২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদেরই ম্যাচ গড়াপেটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে : স্টিভ ওয়াহ

“এই, ক্রিকেটে নাকি কী সব হচ্ছে? ম্যাচের ফল আগে থেকেই নির্ধারিত হয়ে যাচ্ছে।” প্রশ্নকর্তা যদি হন অন্য কোনো খেলার সেলিব্রেটি আর উত্তরদাতা স্টিভ ওয়াহ, তাহলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কের বিব্রত হওয়াই খুব স্বাভাবিক। স্পেনের বার্সেলোনায় বিখ্যাত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ‘ লরিয়াস’এ যোগ দিতে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিরই মুখোমুখি হতে হয়েছিল ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তীকে। তিনি নিজেই শোনাচ্ছেন সেই অভিজ্ঞতার কথা,“ক্রিকেটে কী চলছে, এই নিয়ে ঐ অনুষ্ঠানে অন্যান্য খেলার কিংবদন্তীদের কাছ থেকে প্রশ্ন শুনতে হচ্ছিল আমাকে। যা খেলাটার ইমেজের জন্য ক্ষতিকর।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 10:12 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বব উলমার হত্যাকান্ডে ম্যাচ গড়াপেটার পুরনো ভূত আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এই ভূত তাড়ানোর জন্য ক্রিকেটারদেরই সোচ্চার হতে বলছেন স্টিভ ওয়াহ। এবং তার একটা রূপরেখাও দাঁড় করিয়েছেন তিনি,“ আসলে বিষয়টা খেলোয়াড়দেরই হাতে। এমনও হতে পারে, তারা সবাই একটা ঘোষণাপত্রে সই করে বলছে আমি একশোভাগ সৎ। তবে একটা কিছু করতেই হবে। কারণ ম্যাচ গড়াপেটা খেলাটাকে নষ্ট করে দিচ্ছে।”

লোকজন যা মনে করেন, ম্যাচ গড়াপেটার পরিধি তার চেয়েও অনেক বিস্তৃত হয়ে থাকতে পারে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তার ভাষায়,“এটা ভাবাটা চরম বোকামিই হবে যদি বলা হয় এর সঙ্গে একটা কিংবা দুটো দেশই কেবল জড়িত। আমি জানি না এর সঙ্গে জড়িত কারা। তবে অবস্থা দেখে মনে হচ্ছে, একটা কিংবা দুটো নয়, আরো দেশও আছে। কিন্তু এটা থামাতে কী করা হচ্ছে?’ স্টিভ ওয়ার প্রশ্নেই তার হতাশাটা পরিষ্কার। তবে ম্যাচ গড়াপেটার বীজ এখনই তুলে ফেলতে না পারলে খেলাটার ভবিষ্যত নিয়েও উদ্বেগ আছে তার,“ কীভাবে এটা থামানো যায়, আমার মনে হয় না আইসিসি কিংবা অন্য কেউ সেটা জানে। কয়েক বছর আগে আইসিসি একটা কমিটি করেছিল এজন্য। কিন্তু অবস্থা খুব একটা পাল্টেছে বলে মনে হয় না। তবে যা করার এখনই করতে হবে। না হলে খেলাটা চিরতরে শেষ হয়ে যাবে।”