২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই তালিকার নতুন সংযোজন ভাস-ফ্লেমিং

শেন ওয়ার্ন আর ড্যারিল কালিনানের কথাই মনে করিয়ে দিলেন চামিন্ডা ভাস। ২২ বছর নির্বাসন শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দক্ষিণ আফ্রিকাকে অন্যতম শক্তিশালী দলে পরিণত করতে অবদান রেখেছেন অনেকেই। তাদেরই এক জন ড্যারিল কালিনান। অথচ এই কালিনানের ক্যারিয়ারই এক বার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন শেন ওয়ার্ন! ’৯৬-’৯৭ মৌসুমে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো রান করার আগেই ওয়ার্নের বলে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য হয়েছিলেন কালিনান। ওয়ার্নের বিপক্ষে ব্যার্থতার সেটা কেবল শুরু, যা শেষ হতে হতে ক্যারিয়ারটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছিল কালিনানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পরের মৌসুমের ঘটনা। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে আবার কালিনানের সামনে আতঙ্ক নিয়ে হাজির হলেন সর্বকালের সেরা লেগস্পিনার। এবার বোল্ড এবং যথারীতি শূন্য রানে। ঐ দুটো আউটের ধাক্কা বেশ কিছু দিন তাড়া করেছিল কালিনানকে। আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যান এরপর বেশ কিছু দিন বড় স্কোর পাননি।

স্টিভেন ফ্লেমিংয়ের অবস্থা বোধহয় অতটা খারাপ নয়। তবে নিউজিল্যান্ড অধিনায়কের সামনেও এক জন ‘হন্তারক’ ইদানিং নিয়মিতভাবেই উপস্থিত হচ্ছেন। তার নাম চামিন্ডা ভাস। বৃহস্পতিবার গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে ফ্লেমিংয়ের ইনিংস যে মাত্র ৪ বলেই শেষ তার কারণ তো চামিন্ডা ভাসই। । বিস্ময়কর ব্যাপার হলো, এই নিয়ে টানা চতুর্থবার ফ্লেমিংকে শূন্য হাতে ফেরালেন শ্রীলঙ্কার এই বাঁ হাতি পেসার এবং চার বারই কিউই অধিনায়ক এলবিডব্লু। সব মিলিয়ে ওয়ানডেতে ১১ বার ভাসের বলে আউট হয়েছেন ফ্লেমিং। আগামী দিনগুলোতে ফ্লেমিংয়ের ঘুমের মধ্যে ভাস দুঃস্বপ্ন হয়ে হানা দিতেই পারেন!

আন্তর্জাতিক ক্রিকেটে কোনো কোনো ব্যাটসম্যানের সামনে বোলারের ‘নিয়মিত ঘাতক’ হিসেবে আবির্ভূত হওয়ার ঘটনা অবশ্য অনেক আছে। ওয়ার্ন-ভাস ছাড়াও এই তালিকায় অবশ্যই রাখতে হবে গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন ও অ্যালান ডোনাল্ডকে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার ম্যাকগ্রাকে দিয়েই শুরু করা যাক। টেস্টে অপরাজিত ৪০০ ও ৩৭৫ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে অপরাজিত ৫০১ রানসহ অজস্র কীর্তির অধিকারী ব্রায়ান লারা ম্যাকগ্রার এক জন পছন্দের ব্যাটসম্যান! কারণ একটাই, টেস্টে লারাকে তিনি আউট করেছেন ১৪ বার! ওয়ানডেতে অবশ্য ৩ বারের বেশি ‘প্রিন্স অফ ত্রিনিদাদ’ কে আউট করতে পারেননি। তবে ম্যাকগ্রা সে দুঃখ পুষিয়ে নিয়েছেন ওয়ানডে ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে দিয়ে। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারকে ম্যাকগ্রা আউট করেছেন ৭ বার, আর টেস্টে ৬ বার। ওয়ানডের আরেক সফল ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীকে তিনি ফিরিয়েছেন ৫ বার। ইনজামামকেও কম যন্ত্রণা দেননি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানকে টেস্ট ও ওয়ানডেতে ৫ বার করে আউট করেছেন ম্যাকগ্রা।

কালিনানের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিলেও তাকে কিন্তু টেস্টে চার বারের বেশি ‘বধ’ করতে পারেননি ওয়ার্ন। বরং কালিনানের স্বদেশী অ্যাশওয়েল প্রিন্সকে অনেক বেশিবার ‘শিকার’ করেছেন টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক। টেস্টে প্রিন্সকে তিনি ফিরিয়েছেন ১১ বার। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক প্রয়াত হান্সি ক্রনিয়ে এবং ক্রনিয়েরই সতীর্থ ডেভ রিচার্ডসনকে ৮ বার করে আউট করেছেন ‘ওয়ার্নি’।

ওয়ার্নের যেমন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা ‘প্রিয়’ ছিলেন, অ্যালান ডোনাল্ডের তেমনি ইংলিশ ব্যাটসম্যানরা। মাইকেল আথারটনের তো জীবন অতীষ্ঠ করে তুলেছিলেন ডোনাল্ড। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ওপেনারকে টেস্টে ১১ বার আউট হতে হয়েছে তার বলে। আথারটনেরই সতীর্থ অ্যালেক স্টুয়ার্টকে ৯ বার ফিরিয়ে দিয়েছেন খেলোয়াড়ি জীবনে ‘শ্বেত বজ্র’ নামে পরিচিতি পাওয়া ডোনাল্ড। মার্ক ওয়াহও রেহাই পাননি ডোনাল্ডের তোপ থেকে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানকে টেস্টে ১০ বার আউট করেছেন তিনি।

মুরালিধরনের কীর্তিও কম নয়। সর্বকালের সেরা অফস্পিনার টেস্টে মার্ক বাউচারকে ‘শিকার’ করেছেন ১২ বার, আর মার্কাস ট্রেসকোথিককে ৮ বার। ওয়ানডেতে ‘মুরালি’র পছন্দের ব্যাটসম্যান অবশ্য জন্টি রোডস। ওয়ানডের সর্বকালের সেরা ফিল্ডারকে ৭ বার প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি।

এ সব পরিসংখ্যান দেখে ফ্লেমিং কিছুটা হলেও সান্ত¡না পেতে পারেন। তবে কিউই অধিনায়ক সান্ত¡না পান বা না পান, আগামীতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচে ভাস-ফ্লেমিংয়ের ‘বিশেষ’ লড়াইয়ের দিকে অনেক ক্রিকেটপ্রেমীই যে চোখ রাখবেন তাতে কোনো সন্দেহ নেই।