২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগ্রার আরেকটি ইচ্ছে পূরণের দিন?

‘চিরশত্রু’র বিরুদ্ধে এটা হতে পারে তার শেষ ম্যাচ। আর এমন এক ম্যাচে ইংলিশদের পতন দেখতে তর সইছে না গ্লেন ম্যাকগ্রার। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববারের এই খেলায় ম্যাকগ্রা নিজেও রাখতে চান বড় একটি ভূমিকা। তার ইচ্ছে, ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ স্বপ্ন জয়কে শুধু স্বপ্নে পরিণত করার। এই ম্যাচ হারলে ইংলিশদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা পড়বে খুব বড় হুমকিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী লড়াই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। অ্যাশেজ দিয়ে শুরু হলেও এখন ওয়ানডেতেও তার রেশ আছে পুরোদমে। সোয়াশ’ বছরের প্রাচীন এই সিরিজে ম্যাকগ্রার অবদানও কম নয়। ইংল্যান্ডের ১৫৭ উইকেট শিকার করেছেন ‘দ্য পিজিয়ন’। ওয়ানডেতেও রেকর্ডটা ভালোই বলতে হবে। ৩২ ম্যাচে ৫০ উইকেট ম্যাকগ্রার ক্যারিয়ারের ২৪৪ ম্যাচের ৩৬৭ উইকেটের বেশ বড় অংশই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ৩ বার। সম্প্রতি কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের শেষ তিন ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারলেও ম্যাকগ্রার পারফরম্যান্স খারাপ ছিল না।

রোববারের ম্যাচে তবু প্রতিশোধ নেয়ার তীব্র বাসনাও থাকছেই। সঙ্গে আরো যোগ হচ্ছে চির শত্রুর বিপক্ষে নিজের সম্ভাব্য শেষ ম্যাচে দারুণ কিছু করার ইচ্ছে। ৩৭ বছরের ম্যাকগ্রা ভীষণ প্রত্যয়ে তৈরি, ‘‘এটাই যথার্থ হবে, তাই না? তবে কাজটা সহজ হবে না মোটেই। অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে খেলা এবং তাদের হারানো, এখনো এটাই আমার লক্ষ্য। অ্যাশেজ দেখতে দেখতে বেড়ে ওঠার পুরো সময়টাতে আমি অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলারই স্বপ্ন দেখেছি।’’

সেই তাদের বিপক্ষে নিজের ৩৩ তম ম্যাচে ১৯ তম জয় উদযাপনের দিকে সাগ্রহে তাকিয়ে ম্যাকগ্রা, ‘‘এটা তাদের বিপক্ষে আমার শেষ ম্যাচ হয়তো। সুতরাং এই সুযোগটা কাজে লাগাতে চাই।’’ সবার জানা, বলের সিম ব্যবহার করে ব্যাটসম্যানদের দিশেহারা করতে ওস্তাদ ম্যাকগ্রা লক্ষ্য স্থির করলে তা পূরণ করে ছাড়েন। তাছাড়া ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে ম্যাকগ্রা জ্বলছেন দারুণভাবে। প্রথম ৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর আসন থেকে ওয়াসিম আকরামকে সরিয়ে নিজে বসেছেন। এমন সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলার বাড়তি প্রেরণা তো থাকছেই।

নিজেদের মাটিতে ত্রিদেশীয় আসরের ৩ ম্যাচের ফাইনাল হারার প্রসঙ্গটা কে যেন মনে করিয়ে দিলেন ম্যাকগ্রাকে। ম্যাকগ্রাও মনে করিয়ে দিলেন, ওই অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপের অস্ট্রেলিয়াকে মেলানোর মতো বোকামী আর হয় না, ‘‘তখন আমাদের একটি চোখ সম্ভবত বিশ্বকাপের দিকে ছিল। এখন আমরা এখানে, পূর্ণ মনযোগ এখানেই। দারুণ ভালো ক্রিকেট খেলছি আমরা। আমাদের ধারেকাছেই আসতে পারছে না কেউ। আমরা যা করছি সেদিকে মনযোগ দিলে কার বিপক্ষে খেলছি আর কে জয় পাবে, ওসব কোনো ভাবনার বিষয়ই না।’’