আবার আশরাফুল
তখন সবে শুরু করেছেন। পুরোটা দেখানো হয়নি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটসম্যান ব্যারি রিচার্ডসন বেরোচ্ছিলেন কমেন্ট্রি বক্স থেকে। মাথা দোলাতে দোলাতে বললেন, “ইফ দিস বয় প্লেজ লাইক দিস...”
শেষ করলেন না, কিন্তু কথাটা বোঝা হয়ে গেলো। এই ছেলে যদি তার খেলাটা শেষপর্যন্ত খেলতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তিনি নিশ্চিত নন। হোক না তারা ওয়ানডে র্যাংকিংয়ের বিশ্বের সেরা দল, হোক না পেস বোলিং দানবদের দল, কিন্তু আশরাফুলের ব্যাটে সবাইকে ধুলিস্যাৎ করার মন্ত্র লুকানো আছে।
তার একটা শট দেখলে কিংবদন্তিদের বোঝা হয়ে যায়। একটা ইনিংসে বাংলাদেশের ভঙ্গুর মানসিকতার মেরামত হয়ে যায়। তার একটা দিনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ছক-অংক ওলট পালট হয়ে যায়! খেলেছেন অবিশ্বাস্য সব শট, পুরো স্টেডিয়াম যেন এক অদ্ভুত মাদকে আসক্ত, প্রেস বক্সে পেশাগত সীমানা ভুলে বিদেশি সাংবাদিকরাও প্রশংসার কোরাস তুললেন। ৮৩ বলে ৮৭ রানের ইনিংসটি এর সংখ্যাগত বর্ণনা, সৌন্দর্য আর শিল্পের বর্ণনা তাতে সামান্যই হয়। পেস বোলারদের বলে বলকে পোষ মানা পাখির মতো যেখানে ইচ্ছা পাঠাচ্ছেন। কখনও ব্যাট তার হয়ে উঠছে উদ্ধত খড়গ, খুন করে ফেলছে বোলারদের। মাঝে-মাঝে আবার চিরন্তন ক্রিকেট ব্যাকরণ ব্যাটে মুর্ত; বল বইয়ে লেখা সবটা শর্ত মেনে ছবির মতো বাউন্ডারিতে যাচ্ছে কাভার-একস্ট্রা কাভার দিয়ে। আর তাতে আরও অনেক দিনের মতো পথ হারানো বাংলাাদেশ ব্যাটিং শেষ পর্যন্ত এই বিশ্বকাপে পেল প্রথম আড়াইশোর দেখা।
৯৯তে পাকিস্তানের বিপক্ষে করা ২২৩ রান টপকে বিশ্বকাপেও এটা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। সমস্যা একটাই, আশরাফুলের সেই দিনটা আসে বড় দেরি করে। একটার সঙ্গে আরেকটার ভীষণ অসহনীয় ব্যবধান।
ছয় বছর আগে শ্রীলংকায় মুরালিধরনের বিষ ঝাড়ার মন্ত্র নিয়ে এসে বাংলাদেশের এক কিশোর ঢুকে গিয়েছিল ইতিহাসে। কিন্তু ইতিহাসের অ্যালবামে সে যেন স্থির চিত্র, চলচ্চিত্র নয়। সেই যে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, তারপর আবার সাফল্যের দেখা পেতে আরও অনেকদিন। তারপর আবার মাঝে-মধ্যে এমন কিছু হয়, আবার ঘুম। কিন্তু যখন হয় তখন আনন্দের সঙ্গে সঙ্গে আফসোসও হয়, যদি খুব নিয়মিত না হোক মোটামুটিও নিয়মিত হতেন আশরাফুল, তাহলে এতসব তত্ব কপচাতে হয় না। বাংলাদেশ আন্তর্জাতিক স্তরের লড়িয়ে দল এমনি এমনিই হয়ে যায়।
তাকে নিয়ে চেষ্টার ত্রুটি করা হয়নি। আত্মশুদ্ধির জন্য বাদ দেয়া হয়েছে দল থেকে। পুরোপুরি কাজ হয়নি। তারপর ব্যাটিং অর্ডারে পতন। অহংয়ে লাগার কথা, তবু সেখানে গিয়ে নিজেকে পুনরাবিস্কারের জন্য যে চেষ্টা করেছেন কে জানে সেটাই হয়ত আশরাফুলকে জাগিয়ে তোলার স্বার্থক মন্ত্র হতে পারে শেষপর্যন্ত। দিন দুয়েক আগে কথায় কথায় প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলছিলেন, “আর সবার মতো আমি ও তো এই ছেলেটার ভক্ত। আমি তো জানি তার কতোটা সামর্থ্য আছে। কিন্তু কী করা, ও নিজেই তো ওর জায়গাটা হারাল।”
সহকারি কোচ সালাউদ্দিন আফসোস করছিলেন, “আশরাফুল কিন্তু খুব সিরিয়াস। কারো চেয়ে কম পরিশ্রম করে না। কারো চেয়ে কম ভাবে না। কিন্তু কেন যেন হয় না।”
সেই কেন বড় এক সমাধানহীন রহস্য হয়েই রয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে। সেই রহস্যের সমাধান কী এবার হয়ে যাবে নাকি! এবারের আশরাফুলে বোধহয় আশা করা যায়। কারণ প্রতিভার সঙ্গে সঙ্গে এবার চেষ্টা আর পরিশ্রমও ছিল। ব্যাটিং অর্ডারে পতনে অহংয়ে যে আঘাত লেগেছিল তা নিংড়ে বের করে এনেছে তার ঘুমন্ত ব্যাটিং সামর্থ্যকে। তৈরি ছিলেন সুযোগ পেলেই সেটা দেখাবেন। জন্মের চেয়ে পুনর্জন্মের গুরুত্বই এখানে বেশি। দ্বিতীয়টা তো তাকে অর্জন করতে হয়েছে।
আর তাই এটা এখন আর কোনো প্রশ্ন নয় যে আশরাফুলকে কেন এত প্রশ্রয় দেয়া হয়। কিন্তু এটা এখনো প্রশ্ন, এরপরও কেন আশরাফুলের সর্বোচ্চ ব্যবহার করা হবে না!
দলের সেরা ব্যাটসম্যানের কোনো অবস্থাতেই চার নাম্বারের পরে যাওয়ার নয়। এবং আশরাফুল যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তা নিয়ে যার সন্দেহ আছে এরপরও তিনি বরং ক্রিকেট বাদ দিয়ে সন্ন্যাসই নিন!
