২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনবারের চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্বকাপের নবাগতদের ‘লড়াই’

বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষের হারগুলো বোধহয় ‘শাপে বর’ হয়েই এসেছে অস্ট্রেলীয়দের জন্য! কমনওয়েলথ ব্যাংক সিরিজের প্রথম দুই ফাইনালেই ইংল্যান্ডের কাছে পরাজয় এবং নিউজিল্যান্ড সফরে চ্যাপেল-হ্যাডলি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া এক দিক দিয়ে ভালোই হয়েছে রিকি পন্টিংয়ের জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 09:32 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

হট ফেভারিট হওয়ায় ২০০৬ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে যে অনন্ত চাপে থাকতে হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়াকে সেই সমস্যায় পড়তে হয়নি। মিডিয়া ও সাধারণ ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার চাপ অতটা না থাকার জন্যই সম্ভবত নির্ভার অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে যথারীতি দোর্দন্ড প্রতাপে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ সহজে জেতার পর সুপার এইটের প্রথম তিন ম্যাচেও তাদের সামনে কোনো প্রতিপক্ষ দাঁড়াতেই পারেনি। বিশ্বকাপের হ্যাটট্রিক শিরোপার দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলা অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল। শুক্রবার তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে নবাগত আয়ারল্যান্ড। অস্বাভাবিক কিছু না ঘটলে বিশ্ব চ্যাম্পিয়নদের এ ম্যাচ থেকেও পুরো পয়েন্ট পেয়ে যাওয়ার কথা।

অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গড়া আইরিশ দল এবারের বিশ্বকাপের অন্যতম চমক। পাকিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের সুপার এইটে ওঠা বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম বিস্ময়। সুপার এইটের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও ভালোই লড়াই করেছিল তারা। নিউজিল্যান্ডের সঙ্গে অবশ্য বিশাল ব্যবধানেই হেরেছে। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে তেমন পরাজয়ের আশঙ্কা আরো বেশি। তার পরও আইরিশদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না শন টেইট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হওয়া এই ফাস্ট বোলার বরং শুক্রবারের প্রতিপক্ষ সম্পর্কে দারুণ সতর্ক,“অন্য যে কোনো ম্যাচের মতো এই ম্যাচটাকেও আমরা গুরুত্বের সঙ্গেই নিচ্ছি। এই ধরনের ম্যাচে নির্ভার থাকার পর বড় কোনো দলের মুখোমুখি হলে বিপদে পড়ে যেতে পারি আমরা। আমরা এখন সুপার এইটে। আর এটা কোনো প্রস্তুতি ম্যাচ নয়। সেরা ফর্ম অনুযায়ীই খেলতে হবে আমাদের। এই মুহূর্তে যেমন খেলছি সেটা ধরে রাখা দরকার।”

বিশ্বকাপের পরই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আয়ারল্যান্ডের কোচ অ্যান্ড্রু বিরেল। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে ওঠার সময় তিনি নিশ্চয়ই ভাবেননি যে তার দল এত দূর যাবে বিশ্বকাপে। সুপার এইটে উঠতে পেরে তিনি অবশ্যই খুশি। তবে সেই আনন্দে ভেসে যাচ্ছেন না মোটেও। বরং টুর্নামেন্টে দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সই বেশি তৃপ্তি দিচ্ছে আইরিশ কোচকে,“ক্রিকেটের শীর্ষ পর্যায়ে জয়-পরাজয় দিয়েই এক জন কোচকে বিচার করা হয়। ব্যাপারটা মাঝে-মাঝে বিভ্রান্ত করে আমাকে। আমি বরং তরুণ খেলোয়াড়দের সাফল্যেই বেশি তৃপ্তি পাই।” অস্ট্রেলিয়ার বিপক্ষে আয়ারল্যান্ডের তরুণরা কতটা সফল হতে পারেন, তা দেখার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিরেল।

সুপার এইটে প্রথম তিন ম্যাচেই পরাজয় বেশ হতাশ করেছে আয়ারল্যান্ডের অধিনায়ক ট্রেন্ট জনস্টনকে। তবে ঐ পরাজয়গুলো থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগাতে আগ্রহী তিনি,“প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়া খুব হতাশাজনক ব্যাপার। তবে সেই ম্যাচগুলো থেকে অনেক ইতিবাচক দিকও বেরিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেগুলো কাজে লাগিয়ে পরের দুটো ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকতে পারি আমরা। নিঃসন্দেহে অস্ট্রেলিয়াই বিশ্বের সেরা দল। তাই এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য আমাদের উজ্জীবিত থাকা প্রয়োজন।”