের বিচ ক্রিকেট ম্যাচের আয়োজন। বার্বাডিয়ানদের জাতিগত পরিচয় ‘বাজান’, তাদের দলটার নাম ‘বাজান লিজেন্ডস’। আর মিডিয়া দলটির নাম মিডিয়া মুঘল। তাদের মধ্যে ম্যাচ হলো বটে, তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজের আদি ক্রিকেট যেভাবে হতো সেই ক্রিকেট খেলতে হলো সবাইকে।

সেখানকার নিয়ম আমাদের শৈশবের পাড়া-মহল্লার নিয়মের মতোই অদ্ভুত। যত ইচ্ছা খেলোয়াড় খেলতে পারবে, বোল্ড করলে বোলার এরপর ব্যাট করবে, আর ক্যাচ হলে যে ক্যাচ ধরবে সে-ই ব্যাট করবে এরপর। আর বল যে ফিল্ডারের কাছে যাবে, পরের বলটা করার অধিকার তারই। কিন্তু এরপর যে ম্যাচ হওয়ার কথা, তাতে কিংবদন্তীরা ফাঁকি দিলেন রীতিমতো। সাড়ে ৪ টায় তাদের একটা নৌ-বিহার আছে, কাজেই কারোই সময় নেই। সময় হলো শুধু একজনের। জোয়েল গার্নার। দুপুরের দিকে এই সাদা-মাটা বেশ নিয়ে ৭০-৮০র দশকের দুনিয়া কাঁপানো ফাস্ট বোলারটি হাজির।

ইংলিশ এক ক্রিকেট লেখক একবার লিখেছিলেন,“জোয়েল গার্নারের ইয়র্কারে ব্যাটসম্যানের বোল্ড হলেও একটা সান্ত¡না থাকতো; তবু তো পা-টা রক্ষা পেয়েছে।” সেই বিস্ফোরক অবশ্য এই ৫৪ বছর বয়সে আশা করা যায় না, এবং বিচ ক্রিকেটের মেজাজেও বিস্ফোরনের চেয়ে উৎসবই আগে। পীড়াপীড়িতে ম্যাচের প্রথম ওভারটা করতে হলো তাকে। টেনিস বলে জায়গায় দঁড়িয়ে ছয়টা বল, তার মধ্যে শেষটায় আবার ব্যাটসম্যান ছক্কাও মেরে দিলেন। ইয়র্কার দেখা গেলো না বটে, কিন্তু গার্নার বল হাতে নিলে যুগ-যুগান্তরের ব্যাটসম্যানবিনাশী বিষাক্ত সব ইয়র্কার স্মৃতি থেকে মাথা তুলবেই।

সর্বকালের সেরা ইয়র্কার বোলার তিনি, তারপর কে? প্রশ্নে জোয়েল গার্নার বলছেন,“আমি এখন আর খুব একটা খেলা দেখি না। তাই বলতে পারছি না।” ক্রিকেট ঠিক না দেখলেও খেলার সঙ্গেই আছেন। বার্বাডোজ ক্রীড়া মন্ত্রনালয়ের চাকুরে তিনি। জানালেন, শুধু ক্রিকেটই নয়, এখানকার ফুটবল-হকি-বাস্কেটবল সব খেলা নিয়ে কাজ করতে হয় তাকে। মাঝখানে কিছুদিন নির্বাচক ছিলেন। বছর পাঁচেক আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ঘুরে গেছেন। তখনকার সেই বাংলাদেশের চেয়ে এই বাংলাদেশ অনেক পরিণত, অনেক শক্তিশালী সে বিষয়ে আর সবার মতো গার্নারও একমত। আর বাংলাদেশের পেস বোলাররা? কেমন দেখলেন তাদের? সৈকতে গেলে বেশিরভাগ মানুষ নিজেকে ভুলে যায়, সমুদ্রের অনন্ত আহ্বানের কাছে পার্থিব হিসাব-নিকাশ বড় অকারণ মনে হয়, গার্নারও খুব মেজাজে ছিলেন, কিন্তু এই প্রশ্নে যেন ভেতরের জমে থাকা ক্ষোভটা উপচে বেরিয়ে এলো, “ম্যান। নাও। ইটস এ ব্যাটসম্যানস গেম। নাথিং ফর বোলারস। নাথিং ফর ফাস্ট বোলারস।”

বোঝা গেল ফাস্ট বোলিং নিয়ন্ত্রক যেসব আইন হচ্ছে, বোলারদের ধারাবাহিকভাবে চাপতে থাকা বিধি-নিষেধের জ্বালা আজ এত দূরে থেকেও টের পান তিনি। এক ভারতীয় সাংবাদিক বারবার মনে করছিলেন, ৮৩ বিশ্বকাপ ফাইনালে তার প্রতিটি বলে গাভাস্কার কেমন দিশেহারা হয়েছিলেন! একজন টেন্ডুলকার সম্পর্কে তার মন্তব্য চাইছিলেন। মন দিয়ে শুনে বললেন,“তুমি আসলে আমাকে দিয়ে কী বলাতে চাও?” শুনতে শুনতে মনে হচ্ছিল, টেন্ডুলকার-গাভাস্কারদের উচ্চতা না থাক শারীরিক কাঠামোটা যথেষ্টই শক্তপোক্ত। কিন্তু আমাদের আশরাফুল! আশরাফুলের বিপক্ষে গার্নার বল করলে জনাথন সুইফটের গালিভার-লিলিপুট কল্পনার সব বেড়া ডিঙ্গিয়ে ক্রিকেট বাউন্ডারির ভেতর চলে আসতো।

এসেই বারবার ঘড়ি দেখছিলেন। বার্বাডোজের ট্রাফিক জ্যাম নিয়ে অস্বস্তি আর উদ্বেগ; নৌ-বিহারে সময়মতো পৌঁছতে পারবেন তো! কথার মাঝখানেই তাই বেরিয়ে গেলেন। সৈকতের পাশে জঙ্গল রীতিমতো, তার ভেতর দিয়ে এক বিকল্প পথে ধীরে ধীরে বিশাল শরীরটা অদৃশ্য।

বালুতে পায়ের ছাপটা খেয়াল করছিলাম। না। কোনো মানুষ হেঁটে যায়নি। তিমি বা জলহস্তীই হবে হয়তো!