ব্যাটসম্যানদের প্রতি হোয়াটমোরের পরামর্শ
“ক্রিকেটের এ ধরনের সংক্ষিপ্ত কলেবরে কিছুটা অনভিজ্ঞতা এবং মূলত দায়িত্বশীলতার অভাব”-শনিবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবার পর বাংলাদেশের পারফরম্যান্সকে এভাবেই বর্ণনা করলেন ডেভ হোয়াটমোর। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হওয়ায় বাংলাদেশের কোচ স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ।
তবে তারপরও তার আশা, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপের পরের ম্যাচগুলোতে তা কাজে লাগাতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আগের রাতের বৃষ্টিতে ভিজে যাওয়া আউটফিল্ড শুকিয়ে প্রায় ৫ ঘন্টা পরে শুরু করা হয় ম্যাচটা। ৫০ ওভার থেকে ২২ ওভারে নেমে আসার পরও গ্লেন ম্যাকগ্রার তোপ থেকে বাঁচতে পারেনি হাবিবুল বাশারের দল। ওয়াসিম আকরামকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট-শিকারী ম্যাকগ্রার শনিবারের পারফরম্যান্সে হোয়াটমোর একেবারে মুগ্ধ। একই সঙ্গে সর্বকালের অন্যতম সেরা পেসারকে আক্রমণ করতে গিয়ে শুরুতেই উইকেট হারানোর বেদনাতেও তিনি আক্রান্ত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেই দুঃখ ফুটে উঠেছে তার কণ্ঠেও, “তার (ম্যাকগ্রার) ইকোনমি রেট সবার সেরা। ছেলেরা সেটা জানতোও। অথচ তারপরও তাকে আক্রমণ করতে গেল। ব্যাপারটা খুবই হতাশাজনক। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চারটি উইকেট হারিয়ে ফেললে লড়াই করার মতো স্কোর গড়া খুব কঠিন।”
হোয়াটমোর এখন আশা করছেন, এই ম্যাচের ভুলগুলো শুধরে আগামীতে লড়াইয়ে ফিরতে পারবে তার দল,“আমরা এখন মনেপ্রাণে চাইছি, ক্রিকেটাররা যেন ব্যক্তিগতভাবে আরো বেশি লড়াকু হয়ে ওঠে। শুরুতে উইকেট ধরে রেখে ধীরে ধীরে রান বাড়ানোর চেষ্টা করতে হবে আমাদের। আর সেটা আমাদের দারুণ সাহায্য করবে।” সেই চেষ্টা সফল হবে কি না সোমবারই তার একটা ইঙ্গিত পাওয়ার কথা। সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে এদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
