২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন রাইটও হতে পারেন পাকিস্তানের কোচ

বিশ্বকাপ ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছিল, আর বিদেশী কোচ নয়। কিন্তু সেই অবস্থান থেকে সম্ভবত সরে আসছে তারা। দেশী কোচের সঙ্গে এখন বিদেশী কোচের কথাও ভাবছে পিসিবি। কোচের সঙ্গে বোর্ড দু বছরের চুক্তি করবে। তবে অধিনায়ককে একেকটা সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হবে। কোচ আর অধিনায়ক চূড়ান্ত করার কাজ ৭ মের মধ্যে সেরে ফেলার আশা করছে পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 08:57 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিশ্বকাপের পর গঠিত অ্যাড-হক কমিটি কাজ করছে দল নিয়ে তৈরি যাবতীয় সমস্যা মেটাতে। পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফের সঙ্গে মঙ্গলবার ছয় ঘণ্টার বৈঠক করেছে কমিটি। বৈঠকের পর নাসিম আশরাফ জানিয়েছেন, ‘‘অধিনায়ককে একেকটা সিরিজের জন্য এবং কোচকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার আশা করছি। অ্যাড-হক কমিটি মনে করে, জাতীয় দল আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে যাওয়ার আগে এই জায়গাগুলো পূরণ করতে হবে। প্রস্তাবিত সিরিজটি ১০ থেকে ১৫ মে পর্যন্ত হওয়ার কথা।’’

নাসিম আশরাফ বলেছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলে যার জায়গা পাকা এবং ফিটনেস ও নেতৃত্বগুণাবলীতে যিনি এগিয়ে, এমন কাউকেই দেওয়া হবে নেতৃত্ব। নাসিম আশরাফের কথায়, ‘‘ মানের ব্যাপারে কোনো সমঝোতা করতে রাজি নই আমরা।’’

অধিনায়ক হিসেবে পিসিবি চেয়ারম্যানের পছন্দ ইউনিস খানকে। ইয়র্কশায়ারের হয়ে খেলতে ইউনিস কয়েকদিনের মধ্যে যাচ্ছেন ইংল্যান্ডে। ইউনিসের পাশাপাশি উচ্চারিত হচ্ছে শোয়েব মালিকের নাম। বেঁচে থাকতে পাকিস্তানের ভবিষ্যত অধিনায়ক হিসেবে শোয়েব মালিকের কথা বলতেন কোচ বব উলমার। এছাড়া মোহাম্মদ ইউসুফ, সালমান বাট-এমনকি আব্দুল রাজ্জাকও এসেছেন আলোচনায়।

কোচ হিসেবে পিসিবি প্রধানের প্রথম পছন্দ আকিব জাভেদ। আকিব জাভেদ নিজেও বলেছেন, এই দায়িত্ব নিতে আগ্রহী তিনি। কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানেরও পছন্দ সাবেক এই বোলারকে। তবে তার মতো অনূর্ধ-১৯ দলকে বিশ্বকাপ জেতানোর অভিজ্ঞতাসম্পন্ন কোচ মনসুর রানাও এসেছেন আলোচনায়। বৈঠকে এই দুজনের বাইরে বিদেশী কোচ হিসেবে এসেছে ভারতের সাবেক কোচ জন রাইটের নাম। গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই নিউজিল্যান্ডের সাবেক ওপেনারের সঙ্গে এক প্রস্থ কথা হয়েছিল পাকিস্তানের। অবশ্য তখন কথা বেশি দূর এগোয়নি।

অধিনায়ক ও কোচ নির্বাচনের আগে নতুন একটি নির্বাচক কমিটি গঠন করা হবে। নাসিম আশরাফ বলেছেন, অ্যাড-হক কমিটি আগামী ৭ মের বৈঠকে বসার আগে নির্বাচকমণ্ডলী গঠন করে ফেলবেন। খবর আছে, অনেকবার জাতীয় নির্বাচক হওয়া সাবেক ওপেনার সালাউদ্দিন মোল্লা আহমেদ নির্বাচক কমিটির প্রধান হতে পারেন। অবশ্য বৈঠকে এক সময়ের প্রধান নির্বাচক আমির সোহেলের কথাও এসেছে। আরো আলোচনায় এসেছে শোয়েব মোহাম্মদ, সেলিম জাফর ও নৌশাদ আলীর মতো সাবেক ক্রিকেটারদের নাম।

cricinfo-এর সহায়তায়