ওয়ার্ন নন, মুরালিধরন
নামটা ঠিক মনে নেই, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের আগের দিন দেখা সেই ফটোসাংবাদিকের চেহারাটা মনে স্থায়ী হয়ে আছে। তিনি এসে বাংলাদেশের সাংবাদিকদেরই এমন উৎসাহ দেয়া শুরু করলেন যেন আমরা খুব উৎসাহিত হলেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে। কারণ? লোকটি ইংলিশ। আর ইংলিশদের ক্রিকেটরক্তেই আছে অস্ট্রেলিয়ানদের বিরোধীতা। পিটারসেনও যেভাবে ওয়ার্নের চেয়ে মুরালিধরণকে এগিয়ে রাখছেন সেটা সেই চিরন্তন ক্রিকেট শত্রুতাবশতই কিনা কে জানে!
শেন ওয়ার্নের এমন বিধ্বংসী হয়ে ওঠার ইতিহাসে ইংল্যান্ডের অবস্থান অনেকখানিই। একের পর এক অ্যাশেজে ইংলিশদের স্বপ্ন খুন হয়েছে তার হাতে। তার বলে গ্যাটিংয়ের বোল্ড হওয়ার ছবিটা ক্রিকেটের চিরকালীন ছবিঘরে স্পিনকীর্তির সবচেয়ে বড় নিদর্শন হয়েই থাকবে সম্ভবত।এর বাইরেও আরও কতো কিছু ...। অথচ কেভিন পিটারসেন মনে করেন, ওয়ার্নের চেয়ে মুরালি অনেক বড় বোলার। তাকে খেলা অনেক কঠিন। শ্রীলংকার সঙ্গে ইংল্যান্ডের মহাগুরত্বপূর্ণ ম্যাচ সামনে, মুরালিকে এত এত সার্টিফিকেট দিলে মানসিক লড়াইয়ে তাকে জিতিয়ে দেয়া হয়, তবু তার গলা একটুও কাঁপে না। সোমবার প্র্যাকটিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার জানিয়ে দিলেন,“মুরালিধরণকে খেলা খুব কঠিন। ওয়ার্নের চেয়ে অনেক বেশি। ওয়ার্নকে তবু পাল্টা আক্রমন করা যায়। কিন্তু মুরালিধরনকে...। না। ভীষণ কঠিণ ব্যাপার।’
নিউজিল্যান্ডের কাছে গ্রুপে হেরে পয়েন্টশুন্য অবস্থায় ইংল্যান্ড সুপার এইটে। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে দুই পয়েন্ট পাওয়া গেছে বটে, কিন্তু এই দুই পয়েন্ট তো সবাই-ই পাবে। আর তাই শ্রীলংকার সঙ্গে বুধবারের ম্যাচটাতেই মোটামুটি ঠিক হবে ইংল্যান্ডের বিশ্বকাপ রথ সেমিফাইফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য তৈরি কিনা!
সেই রথের সবচেয়ে বড় চাকাগুলোর একটির নাম পিটারসেন। গত কয়েকবছরে ইংল্যান্ডের ওয়ানডে দলের যে এই রুপান্তর তার প্রধান নায়ক যদি হন ফ্লিনটফ, তবে তার সুযোগ্য সতীর্থ কেভিন পিটারসেন। ফ্লিনটফের অত বিশাল শরীর নেই, কিন্তু ক্রিকেট বলকে পেটানোর জোর যদি বিবেচ্য হয়, তাহলে পিটারসেন খুব পিছিয়েও নেই। জোরে মারাই বড় কথা নয়, কথাটা হলো, সঙ্গে সঙ্গে উইকেটে থেকে অনেক্ষন চালিয়ে যাওয়া। পিটারসন যতক্ষণ উইকেটে থাকেন ততক্ষণ দাপটের সঙ্গে থাকেন বলেই তার রানের অনুপাত বলের চেয়ে বেশিই থাকে সাধারণত।
কিন্তু বিশ্বকাপে এখনও এমন আহামরি কোনো পারফরম্যান্স নেই তার, নেই ইংল্যান্ড দলেরও। পিটারসেন মানছেন,“এখন পর্যন্ত আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। কাজেই পরের ম্যাচগুলোর প্রতিটিই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ন। শ্রী লংকার সঙ্গে ম্যাচটা তো অবশ্যই। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, বিশ্বকাপে মাত্র একটা ম্যাচ হেরেছে, কিন্তু সেই ম্যাচেও শেষ পর্যন্ত লড়াই করেছে।”
সেই সূত্র ধরেই এলেন মুরালিধরণ। ওয়ার্নের স্বর্ণসময়ে তিনি হয়তো ছিলেন না, কিন্তু ২০০৫-এ যে অ্যাশেজ খেলেছেন সেখানেও তো ওয়ার্নের তোপ কিছু কম ছিল না। তবু তিনি মনে করেন, মুরালিধরণকে মোকাবেলাই ব্যাটস্যানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ,“সে মুখে কিছু বলে না। যা করার করে তার বল। দু-দিকেই বল ঘোরাতে পারে, দ্রুতগতির স্পিন। আমি যে কয়েকবার তার মুখোমুখি হয়েছি, তার মধ্যে কখনো কখনো তার বল বুঝতে পেরেছি। কিন্তু খুব সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই পারিনি। কাজেই আবার তার মুখোমুখি হওয়াটা আমার জন্য বা আমাদের ব্যাটসম্যানদের সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ।”
সেই চ্যালেঞ্জ জেতার জন্য, মানে, মুরালিকে খেলার জন্য একটা বিশেষ কৌশলও নাকি বের করে ফেলেছেন পিটারসেন,“তাকে খেলার জন্য আমি একটা উপায় ঠিক করে রেখেছি। সেটা কী এখনই বলবো না। কিন্তু বুধবার আমি সেভাবেই খেলবো। যদি হয় তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে।”
সেই কৌশলটা কী এবং কতোটা ফলপ্রসূ সেটার জন্য মুরালির সঙ্গে তার লড়াইটা তো দেখতেই হয়। মুরালির বিপক্ষে কতজন কতকিছু বের করেছেন এবং ব্যর্থ হয়েছেন। দেখাই যাক না, পিটারসেন তাদের সারিতে নাম লেখান, নাকি মুরালি-প্রতিষেধক আবিষ্কার করে নতুন ক্রিকেট-আবিষ্কারক হন!
