২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উড়িয়ে দিল নিউজিল্যান্ড

‘‘গুড মর্নিং নিগারস্”! আসলেই কী নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার সেদিন এমন সম্ভাষণ জানিয়েছিলেন কাউকে?

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ঘটনার দিন ২৯ মার্চ। স্থান অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর ঠিক আগে ঘটনাটার জন্ম। সে সময় নাকি খাবার পরিবেশনার দায়িত্বে থাকা স্থানীয় এক দল ব্যক্তি এমনই সম্ভাষণ পেয়েছিলেন কিউই ক্রিকেটারদের কাছ থেকে। স্থানীয় সংবাদপত্র ‘অ্যান্টিগা সান’ সোমবার প্রথম পাতায় এ খবর ছেপে রীতিমতো হই চই ফেলে দিয়েছে। তবে পুরো ব্যাপারটাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার লিন্ডসে ক্রকার।

নিউজিল্যান্ড প্রেস অ্যাসোসিয়েশনকে ক্রকার জানিয়েছেন, পুরো বিষয়টা তিনি তদন্ত করে দেখেছেন। তার সঙ্গে ছিলেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অপারেশন্স ডিরেক্টর মাইকেল হল। খাবার পরিবেশনের দায়িত্বে থাকা দলের সঙ্গে কথা বলেছেন ক্রকার। তার দাবি, এই দলটি মনে করেছিল দলের খেলোয়াড়দের মধ্যে আলোচনায় কেউ ‘নিগার’ শব্দটি শুনেছেন, ‘‘সবাই যখন মাঠে নামার জন্য তৈরি হচ্ছে তখন খেলোয়াড়দের মধ্য থেকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে, এমন গুজব শুনে সতর্ক হয়ে উঠি আমরা। খাবার পরিবেশকদের সঙ্গে কথা বলে দ্রুতই জেনে যাই, তখন ঘরে তিন বা চারজন খেলোয়াড় ছিলেন। দলের সিনিয়র খেলোয়াড়দের কথা বলা হলেও তারা বলতে পারেননি সে সময় কারা ছিলেন সেই ঘরে।’

বর্ণবাদী মন্তব্যের তদন্ত প্রসঙ্গে আরো ব্যাখ্যায় যেতে হয়েছে ক্রকারকে, ‘‘তিনজন (ক্রিকেটার) ঘরের অন্যপ্রান্তে কথা বলছিলেন। খাবার পরিবেশকদের ধারণা, তখন আলোচনার মধ্যে ‘নিগার’ শব্দটা তারা শুনেছেন। তারা সত্যি তা শুনেছেন কি না সে বিষয়ে নিজেরাই নিশ্চিত নন। এর বেশি কোনো মন্তব্য তারা শোনেন নি। আর ওই কথা খাবার পরিবেশকদের উদ্দেশেও বলা হয়নি।’

ক্রকার বলেছেন, হল আর তিনি তখনই নিশ্চিত হয়ে যান এটি আসলে কিছুই নয়। ঘটনার মৃত্যু সেখানেই। কিন্তু ‘অ্যান্টিগা সান’ পত্রিকা এ খবর দিয়েও দমে যাচ্ছে না। তাদের ধারণা, সেদিন বর্ণবাদী মন্তব্যের ঘটনা একাধিক ঘটে থাকতে পারে। মাঠে খেলোয়াড়দের দিকে বর্ণবাদী মন্তব্য ছুড়ে দেয়াই ত্রিনিদাদের ক্রীড়া ধারাভাষ্যকার অনিল ‘স্পাক’ রবার্টসের গ্রেপ্তারের কারণ। সেদিন পুলিশ তাকে পার্টি স্ট্যান্ড থেকে ধরে নিয়ে যায়।