২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেললো আয়ারল্যান্ড!

খুব ঘটা করে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড ম্যাচ দেখতে আসার কারণ অবশ্যই ক্রিকেট নয়, আয়ারল্যান্ড। এবং বিশ্বকাপের সবলতম দলটি দুর্বলটির হাড়-মাংস কীভাবে এক করে সেটাও দেখার জন্য নয়, দেখতে আসা আয়ারল্যান্ড দলটা আসলে কেমন! কাগজ-পত্রে টিভিতে এক-আধটু দেখা হয়েছে, কিন্তু মাঠে ওদের শরীরের ভাষাটা কেমন! পাকিস্তানকে হারানোর স্পিরিটটা অক্ষুন্ন আছে, নাকি এখনও সেই জয়ের বগল বাজিয়ে যাচ্ছে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বার্বাডোজ থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 11:21 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শেষ দৃশ্যটার কথা বলি। মিড অনে ঠেলে দিয়েই রানের জন্য ছুটলেন ওদের এক ব্যাটসম্যান। মিড অন একটু উঠিয়ে রাখা, তার হাতে বল, রান হয় না, কেউ রান নেয় না, কিন্তু আইরিশদের অবস্থা এমন যে বল ব্যাটে লাগানোটাই ওদের কাছে একটা ব্যাপার মনে হচ্ছিল। কাজেই বল ব্যাটে লাগবে, আর স্কোরকার্ডে কিছু যোগ হবে না, এটা তো মানা যায় না। ভ্াে-দৌড় দিলেন শেষ ব্যাটসম্যান। মিড অনের ওই জায়গা থেকে অস্ট্রেলিয়ান ফিল্ডারের থ্রো লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা নয়। স্টাম্প ছিটকে গেলো। আম্পায়ার তবু নিশ্চিত হতে থার্ড আম্পায়ারের অনুমোদনের জন্য পাঠালেন। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানরা শেষ আশা নিয়ে অপেক্ষা করে থাকে, কিন্তু কোথায় কী! টিভিতে আউট ঘোষিত হওয়ার আগেই ব্যাটসম্যানরা ড্রেসিং রুমের কাছে চলে গেছেন! দেখে দেখে পুরনো বাংলা প্রবাদটা আবার মনে হলো। ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি। তার আগে মাঠে এমন কান্নাকাটি যে কখনো-সখনো মনে হলো, ক্লোজ-আপ টিভি ক্যামেরায় ধরলে বোধহয় চোখের জল এক-আধটু দেখাও যাবে।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড কয়েকটা ম্যাচে হারিয়েছিল। কোনো দল যখন অন্যদের চেয়ে অনেক বেশি উঁচুতে উঠে যায়, তখন ভক্তের সঙ্গে সমান বিরোধীরও জন্ম হয়। অস্ট্রেলিয়ার এই হারে তাই তারা খুব বাদ্য বাজাচ্ছিলেন। অসি সাম্রাজ্যের সূর্যাস্ত। সন্দেহ একটা ছিল বটে। বয়স বাড়ছে, প্রায় সবার দিকেই ধেয়ে বেলা শেষের আলো, তাছাড়া জিততে জিততে ওদের ক্লান্তিও এসে যাওয়ার কথা, বিশ্বকাপটাই হয়তো ওদের...। যে বা যারা ভেবেছিলেন, অস্ট্রেলিয়া ওদের মুখে এমন পাথর ঘষে দিয়েছে, ভবিষ্যতে পন্টিংয়ের দল নিয়ে খুব বলার আগে তারা দশবার মনে মনে ভাববেন, তারপর মুখে আনবেন। সেই দলের কাছে সবাই প্রায় নাস্তানাবুদ, নিকটতম শক্তির দক্ষিণ আফ্রিকাকেই তারা হারিয়েছে হাসতে হাসতে। তার সামনে পুঁচকে আয়ারল্যান্ড। তবু কৌতুহল কিছু থাকেই। বাঘ-সিংহের লড়াই খুব জমজমাট হয়, হাঁস-মুরগীরটারও একটা মজা আছে, কিন্তু সিংহ আর মুরগী! উত্তেজনার কোনো মজা নেই, কিন্তু কৌতুক তো আছেই! তা সেই কৌতুকের পিপাসাটা অস্ট্রেলিয়া পুরো মিটিয়ে দিলো।

বিশ্বকাপে দর্শক খরা। বার্বাডোজ তা দেখে দেখে আগেই সতর্কতামুলক কিছু ব্যবস্থা নিয়েছিল। কাজ হয়েছে তাতে। এখানে মোটামুটি ভালোই দর্শক। তা সেই দর্শকদের জন্য পন্টিংয়ের দল এই বিপরীতধর্মী বিনোদনের সুব্যবস্থা করলো। মাঠে ঢোকার আগে ট্যাক্সিতে রেডিও কমেন্ট্রি শুনছিলাম, ভাষ্যকাররা খোশগল্পেই মত্ত, শুধু মাঝে-মাঝে তারা উইকেট পড়ার খবর দিচ্ছেন। তাছাড়া করবেন কী! ম্যাকগ্রা উইকেট নিচ্ছেন, রান দিচ্ছেন না। ২ রানের মধ্যেই ৩ উইকেট। ক্রিকেটে শুরুর এমন চোট অভূতপূর্ব নয়, এর চেয়ে খারাপ অবস্থাও হয়, কিন্তু সেটা সামলানোও যায়। এখানে সামলানোটা বিষয় নয়, বিষয় হলো, সামলানোর কোনো চেষ্টাই দেখা গেলো না। আসছে, মারছে, আউট হচ্ছে, যাচ্ছে! আসা আর যাওয়াতেই আনন্দ। বলের গায়ে ব্যাট লাগাতে পারাটাই সার্থকতা।

প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ক্রিয়ার মতো ক্রিকেটে প্রতিটা ঘটনারই দু-রকম ব্যখ্যা হয়। যেমন একদিক থেকে দেখলে বাংলাদেশের জন্য এটা সুখবর। আয়ারল্যান্ড মানসিকভাবে শেষ হয়ে

গেলো। আবার উল্টো দিক থেকে দেখলে এই ম্যাচের হারে ওদের মধ্যে যে জেদ তৈরি হলো ... ! কিন্তু সেসব নীতি তত্ত্ব তাদের বেলায় খাটে, যারা ক্রিকেটটাকে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে নেয়। আয়ারল্যান্ড এসব ব্যাকরণের বাইরে। সুপার এইটে ওঠাটাই ওদের জন্য একটা ব্যাপার। কারো কারো জন্য ঝামেলাও। সৌখিন ক্রিকেটার সব, কাজ থেকে ছুটি নিয়ে এসেছেন, এখন মালিককে সুপার এইটের মর্ম বোঝাতে রীতিমতো গলদঘর্ম। তারপর সুপার পাওয়ারের সঙ্গে খেলতে গিয়ে নাক-মুখ সব এক হয়ে যাচ্ছে। আর তখনই বাংলাদেশের সামনে!

কেনসিংটন ওভালে এই ক্রিকেটরঙ্গ দেখতে দেখতে মনে হলো আয়ারল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশের পক্ষে একটা ভালো প্রস্তুতি ম্যাচ খেলে দিয়ে গেলো!