২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে আছে শুধু হতাশা

এই একটা দলের সঙ্গে জয় দূরে থাক, বাংলাদেশ কখনো মনে রাখার মতো কোনো ম্যাচই খেলেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অঘটন ঘটানো যেন অন্য যে কোনো দলের চেয়ে একটু বেশি কঠিন। কেন? গায়ানা থেকে লিখেছেন মোস্তফা মামুন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 10:57 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বাংলাদেশ যখন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি তখন আপনার ভাবনায় ম্যাচের ফলাফলটা কি ? প্রথম রাউন্ডে ভারতের বিশ্বকাপ শেষ করে দিয়ে সুপার এইটে উঠে এসেছে বাংলাদেশ। আর তারপর থেকেই ভাংতে শুরু করেছে ভক্ত-সমর্থকদের মেলে দেওয়া স্বপ্নের ডানা। ঠিক এমন সময়টাতে পরিসংখ্যানে চোখ রাখলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ দলের আকাশ-জমিন পার্থক্যটাই উঠে আসে। কোনো অঘটনের কথা স্বপ্নেও আসে না!

প্রথম বাস্তবতা, বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে ক্যারিবিয়ান দ্বীপমালায় দক্ষিণ আফ্রিকা এসেছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গায় থেকে। বাংলাদেশ সেখানে নয় নম্বর। কেউ হয়তো বলবেন, ফেভারিট ভারতকে যে হারিয়ে দিলো বাংলাদেশ! তার জন্য তথ্য, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা ৭ ম্যাচের একটিতেও সামান্য প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। না নিজের মাটিতে, না দক্ষিণ আফ্রিকায়, না নিরপেক্ষ কোনো ভেন্যুতে। প্রত্যেকটি ম্যাচই বাংলাদেশের অসহায় আত্মসমর্থনের করুণ গল্প।

এই প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৪ সালের সেপ্টেম্বরে, ইংল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে । সে বড় কষ্টের ম্যাচ। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ৯৩ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ আউট। ল্যাঙ্গেভেল্ট ও মাখায়া এনটিনি নিয়েছিলেন ৩টি করে উইকেট। ৯ উইকেটের জয় তুলে নিতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছিলো মাত্র ১৭ দশমিক ৫ ওভার।

একটু পিছিয়ে চলে যান প্রথম দেখায়। ২০০২ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ খেলে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে ৩-০ তে হার। এরপর ২০০৩ বিশ্বকাপে স্বাগতিকদের কাছে তাদের মাটিতে উইকেটের ব্যবধানে হারের সর্বোচ্চটাই জুটেছিল।

বিশ্বকাপের পর অধিনায়কত্ব গেল শন পোলকের। তরুণ গ্রায়েম স্মিথের নেতৃত্বে বাংলাদেশে এলো দক্ষিণ আফ্রিকা। পোলক ছিলেন এবং এমনভাবে ছিলেন যে তার সামনে স্বাগতিকরা খুব অসহায়। ত্রিদেশীয় সিরিজে সেবার ভারতকে হারালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের কোনো আশাই দেখা যায়নি। একটি মাত্র সান্ত¡না, ৫২ রান করে আশরাফুল এক ম্যাচের সেরা খেলোয়াড়। বাংলাদেশ করেছিল ২১১ রান। ওটাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলগত সংগ্রহ এবং একমাত্র ২০০ পেরোনো ইনিংস।

বাংলাদেশের জন্য এই প্রতিপক্ষ কত ভয়াবহ তা বুঝবেন তাদের ইনিংস আর পরাজয়ের ব্যবধান দেখলে। ৭ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই ৫০ ওভার খেলতে পেরেছে বাংলাদেশ, ওই একবারই অল আউট হয়নি। তাদের বিপক্ষে বাংলাদেশের ইনিংসগুলো হলো ১৩৩, ৯ উইকেটে ১৫৪, ১৫১, ১০৮, ২১১, ১৬৮, ৯৩। ফিরে তাকালে দেখবেন, একবার বাদে প্রতিবারই এনটিনি আর পোলকদের আগ্রাসণে শুরুতেই একের পর উইকেট পড়েছে বাংলাদেশের। এবং প্রতিবারই বাংলাদেশের সামনে শঙ্কা জেগেছে একশর কমে অলআউট হওয়ার। লোয়ার অর্ডারের কারণে তা হয়নি।

বাংলাদেশের বোলাররাও লড়তে পারেননি কখনো, একবার ৮ ( সেবার দক্ষিণ আফ্রিকার স্কোর ৩০১) ও আরেকবার ৫ ( স্কোর ২৬১), অন্যবার ৩ উইকেট ( স্কোর ২৯৪) ফেলাই তাদের সবচেয়ে বলার মতো সাফল্য। এই তিনবারই প্রথমে ব্যাট করেছিল দক্ষিণ আফ্রিকা। সুতরাং, পরাজয়ের ব্যবধানটা আর কেমন হবে! ১৬৮ রান, ১০ উইকেট, ৭ উইকেট, ১০ উইকেট, ৮৩ রান, ৯৩ রান ও ৯ উইকেট-এইসব হার বলছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বছরের পর বছরে বাংলাদেশের ব্যবধান কখনো কমেনি!