দলে ফিরছেন শাহরিয়ার নাফীস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন জয় পাওয়ার পর ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার কথা ছিল না। কিন্তু বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে ওপেনার জাভেদ ওমরকে বাদ দিয়ে। ফিরিয়ে আনা হচ্ছে তরুণ শাহরিয়ার নাফীসকে।
দলের ভেতরকার খবর, ধীর গতির ব্যাটিংই দু ম্যাচ পর দলের বাইরে নিয়ে যাচ্ছে জাভেদ ওমরকে। প্রথম চার ম্যাচে মাত্র ১৫ রান করে দল থেকে ছিটকে পড়েছিলেন গত বছর ওয়ানডেতে হাজার রান করা শাহরিয়ার নাফীস। তার জায়গায় এসে জাভেদ ওমরের বিশ্বকাপ স্বপ্ন পুরণ হয়েছিল। বাংলাদেশও দুই ম্যাচে ওপেনিংয়ে লম্বা সময় পর্যন্ত উইকেট হারায়নি। এই দুই ম্যাচে জাভেদ ওমরের রান ৩৯। শুরুতেই দল উইকেট হারায়নি, কিন্তু রানের দিক দিয়ে পিছিয়ে পড়েছে, এমন বিশ্বাস থেকেই এই পরিবর্তন।
তবে অধিনায়ক হাবিবুল বাশার এ কথা বলছেন না। সহ অধিনায়ক শাহরিয়ার নাফীসের ক্যারিয়ারের দিকে চোখ রাখতে বলছেন তিনি, ‘‘ওয়ানডেতে যে ব্যাটসম্যানের গড় ৩৮ তাকে বেশিদিন বসিয়ে রাখা উচিৎ না।’’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে নামানো একাদশে এই একটি পরিবর্তনই আনছে বাংলাদেশ। বাকি ১০জন থাকছেন অপরিবর্তিত।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল: হাবিবুল বাশার (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, আফতাব আহমেদ, সাকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল।
