ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার হারানো উচিৎ: ম্যাকগ্রা
৮৫ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বটে, তবে অ্যাশেজে অস্ট্রেলিয়ার সেই সাফল্যের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে। কারণ ‘বেস্ট অফ থ্রি’ ফাইনালের প্রথম দুটোতেই রিকি পন্টিংয়ের দলকে হার মানতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। সেই ম্যাচ দুটোতে পরাজয়ের যন্ত্রণা আজো ভুলতে পারেননি গ্লেন ম্যাকগ্রা।
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হাতে নাকাল হওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো যেন তাড়িয়ে বেড়ায় বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীকে। এবং আগামী রোববারই তিনি দুঃখজাগানিয়া স্মৃতিকে মাটিচাপা দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বকাপের সুপার এইটে সেদিন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাকগ্রার বিশ্বাস, এই ম্যাচে ইংলিশদের হারিয়ে কমনওয়েলথ ব্যাংক সিরিজে পরাজয়ের প্রতিশোধ ঠিকই নেবে তাদের দল।
“অস্ট্রেলিয়ায় ভাল খেলেই সফরটা শেষ করেছিল তারা (ইংল্যান্ড)। আমাদের সম্ভবত কিছুটা সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে। মৌসুমের শেষটা যেমন কেটেছিল তার চেয়ে ভিন্ন কিছুও করা দরকার আমাদের”-ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এতটাই সতর্ক ম্যাকগ্রার কণ্ঠ।
তবে সতর্ক হলেও ‘দ্য পিজিয়ন’-এর ধারণা, বর্তমান ফর্ম অনুযায়ী খেলতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে জিততে তেমন সমস্যা হবে না অস্ট্রেলিয়ার,“এখানে আসার পর থেকে যেমন চেয়েছিলাম আমাদের প্রস্তুতি হয়েছে ঠিক তেমনই। যে কোন ম্যাচের জন্যই আমরা প্রস্তুত। আমরা এক কথায় দুর্দান্ত খেলছি। সত্যি কথা বলতে কি কোন দলই আমাদের ধারেকাছে নেই। তাই ইংল্যান্ডের ও অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের তুলনা করলে বলা যায় যে এই ম্যাচে আমাদের সহজেই জেতা উচিৎ।”
আগেই ঘোষণা করেছেন, বিশ্বকাপশেষে অবসর নেবেন তিনি। জীবনের শেষ টুর্নামেন্টে, চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্ভাব্য শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতেও ম্যাকগ্রা প্রতিজ্ঞাবদ্ধ,“আমি সব সময়ই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে ভালবাসি। তাদের হারাতেও পছন্দ করি। বুট জোড়া তুলে রাখার আগে এই দলটার বিপক্ষে সম্ভবত শেষবারের মতো খেলতে যাচ্ছি। তাই শেষটা ভাল হলে তা হবে চমৎকার।”
