পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে এবার মিয়াঁদাদের পরামর্শ
বার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদ ব্যাবস্থা নিতে বললেন পাকিস্তান দলের বিপক্ষে। তার দাবি, ক্রিকেট কর্তৃপক্ষের এখনই জাতীয় দলের খেলোয়াড়দের ক্ষমতার লোভে রাশ টানতে হবে। নইলে বিশ্বকাপের ভরাডুবি থেকে কোনো শিক্ষালাভই হবে না।
২০০৪ সালে মিয়াঁদাদের জায়গায় পাকিস্তানের কোচ হয়েছিলেন বব উলমার। তার আগেও দু দফা পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন বলে দলটিকে খুব ভালো করে চেনা আছে মিয়াঁদাদের। সে কারণেই পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলতে পারেন, ‘‘খেলোয়াড়দের ক্ষমতার লোভে রাশ টেনে তাদের বুঝতে দিতে হবে, দলে স্বয়ংক্রিয়ভাবে কারো জায়গা মিলবে না। এটা না করলে কিছুই বদলাবে না।’’
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় পাকিস্তান দল পড়েছে দারুণ সমালোচনার মুখে। তার ওপর ১৭ মার্চ আয়ারল্যান্ডের কাছে তাদের হারের পরই খুন হন তাদের ইংলিশ কোচ বব উলমার। এর সূত্র ধরে পাকিস্তান দলের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগও তুলেছেন কেউ কেউ।
দলের ব্যর্থতার পর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেই ওয়ানডে থেকে অবসর নিয়ে নিয়েছেন অধিনায়ক ইনজামাম-উল হক। সহ-অধিনায়ক ইউনিস খানের অধিনায়ক হওয়ার কথা। কিন্তু পাকিস্তান মিডিয়ার খবর, ‘দলের সবাই তাকে অধিনায়ক হিসেবে মানবেন না’-এ আশঙ্কা থেকে ইউনিস খান অধিনায়ক হতে আগ্রহী নন।
মিয়াঁদাদ মনে করেন, এটাও পাকিস্তান দলের অনেক বড় সমস্যা। তার কথায়, ‘‘পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দলের ভেতরের কোন্দল সামলানো এবং পারফরম্যান্স অনুযায়ী খেলোয়াড়দের দলে জায়গা দেওয়া।’’
পাকিস্তান মিডিয়া বহুবার লিখেছে, দল গঠনে নির্বাচকদের ওপর সবসময়ই প্রভাব বিস্তার করতেন ইনজামাম। মিয়াঁদাদ মনে করেন, এই সমস্যার সমাধান করে নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে, ‘‘বোর্ড যদি এখন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে বসে, তাহলে তাতে দোষের কিছু নেই। পরবর্তী অধিনায়ক অবশ্যই শক্তিমান হবেন। কিন্তু তাকে বোর্ড বা নির্বাচকদের ওপর নিয়ন্ত্রন নিতে দেওয়া চলবে না।’’
