অস্ট্রেলিয়াই গ্রেগ চ্যাপেলের পরবর্তী ঠিকানা?
আর বোধহয় ভারতে আসছেন না গ্রেগ চ্যাপেল। বিশ্বকাপে ভারতীয় দলের ভরাডুবির পর হঠাৎ পদত্যাগ করলেও শোনা গিয়েছিল বিশেষ কোনো দায়িত্ব দিয়ে তাকে রেখে দিতে চায় বিসিসিআই। কিন্তু হালে অস্ট্রেলিয়ার মিডিয়া যে খবর দিচ্ছে সে অনুযায়ী তার আর এ উপমহাদেশে চাকরি নিয়ে আসার কথা নয়। তাজা খবর,অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ হতে চলেছেন গ্রেগ চ্যাপেল!
বিশ্বকাপে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া। মনে হচ্ছে, টানা তৃতীয় এবং সবমিলিয়ে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতবেই এবার রিকি পন্টিংয়ের দলের। তা যদি হয়ও, তারপরও কোচ জন বুকাননকে হারাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অনেক সাফল্যের নেপথ্য-নায়ক বুকানন আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পর আর অস্ট্রেলিয়ার কোচ থাকছেন না। সে কারণে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার নতুন কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাকাডেমির বর্তমান প্রধান কোচ টিম নিয়েলসেন। তার জায়গাতেই নেয়া হতে পারে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান গ্রেগ চ্যাপেলকে। ভারত থেকে সদ্য স্বভূমে ফেরা চ্যাপেল এমন সম্ভাবনাকে উড়িয়ে দেননি,তবে এ সুযোগ লুফে নেবেন কিনা সেটাও নিশ্চিত করে বলেননি,“আমি এখনো সিদ্ধান্ত নেইনি। একটু সময় নিয়ে সব বিকল্প নিয়ে ভাববো।” এ মুহুর্তে ক্রিকেট নিয়ে মাথা ঘামাতে একদমই প্রস্তুত নন অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটসম্যান, “আমি কিছুদিন এসব থেকে দূরে থাকতে চাচিছ। আমরা এখন সারা দেশময় (অস্ট্রেলিয়ায়) ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-পরিজনের সঙ্গে সময় কাটাবো।”
