সৌরভদের রেখেই ভারতের কোচ হতে আগ্রহী গর্ডন গ্রিনিজ
কে হবেন ভারতের পরবর্তী কোচ? গ্রেগ চ্যাপেল সরে দাঁড়ানোর পর থেকে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে ভারতসহ বিশ্ব ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ সফরে রবি শাস্ত্রিকে কোচ করা হলেও নিয়োগটা অস্থায়ী ভিত্তিতেই দেয়া হয়েছে।
বিশ্বকাপের প্রথম পর্ব থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে পড়ার পর ভীষণ অস্বস্তির মধ্যে থাকা ভারতীয় ক্রিকেট কিছুটা হলেও সান্ত্বনা পেতে পারে গর্ডন গ্রিনিজের কাছ থেকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ও বাংলাদেশের সাবেক কোচ জানিয়েছেন তিনি ভারতের কোচ হতে আগ্রহী। সেই সঙ্গে তীব্র সমালোনার মুখে থাকা টেন্ডুলকার-সৌরভদেরও পাশে এসে দাঁড়িয়েছেন গ্রিনিজ।
ইয়ান চ্যাপেলসহ বেশ কয়েক জন সাবেক তারকা এই দুজনকে এখনই অবসর নেয়ার পরামর্শ দিলেও গ্রিনিজের বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটকে আরো অনেক কিছু দেয়ার আছে সৌরভ-টেন্ডুলকারের।
তবে ভারতের কোচ হতে আগ্রহী হলেও কাজটা দীর্ঘমেয়াদের জন্য চান তিনি। দীর্ঘ মেয়াদ বলতে ২০১১ বিশ্বকাপ। ভারতের কোচ হওয়ার সুযোগ পেলে আগামী বিশ্বকাপকে সামনে রেখেই দলকে গড়ে তুলতে ইচ্ছুক গ্রিনিজ। এবং উপমহাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে সৌরভ-টেন্ডুলকারদের যে খেলার সম্ভাবনা ক্ষীণ, তা তিনি ভালো মতোই জানেন। কিন্তু তাই বলে এখনই এই দুই তারকার বিদায়ের কথা ভাবতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের এই ব্যাটসম্যান,“আমি তো মনে করি না তাকে (টেন্ডুলকারকে) কিংবা সৌরভকে এখনই অবসর নেয়ার কথা বলা উচিৎ। দুজনেই তাদের মধ্য তিরিশে দাঁড়িয়ে। তাদেরকে বিদায় দেয়ার সময় এখনো আসেনি।” গ্রিনিজ অবশ্য এমনিতেই টেন্ডুলকারের বিশাল ভক্ত। ‘লিটল জিনিয়াস’কে তার দেখা সেরা পাঁচ ব্যাটসম্যানের এক জন বলেও মানেন তিনি।
ভারতীয় দল থেকে সিনিয়রদের বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণদের নেয়ারও পক্ষপাতী নন গ্রিনিজ,“এক জন তরুণ যতই প্রতিভাবান হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তার সময় লাগবেই। তরুণদের ধীরে ধীরেই দলে ঢোকানো উচিৎ।”
PTI-এর সহায়তায়
