২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের তৃপ্তির হাসি, জনস্টনের মুখে বাংলাদেশকে হারানোর প্রত্যয়

অস্ট্রেলিয়া দলটা যে কত নির্মম তা দেখা গেল শুক্রবার। এই বিশ্বকাপের চমক আইরিশদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এখন সুখের হাসি হাসছে তারা। অধিনায়ক রিকি পন্টিং যখন সব পরিকল্পনার সফল বাস্তবায়নের গল্প বলছেন, আয়ারল্যান্ড দলে তখন আত্মবিশ্বাসের অভাব। এর মধ্যেও আইরিশরা হুমকি দিয়ে যাচ্ছে, রোববারের ম্যাচে বাংলাদেশকে হারানোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 07:51 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আয়ারল্যান্ডের বিপক্ষের এই জয়ে সবার আগে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। উঠেছে খুব দাপটের সঙ্গেই। টসে জিতে পন্টিং ফিল্ডিং বেছে নিলে গ্লেন ম্যাকগ্রা, শন টেইটরা একরকম চোখের পলকে আইরিশদের সবকিছু শেষ করে দিয়েছেন। আয়ারল্যান্ডের দেওয়া ৯১ রানের টার্গেট ১ উইকেট হারিয়ে মাত্র ১৩ ওভারের মধ্যেই ছুঁয়ে ফেলে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া।

ম্যাচশেষে পন্টিং জানালেন তার পরিকল্পনাও ছিল এরকম, ‘‘সম্ভব হলে এই ম্যাচে রান রেটটা বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। ম্যাচের নিয়ন্ত্রন হাতে তুলে নিতে সবচেয়ে ভালো উপায় ছিল আগে বোলিং করা এবং প্রতিপক্ষকে দ্রুত অলআউট করে সেই রান ঝটপট তুলে ফেলা।’’ মনের মধ্যে এই কথাগুলো পুষে রেখেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক, ‘‘সকালেও এটা ছিল আমার মনে। কিন্তু দলের খেলোয়াড়দের বিষয়টি বলিনি। কারণ, প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে মাঠে নামতে চাইনি-বোলিং বেছে নেওয়ার কারণটা তো বললামই।’’

তবে পাকিস্তানের বিশ্বকাপ শেষ করে দেওয়া আয়ারল্যান্ড দলকে এত সহজে হারানোর কথা ম্যাচের আগে ভাবতে পারেননি খোদ পন্টিং। তার ভাষায়, ‘‘আগেও বলেছি, সাইমন্ডস ও হাসিকে একটু লম্বা সময় উইকেটে দেখতে চাই। কিন্তু আমরা নিজেরাও ভাবতে পারিনি তাদের মাত্র ৯০ রানে অলআউট করে দিতে পারবো। ভেবেছিলাম, ওরা হয়তো ১৫০ বা ওরকম স্কোর করবে। তাতে ওদের উইকেটে থাকার সম্ভাবনা বাড়তো। তবে আসল কথা হলো, সবকিছু সঠিক পথে চলছে আর আমরা দারুণ খেলছি।’’

পন্টিংয়ের মতে, আইরিশদের এমন ভরাডুবির পেছনে কাজ করেছে একরকম রোমাঞ্চ। বছরের পর বছর যাদের খেলা টেলিভিশনে দেখে এসেছে, তাদের মুখোমুখি হওয়ার পর গুলিয়ে গেছে সব। সব গুলিয়ে গেলেও, প্রতিপক্ষ বাজে খেললেও পন্টিং আয়ারল্যান্ডের পক্ষ নিয়েছেন, “এ পর্যন্ত আসতে যা কিছু করার দরকার তা তারা করেছে। কোনো কোনো দলের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। ভারত বা পাকিস্তান থাকলে লড়াইটা একটু বেশি হতে পারতো। কিন্তু সুযোগ পেয়েও তা তারা কাজে লাগাতে পারেনি।’’

আয়ারল্যান্ডের কোচ অ্যাড্রিয়ান বিরেল এমন বাজে হারের পর অনেকটা হতাশ। তার মনে হচ্ছে দলের মনোবলে এ পরাজয় ‘কিছুটা প্রভাব’ ফেলেছে। আগের ম্যাচগুলোর উদাহরণ টেনে বিরেলের মন্তব্য, ‘‘এ ম্যাচের আগে যেসব দলের সঙ্গে খেলেছি সেগুলোতে ভালোই করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ প্রসঙ্গেও তা বলতে পারি। তবে এই ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর।’’

কিন্তু আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টনের মনোবল হারালে চলছে না। পাকিস্তানকে হারিয়েছে তার দল, লড়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে। এবার বাংলাদেশকে হারালেই নাকি তাদের ‘সব পাওয়া’ হয়ে যায়। বাংলাদেশের জন্য রোববারের ম্যাচে জনস্টনের হুমকি, ‘‘(তাদের হারাতে পারলে) সেটা হবে আমাদের সব পাওয়া। আমরা এখানে এসেছি মানচিত্রে আইরিশ ক্রিকেটকে তুলে ধরতে। ওই ম্যাচটা আমাদের জন্য অনেক বড়। আর ওই ম্যাচটার দিকে তাকিয়ে আমাদের মনে হচ্ছে, এটা আমরা জিততেই পারি।’’