বিসিবির জরুরী সভায় হোয়াটমোর প্রসঙ্গ ওঠেইনি
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে ভারতীয় চ্যানেল এনডিটিভির প্রতিণিধি এসেছেন ঢাকায়। মঙ্গলবার শেষ বিকেলে গুলশানের রেডিয়াস সেন্টারে ঢুঁ মেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভা শেষের অপেক্ষায় থাকলেন তিনিও।
ডেভ হোয়াটমোর ভারতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এর প্রেক্ষিতে ক্ষিপ্ত বিসিবি যদি হোয়াটমোর ইস্যুতে কড়াকড়ি অবস্থান ঘোষণা করে-এই ভেবে এসেছিলেন। কিন্তু জরুরী সভা-পরবর্তী সংবাদ সম্মেলন শেষে তাকে হতাশই হতে হলো। কারণ, বিষয়টা নিয়ে কেবলই রাখঢাক করার চেষ্টা করা হলো। বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম বারবার বললেন,“এটা নিশ্চিত করছি যে আমরা সঠিক সিদ্ধান্তই নেবো।”
কিন্তু সঠিক সিদ্ধান্তটা কেমন হতে পারে, সে বিষয়ে কোনো আভাস নেই। কারণটা পাল্টা প্রশ্ন দিয়েই জানাতে চাইলেন যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন,“আমাদের দল এখন বিশ্বকাপে ভালো করছে। আপনারা কী চান বিষয়টা নিয়ে এই মুহুর্তে কোনো হুলুস্থুল হোক?” এমনকি জরুরী সভায় একটার বেশি এজেন্ডা থাকতে পারে না বলে এটা নিয়ে আলোচনা ওঠেওনি বলে জানান তারা। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিবির চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতেই বসেছিল এই জরুরী সভা। সভাশেষে জানানো হয়, চুক্তিতে কোনো অস্বচ্ছতা নেই বলেই একমত হয়েছেন বোর্ডসদস্যরা। আর হোয়াটমোরের বিষয়টা তুলে রাখা হয়েছে ১৮ এপ্রিল অনুষ্ঠেয় বোর্ড সভার জন্য। মাহবুব বললেন,“ কোচের বিষয়ে ১৮ তারিখের সভায় বিশদ আলোচনা হবে।”
কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটের লড়াইয়ের মাঝে হোয়াটমোরের ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ এবং তাতে চুক্তি লঙ্ঘনের জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও কি নেয়নি বিসিবি? এখানেও মাহবুবের রাখঢাক করার চেষ্টা,“ দেখুন ওই মন্তব্য করার পরপরই আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে কোচের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে তার চুক্তিগত বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এমনকি তার চুক্তির ভবিষ্যত নিয়েও কথা হয়েছে। এরপর আপনারা এবিষয়ে তার আর কোনো কথা কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না।” তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, কড়া ভাষাতেই শাসানো হয়েছে হোয়াটমোরকে। যার প্রভাবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে থেকেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা তার কাছ থেকে বাড়তি সময় পেতে শুরু করেছেন। ক্রিকেটারদের বেশি সময় দিতে শুরু করলেও ১৮ তারিখের সভায় তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তই হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।
