বাংলাদেশের জন্য অন্যরকম ম্যাচ
বাংলাদেশ ১-২ ব্যবধানে হেরে আছে। আয়ারল্যান্ডের সঙ্গে পরিসংখ্যানে নয়, নিজেদের সঙ্গে নিজেদের একটা লড়াইয়ে।
বিশ্বকাপে ফেভারিট হিসাবে বাংলাদেশ ম্যাচ খেলেছে তিনটি। ’৯৯-তে প্রথমবার ঘাম ঝরিয়ে হলেও স্কটল্যান্ডকে হারিয়েছিল। পরের বার, মানে গত বিশ্বকাপে বাংলাদেশ ফেভারটি হিসাবে শুরু করেছিল দুটো ম্যাচে। প্রথমটা কানাডা। তাতে অবিশ্বাস্য হার। সেবার যা যা হচ্ছিল তাতে কেনিয়ার সঙ্গে ম্যাচের আগেই অবশ্য ফেভারিটের লেবাসটা খসে পড়েছিল। তবু বাংলাদেশ টেস্ট খেলে, কেনিয়া খেলে না। বাংলাদেশ নিয়মিত বড় দলগুলোর সঙ্গে খেলে, কেনিয়া তাতে অনিয়মিত। অংকের হিসাবে বাংলাদেশ ফেভারিট। এবং মাঠের ক্রিকেটে বাংলাদেশ পরাজিত। যোগ-বিয়োগে যা দাঁড়াচ্ছে, বাংলাদেশ আসলে বিশ্বকাপে ফেভারিট হিসাবে বিশেষ সুবিধার দল নয়।
বাংলাদেশ দলের সঙ্গে গত অনেকগুলো বছরের অভিজ্ঞতায় ছোট দলগুলোর কিছু মর্মযাতনার কথা জানি। ম্যাচের আগের দিন অধিনায়ককে বলে আসতে হয়,“আমরা জেতার জন্য খেলব।” কিন্তু হাঁড়ির খবরটা অন্যরকম। মনে এক কথা রেখে মুখে অন্য কথা বলার কঠিন কাজটি বাংলাদেশের অধিনায়কদের বহুদিন করতে হয়েছে। এতদিন পর বিশ্বকাপে এসে হাবিবুল বাশার স্বীকার করছেন। একদিন কথায় কথায় বলে ফেললেন,“আগে কথাগুলো মুখে বলতাম। এখন মন থেকেই বলি।”
কিন্তু এতদিন আমরা এই অভিজ্ঞতাটা কাছ থেকে দেখিনি। দেখিনি বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে বিপক্ষ দলগুলোর সমস্যার দিকটাও। এখন আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ দলকে দেখে বোঝা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে ম্যাচগুলোতে আমরা খেয়াল করিনি, কিন্তু বিপক্ষ দলগুলোর সমস্যা কিছু ছিলই। ম্যাচটা জিতলে কিছুই না, সবাই বলবে, “জেতার কথা জিতেছো, এতে আবার লাফালাফির কী আছে।” কিন্তু হেরে গেলেই মহাভারত অশুদ্ধ। উল্টো দিকের জায়গাটায় দাঁড়িয়ে থাকতে কেমন লাগছে? বাংলাদেশ দল এখন মাঠের বাইরেও বেশ কিছু হোমওয়ার্ক করে। তা থেকে এই ম্যাচের আগে পুরো দলে চাপমুক্ত থাকার ট্যাবলেট এমন সরবরাহ করা হয়েছে যে ফেভারিট শব্দটাই যেন কেউ আগে কখনো শুনেননি। যার সঙ্গে কথা হচ্ছে তিনিই বলছেন,“ফেভারিট-টেভারিট আবার কী! আমরা জেতার জন্য খেলব। সব দলের সঙ্গে এখন জেতার জন্যই খেলি।” কারো মুখ থেকেই বাড়তি কোনো অনুভুতি বের করা গেলো না। টেপ রেকর্ডারের মতো একই সুর। একই আওয়াজ।
হাবিবুল বাশার অধিনায়ক হলেন আর আলাদীনের চেরাগের ছোয়ায় যেন সব পাল্টে গেল। প্রথম সিরিজেই পাঁচ বছর পর প্রথম ওয়ানডে জয়, তারপর কিছুটা ঘটনাচক্র, কিছুটা ভাগ্য এবং বাকিটা কৃতিত্ব মিলিয়ে অধিনায়ক হাবিবুল জয়ের স্বাদটাই জেনেছেন বেশি করে। জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড ইত্যাদি দলের সঙ্গে একের পর এক সিরিজ, তার প্রতিটিতেই বাংলাদেশ ফেভারিট, অধিনায়ক হিসাবে বিষয়টা তার জন্য নতুন নয়। কিন্তু বিশ্বকাপে! বারমুডার সঙ্গে ম্যাচ ছিল, কিন্তু সেটা এমন জীবন-মরন ম্যাচ যে এসব নিয়ে ভাবার সুযোগ ছিল না। এই ম্যাচটাতে ভাবার সুযোগ হচ্ছে। দুটো ম্যাচ টানা ভালো খেলায় একটা স্বস্তির হাওয়া চতুর্দিকে, প্র্যাকটিসে বিরতি ছিল, ব্রিজটাউন ভ্রমনেরও ফুরসত মিলেছে খেলোয়াড়দের। সবমিলিয়ে বিশ্বকােেপর মতো জায়গায় এসে বাংলাদেশের দিকে স্পটলাইট, তাদের কাছে জয়ের দাবি, বিষয়টা তো নতুনই!
হাবিবুল পুরো ঘটনাপ্রবাহ বিশ্লে¬ষন করে তবেই খানিকটা একমত হচ্ছেন,“সেদিক থেকে দেখলে, হ্যাঁ, এটা আমাদের জন্য একটু অন্যরকম ম্যাচ। খেলা শুরুর আগের হিসাবে আমরা এগিয়ে। আমরা নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলি, ওরা খেলে না। আর এই বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সের কারণে সবাই চায় আমরা ভালো করি। অবশ্যই সেটা ভালো অভিজ্ঞতা। খেলায় শেষপর্যন্ত জয়টাই আসল ব্যাপার। জেতা, জেতার সম্ভাবনার কথা শুনতে তো অবশ্যই ভালো লাগে।”
ঠিক, শেষ পর্যন্ত জয়ের জন্যই খেলতে নামা। জয়ীদের বের করতেই না প্রতিযোগিতা! জেতার সম্ভাবনার বৃত্তে দোল খেতে এতদিন অন্যদেরই দেখে এসেছে বাংলাদেশ। তাদের কাজটা ছিল শুধু দোলনাটা দোলানো। এবার বাংলাদেশ দোল খাচ্ছে।
আর দেখছি বিশ্বকাপে বাংলাদেশের সেই দোলনাটা দোলানোর লোকের অভাব নেই।
