হোয়াটমোর মনে না করলেও বোর্ড মনে করছে অন্যায়
পেশাদারিত্বের যুক্তিটাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তাই ভারতের কোচ হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে কোনো অন্যায় করেছেন বলে মনে করেন না ডেভ হোয়াটমোর। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) শীর্ষ নেতৃত্ব এটাকে ঠিক কাজ বলে মনে করতে পারছে না কিছুতেই।
যুগ্ম সম্পাদক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন সরাসরিই বলেছেন, “প্রকাশ্যে এই ইচ্ছার কথা জানানো উচিত হয়নি হোয়াটমোরের। তার মনে রাখা উচিত ছিল, তিনি একটা দলকে নিয়ে বিশ্বকাপে আছেন। এবং তার এই বক্তব্যের প্রভাব দলের ওপর পড়তে পারে। হ্যাঁ অবশ্যই তার চলে যাওয়ার অধিকার আছে। কিন্তু সেই কথাটা এই সময়ে বলতে হবে কেন?”
বিসিবির সিইও মাহমুদুর রহমানও এটাকে ভালো চোখে দেখতে পারছেন না, “অবশ্যই একজনের অধিকার আছে তার ইচ্ছের কথা জানানোর। তাছাড়া যাদেরকে তিনি নিজ ইচ্ছার কথা জানিয়েছেন, সেখানে দেখলাম এও বলেছেন,‘আমার চিন্তা এখন শুধুই বাংলাদেশ দলকে নিয়ে।’ তবু বিসিবি কর্মকর্তা হিসেবে বলবো, এখনই এ কথা বলা তার ঠিক হয়নি।”
