উলমারকে পাকিস্তানিদের শ্রদ্ধা নিবেদন
বব উলমারের অস্বাভাবিক মৃত্যু এখনো অমীমাংসিত রহস্য। আর সে কারণেই বুঝি অকাল প্রয়াত এই কোচের জন্য পাকিস্তানিদের রক্তক্ষরণটা বেশি। ক্রিকেটার, কর্মকর্তাদের সঙ্গে লাহোরে সাধারণ অনেক মানুষ যোগ দিয়েছিলেন ‘উলমার স্মরণসভায়’। ১০০ বছরের পুরণো চার্চে প্রায় ৩০০ মানুষ শ্রদ্ধা জানালেন উলমারকে।
এই স্মরণসভায় ছিলেন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল হক, অলরাউন্ডার শোয়েব মালিক ও ব্যাটসম্যান সালমান বাট। ছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি ও পাঞ্জাবের গভর্নর। পাকিস্তানের টি-শার্ট পরা হাস্যোজ্জ্বল উলমারের বড় একটি ছবির সামনে জ্বালানো হয় মোমবাতি, ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পক্ষ থেকে উলমারের ছবিতে ফুল দেন বোর্ড সভাপতি।
তাদের সবার কথা, ২০০৪ সাল থেকে আমৃত্যু পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা উলমারকে ভোলা যাবে না। কাজ দিয়ে পাকিস্তানের ক্রিকেটে গভীর এক প্রভাব রেখে গেছেন তিনি। অধিনায়ক ইনজামাম বড় শোকার্ত, ‘‘দলের মধ্যে কতোটা প্রভাব যে তিনি রেখে গেছেন তা কারো পক্ষে বোঝা সম্ভব না। অসাধারণ এক কোচ ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন তারচেয়েও ভালো।’’
পাকিস্তান ক্রিকেট বোর্ড লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমির মূল হলকে উলমারের নামে নামকরণের ঘোষণা দিয়েছে। পাঁচ তাঁরা হোটেলে থাকার ব্যবস্থা ছিল উলমারের জন্য। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তিনি থেকেছেন ও কাজ করে গেছেন ওই একাডেমির একটি কক্ষ বেছে নিয়ে।
১৮ এপ্রিল সকালে জ্যামাইকার কিংস্টনের পেগাসাস হোটেলে অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৮ বছর বয়সী উলমারকে। হাসাপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে জ্যামাইকা পুলিশ জানায়, খুন করা হয়েছে ‘ল্যাপটপ কোচ’ নামে খ্যাত উলমারকে। ঠিক আগের দিনই আয়ারল্যান্ডের কাছে হারায় বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় হয়ে যায় পাকিস্তানের। উলমারের হত্যারহস্য উদঘাটন করতে স্কটল্যান্ড ইয়ার্ড গোয়েন্দাদের একটি দল যাচ্ছে জ্যামাইকায়।
