২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের সান্ত্বনা ছাড়া আর কোনো প্রাপ্তি নেই

পন্টিং কাটা ঘাঁয়ে নুনের ছিটা দিলেন না। সেটাই রক্ষা। নইলে এমনিতে পন্টিংয়ের মুখ যা চলে, আতে ঘা দিতে তিনি যেমন ওস্তাদ, তাতে ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট তার জিহ্বায় দ্বিতীয় দফা মানহানির শিকার হতে পারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অ্যান্টিগা থেকে মোস্তফা মামুন, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

স্টিভ ওয়াহর মতো দৃঢ় ব্যক্তিত্ব তার নেই। মার্ক ওয়াহর মতো ধুরন্ধর ক্রিকেটবুদ্ধির মালিকও তিনি নন। তবু অস্ট্রেলিয়া বিশ্বক্রিকেটের এমন শাসক যে তাদের অধিনায়ক বিশ্ব ক্রিকেটের নেতাও। আর পন্টিং ঢাক ঢাক গুড় গুড়ে বিশ্বাসী নন। যা মনে করেন কূটনীতির পর্দায় তা না ঢেকে সোজাসাপ্টা বলেও দেন। কাজেই বাংলাদেশকে এমন ফু দিয়ে উড়িয়ে দেওয়ার পর প্রশ্ন হলো, বাংলাদেশ কী সত্যিই উন্নতি করেছে? নাকি পুরোটাই ‘ফ্লুক’! পন্টিং প্রশ্নটাকে সম্মান করলেন। তারচেয়েও বেশি সম্মান করলেন বাংলাদেশকে,“আগের চেয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তাদের মানসিকতা এখন অনেক ইতিবাচক। আজ হয়তো পারেনি, কিন্তু আমি নিশ্চিত, ওরা ধীরে ধীরে আরও অনেক এগোবে। এই দলের সবচেয়ে যেটা ভালো দিক, সেটা হলো, দলে প্রচুর তরুণ খেলোয়াড় আছেন যাদের বয়স ১৭-১৮-১৯। কাজেই বাংলাদেশ এগিয়ে যাবেই।’ সংবাদ সম্মেলনে পন্টিংয়ের কথাটা শুনে জানা কথাটা আবার মাথায় এলো। তাই তো! দলের খেলোয়াড়দের সিংহভাগ তরুণ এবং তরুণরা বয়সগত কারণে যেমন ধাক্কা খায়, তেমনি সামলেও নেয়। কাজেই এমন কিছু ক্ষতি হবে না। বাংলাদেশ সামলে উঠবে।

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলায় হারে কোনো লজ্জা নেই। নিকটতম প্রতিদ্বন্দীও অস্ট্রেলিয়ার দিনে অস্ট্রেলিয়ার কাছে সর্বোচ্চ ব্যবধানে হারতে পারে। যার-তার পিঠে তিন-সাড়ে তিনশ রানের বোঝা তারা অবলীলায় চাপায়। সেদিক থেকে ম্যাচটা ছোট হয়ে যাওয়াতে বাংলাদেশের জন্য একটু ভালোই হওয়ার কথা। চিরন্তন ক্রিকেট হিসাব বলে, ম্যাচ ছোট হলে সেটা লটারির আকার নেয়। তখন যা-তা ঘটতে পারে। কিন্তু বাস্তবে দেখা গেলো, সেটাই বাংলাদেশের একটা সমস্যা। ২০-২২ ওভারের ম্যাচে কেমন খেলতে হয়, কতোটা মারতে হয় আর কতোটা ছাড়তে হয় সে বিষয়ে সম্যক ধারনাটাই নেই বাংলাদেশের ব্যাটসম্যানের।

হাবিবুলও মানছেন যে ওটা একটা সমস্যা,“বড় দলগুলোর বিপক্ষে আমরা আসলে ৫০ ওভারের খেলাই খেলতে চাই। ম্যাচ ছোট হয়ে যাওয়া আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তাছাড়া এ ধরনের পরিস্থিতির সঙ্গে আমরা খুব পরিচিত নই বলে সমস্যাটা একটু বেশিই হয়।” আর হাবিবুল মনে করেন, বাংলাদেশ যে ম্যাচে ফিরে আসতে পারেনি সেটারও কারণ ম্যাচটার দৈর্ঘ্য ছিল ২২ ওভার, “প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলাটা ছিল আমাদের জন্য বড় ধাক্কা। ৫০ ওভারের ম্যাচ হলে ওখান থেকে ফিরে আসা হয়তো যায়, কিন্তু এমন ম্যাচে আর ফিরে আসা যায় না।”

যায়ওনি। যে কয়েকজনের একজন অন্তত বড় একটা সময় টিকে থাকলে সম্মানজনক রান হতো তাদের প্রত্যেকেই ধুমকেতুর মতো ঝলক দেখালেন শুধু। কয়েকটা দুরন্ত শটে আশা এবং বিলাসী শটে আশার মৃত্যু। এরপর যারা ছিলেন তারা ইনিংসটাকে ধরে রাখতে পারেন শুধু। সেটাই করলেন বাকিরা। তাই শুরুতে ৪ উইকেট হারানো সত্বেও বাংলাদেশ শেষপর্যন্ত অলআউট নয়। একশ রানের কোটা পেরিয়ে মানটা বাঁচানো গেছে।

কিন্তু ইনিংস শেষে হিসাবে বসে দেখা যাচ্ছে শীর্ষ ব্যাটসম্যানদের ব্যর্থতাটা ধীরে ধীরে প্রশ্নবোধক জায়গায় চলে যাচ্ছে। চার ম্যাচে তাদের সিংহভাগেরই রান নেই। বাংলাদেশ দল কি চিন্তিত? “আমার মনে হয়, এটা নিয়ে ব্যাটসম্যানদের নিজেদেরই ভাবা উচিত। কিন্তু এখনই ঠিক বদলের চিন্তা আমরা করছি না। আরও দুয়েকটা ম্যাচ দেখার পর হয়তো সিদ্ধান্ত নিতে হবে।” এভাবেই হাবিবুল টপ অর্ডার ব্যাটসম্যানদের সতর্ক সংকেত শুনিয়ে রাখলেন। আর একটা-দুটো ব্যর্থতার পর এই সতর্ক সংকেত মহাবিপদ সংকেতে রূপ নেবে হয়তো। পরিবর্তনও আসবে হয়তো।

এর মধ্যেও একজনের বিষয় আলাদা। তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজে এসে নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে যে দুটো ম্যাচে বাংলাদেশ তুলকালাম ঘটিয়েছে, সেই দুটোরই নায়ক তিনি। কিন্তু তারপর তিন ম্যাাচে কিছুই নেই। ঠিক যে তামিমকে তার মতো খেলতে দেয়া উচিত, কিন্তু এভাবে প্রতি ম্যাচে যদি আত্মঘাতি হন , তাহলে তো বাংলাদেশ ১০ জনের দল হয়ে যায়। হাবিবুল খানিকটা চিন্তায়,“আমরা চাই ও তার মতো খেলুক, কিন্তু আবার প্রতি ম্যাচে সে এভাবে আউট হবে সেটাও তো মানা যায় না। আমি ওর সঙ্গে কাল (রোববার) আলাদা করে কথা বলবো। ওকে বুঝতে হবে, ওর উইকেটের একটা দাম আছে। সেটা সস্তায় এভাবে দিয়ে আসা রোজ-রোজ ঠিক হবে না।”

মোটামুটি এই হলো অধিনায়কের চোখে ব্যর্থতার ব্যবচ্ছেদ। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে এর চেয়েও বড় দুর্ভোগ ঘটতে পারত, বড়রাই তার শিকার হন প্রতিনিয়ত। কিন্তু বাংলাদেশ যে আশার মশাল জ্বালিয়েছে, সেটা রক্ষার দায়িত্ব তারা পালন করতে পারল কোথায়! ২২ ওভারের ম্যাচে ১০৪ রান মেনে নেয়া যায় না, মেনে নেয়া যায় না ১০ উইকেটের হারও। কিন্তু আবার এটাও তো ঠিক যে ২২ ওভারের ম্যাচ দিয়ে কোনো সিদ্ধান্তে পৌছানো অন্যায় হয়।

কাজেই চূড়ান্ত কোনো মুল্যায়নে না গিয়ে পরের ম্যাচটাতে মন দিতে হবে। বাংলাদেশের খেলোয়াড়দেরও। ক্রিকেটামোদীদের জন্যও।