রাহুল দ্রাবিড়দের পাশে ওয়াসিম আকরাম
বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর থেকেই ভারতের ক্রিকেটাররা তোপের মুখে। মিডিয়া বা সাধারণ মানুষ তো কড়া সমালোচনা করছেই, এমনকি বিসিসিআই-ও ক্রিকেটারদের রুটি-রুজির অধিকারে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। রুটি-রুজি বলতে খেলোয়াড়দের এনডোর্সমেন্টের ওপরে বিধি নিষেধ আরোপ। তবে এই সিদ্ধান্তে ওয়াসিম আকরাম ভীষণ ক্ষুব্ধ। পাকিস্তানের সাবেক অধিনায়ক সেজন্য একহাত নিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডকে।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সর্বোচ্চ তিনটি পন্যের সঙ্গে চুক্তি করতে পারবেন ক্রিকেটাররা। এই সিদ্ধান্তে ক্রুদ্ধ আকরাম জানিয়েছেন, ব্যাপারটা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ‘শিশুসুলভ’ আচরণের মতোই হাস্যকর,“বিসিসিআই খেলোয়াড়দের এনডোর্সমেন্ট সই করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এক কথায় একটা কৌতুক। শচীন টেন্ডুলকারের মতো সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তো আপনি শিশুদের মতো আচরণ করতে পারেন না। বোর্ড কোনো সিনিয়র ক্রিকেটারকে এনডোর্সমেন্ট বন্ধ করার নির্দেশ দিলে তা হবে বিরাট ভুল। হিংসা থেকেই যে ব্যাপারটা করা হয়েছে তা পরিষ্কার।”
অনেকের মতেই সর্বকালের সেরা বাঁ হাতি পেসারের বিশ্বাস, ক্রিকেটাররা টাকার লোভে নয়, দেশকে সেবা করার লক্ষ্যেই অনেক ত্যাগ স্বীকার করেন, ঘাম ঝরান মাঠে,“ক্রিকেটার হিসেবে আমি সব সময়ই দেশের পক্ষে খেলার জন্য উদগ্রীব থাকতাম। আপনি ভালো খেলোয়াড় হলে এনডোর্সমেন্ট তো আসবেই। এটাও আপনার কাজের স্বীকৃতি। আপনার খেলার ওপরে অবশ্যই টাকার প্রভাব পড়া উচিৎ নয়। আপনি কি কখনো ডেভিড বেকহামকে বলতে পারবেন যে আগামী দুই বছর কোনো গোল করতে না পারলে আপনার (বেকহামের) সমস্ত এনডোর্সমেন্ট প্রত্যাহার করা হবে?”
আর সেজন্যই বিসিসিআইকে সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন আকরাম,“ক্রিকেট একটা মানসিক খেলা। মানসিকভাবে সুস্থির থাকতে পারলে এবং ভালো খেলার পুরস্কার পেলেই এক জন খেলোয়াড় পারফর্ম করতে পারে।”
এনডোর্সমেন্ট নিয়ে এত সমালোচনা করলেও রাহুল দ্রাবিড়কে অধিনায়ক রাখার সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের প্রশংসাও করেছেন ওয়ানডের একমাত্র পাঁচ শতাধিক উইকেটের মালিক আকরাম,“এটা একটা সাহসী সিদ্ধান্ত। দ্রাবিড় এক জন ভালো অধিনায়ক আর সে উন্নতিও করছে। কিছুটা আত্মবিশ্বাসের অভাব থাকলেও সে আরো ভালো করবেই।”
ANI-এর সহায়তায়
