২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রেরণা নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি আয়ারল্যান্ড

বিশ্বকাপে নতুন রং এনে দেয়া বাংলাদেশের মুখোমুখি হতে হবে তাদেরও। তবে সেটা পরের কথা। তার আগে এবারের টুর্নামেন্টের আরেক চমক আয়ারল্যান্ড বাংলাদেশের কাছ থেকেই পাচ্ছে প্রেরণা। হাবিবুল বাশারের দল র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে হারানোর পর সেই প্রেরণা,সেই আত্মবিশ্বাস নিয়েই সোমবার ফেভারিট নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আইরিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড অবশ্য আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। এখনো কারো বিপক্ষে খেলতে নেমে জয় পেতে তেমন কষ্ট হয়নি। অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ব্যাট হাতে সামনে থেকেই দিচ্ছেন নেতৃত্ব। নিউজিল্যান্ডকে ১০ বছর ধরে নেতৃত্ব দেওয়া ফ্লেমিং আর চার ম্যাচ জিতলেই প্রথম অধিনায়ক হিসেবে করে ফেলবেন ম্যাচ জয়ের সেঞ্চুরি। এখন পর্যন্ত ২১৩ ম্যাচে দলকে ৯৬ বার জেতানো অধিনায়কের বিশ্বাস বিশ্বকাপেই দুর্লভ এই রেকর্ড হয়ে যেতে পারে, ‘‘বর্তমান এই দলটিকে নেতৃত্ব দেওয়া একেবারেই আলাদা ব্যাপার। খুব নিপুণ দল এটি। আমরা এখানে এসেছি আমাদের কি করতে হবে সে সম্পর্কে পরিস্কার ধারণা নিয়ে। জয়ের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী আমরা।’’

দারুণ ব্যাটিং লাইনআপ নিউজিল্যান্ডের। বোলিংয়েও পেস আর স্পিনের চমৎকার ভারসাম্য। ফিল্ডিংয়েও বলতে গেলে অন্যদের পথ পরিদর্শকের ভূমিকায় কিউইরা। আর এই ম্যাচে বাঁ হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেখিয়ে গেছেন বাংলাদেশের রফিক, রাজ্জাক, সাকিবরা।

পাকিস্তানকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে সুপার এইটে উঠে আসা আইরিশদের বড় অস্ত্র তাদের ধৈর্য্য। কোনো কিছুতেই ভয় নেই ট্রেন্ট জনস্টনের দলটির। সবসময়ই তাদের মধ্যে থাকে লড়ার মানসিকতা। কিন্তু অলরাউন্ডার আন্দ্রে বোথার চোট তাদের ফেলে দিয়েছে দুশ্চিন্তায়। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি বোথা।

আইরিশরা কিউইদের বিপক্ষে মাঠে নামাতে পারে টুর্নামেন্টে এর আগে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা পল মুনিকে। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার দুই মৌসুম খেলেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ন্যাপিয়ের-এ। তার স্ত্রীও কিউই। এ টুর্নামেন্টে একমাত্র ম্যাচে ভালো করতে না পারলেও সোমবারের ম্যাচের জন্য তাই ভিন্ন ধরণের প্রতীক্ষা মুনি’র, ‘‘নিউজিল্যান্ডকে হারাতে পারলে বেশ হয়। কারণ আমার স্ত্রী ও নিউজিল্যান্ডে তার পরিবার বিশেষ আগ্রহ নিয়ে এই ম্যাচ দেখবে। এখানে দল ভাগাভাগির বিষয়টা চলে আসে। তবে আমি নিশ্চিত, ফল যা-ই হোকনা কেন আমার স্ত্রী খুশি হবে। ওর পরিবার চাইবে নিউজিল্যান্ডের জয়। তবে আমার মনে হয় নিউজিল্যান্ডের সঙ্গে আমরা ভালো খেললে তারাও খুশি হবেন।’’