দক্ষিণ আফ্রিকার দুশ্চিন্তা মিডল-অর্ডার
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিনা উইকেটে ১৬০ রানের দারুণ অবস্থানে থেকেও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচটা তারা হেরে যায় ৮৩ রানে। একই অবস্থা হতে পারতো শ্রীলঙ্কার সঙ্গেও।
হাতে ৫ উইকেট ও ৫ ওভারেরর বেশি নিয়ে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৪ রান-এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও ম্যাচটা হেরে যেতে বসেছিল গ্রায়েম স্মিথের দল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বারের মতো টানা চার বলে চার উইকেট তুলে নেয়া লাসিথ মালিঙ্গা একটুর জন্য নাটকীয় জয় এনে দিতে পারেননি শ্রীলঙ্কাকে। দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে এক উইকেটে জিতেছে বটে, কিন্তু তা হার্শেল গিবসকে আশঙ্কামুক্ত করতে পারেনি একটুও। বরং মিডল অর্ডার ব্যাটসম্যানদের টানা ব্যর্থতায় তার কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ!
“শুরুতে ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছে। এবং আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরাও তাদের সঙ্গে জ্বলে উঠতে পারলে খুব ভাল হতো। কিন্তু একটা ম্যাচ ছাড়া তারা ভালো খেলতে পারেনি”-এবারের বিশ্বকাপে মিডল অর্ডার ব্যাটিং নিয়ে তার হতাশার কথা এভাবেই জানিয়েছেন গিবস। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ওভারে ছয়টা ছক্কা মেরে ক্রিকেট দুনিয়াকে অভিভূত করে দেয়া গিবস খুব তাড়াতাড়িই এই সমস্যার সমাধান খুঁজে পেতে আগ্রহী,“শুরুতে ব্যাটসম্যানরা ভালো খেলছে বলে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও মাঠে নেমে তাদের মতো সমান মনযোগ দিয়ে ব্যাট করা দরকার। এ ধরনের বড় টুর্নামেন্ট জয়ের জন্য দলীয় প্রচেষ্টার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সও জরুরী।”
মালিঙ্গার ঐ চারটি বলকে দক্ষিণ আফ্রিকার জন্য এক ‘সতর্কবার্তা’ বলেও মনে করছেন গিবস,“দারুণ সূচনার পর সমান মনযোগ দিয়ে ইনিংস শেষ করতে না পারার ব্যর্থতা থেকে শিক্ষা নিচ্ছি আমরা। খেলাতে মনসংযোগ হারালে এমন ঘটনা ঘটতেই পারে। দেখা যায়, খুব ভালো চারটা বল ম্যাচের চেহারাই পাল্টে দেয়।”
মালিঙ্গার ঐ বিধ্বংসী স্পেল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের জন্য কতটা শিক্ষণীয় ছিল তা কিছুটা হলেও বোঝা যাবে মঙ্গলবার। জর্জটাউনে সেদিন গ্রায়েম স্মিথের দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। অপেক্ষাকৃত দুর্বল হলেও আইরিশদের প্রতি গিবস যথেষ্টই শ্রদ্ধাশীল,“আমরা জানি, তারা বেশ বিপজ্জনক দল। এবং এ-ও জানি কোনো কিছুই সহজলভ্য নয়। প্রতিপক্ষকে অশ্রদ্ধা করলে তা দলের জন্য ক্ষতিকর হতে বাধ্য। এটা খুব বিশাল একটা টুর্নামেন্ট। এখানে নির্ভার থাকার কোনো উপায় নেই।”
