২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার - হত্যা - রহস্য তদন্তে এবার স্কটল্যান্ড ইয়ার্ড

দু সপ্তাহ হতে চললো হত্যাকান্ডটার। বহু আলামতও আছে তদন্ত কর্মকর্তাদের হাতে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বব উলমারের হত্যাকারীর সন্ধান পাওয়া যাচ্ছে না কিছুতেই। অনেকটা নিরুপায় হয়েই সেজন্য স্কটল্যান্ড ইয়ার্ডের সাহায্য চাইছে জ্যামাইকান পুলিশ। বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থাটির কয়েক জন কর্মকর্তা আগামী সপ্তাহে উলমারের হত্যার রহস্যানুসন্ধান পর্যবেক্ষণ করতে কিংস্টনে যেতে পারেন। ইংল্যান্ডের কয়েকটি পত্রিকাকে টেক্সট মেসেজের মাধ্যমে তথ্যটা জানিয়েছেন জ্যামাইকার ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ইংল্যান্ডের বিখ্যাত দুটো পত্রিকা ‘দ্য টাইমস’ ও ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, স্কটল্যান্ড ইয়ার্ডের ৬ জন গোয়েন্দা উলমারের হত্যা তদন্তে সাহায্য করার জন্য জ্যামাইকায় পৌঁছাতে পারেন আগামী সপ্তাহে। কিন্তু শিল্ডসের মতে, সরাসরি সাহায্য না বলে এটাকে পর্যবেক্ষণ বলাই ভালো। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের কমিশনার ইয়ান ব্লেয়ারের কাছে এ সম্পর্কে প্রস্তাব রেখেছে জ্যামাইকার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। অর্থাৎ ব্যাপারটা এখনো পর্যন্ত শুধু প্রস্তাবের পর্যায়েই। শিল্ডস অবশ্য খুব শিগগির তার সাবেক সতীর্থদের কিংস্টনে দেখার ব্যাপারে আশাবাদী,“সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেলে আগামী সপ্তাহেই তাদের এখানে পৌঁছে যাওয়া উচিৎ।”

এদিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে উলমারের মৃতদেহের জন্য অপেক্ষার প্রহর কাটতেই চাইছে না তার পরিবারের। তদন্তের জন্য এখনো সর্বকালের অন্যতম সেরা কোচের মৃতদেহ রেখে দেয়া হয়েছে কিংস্টনেই। প্রতীক্ষা করতে করতেই উলমারকে নিয়ে একটি স্মরণসভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ‘বব উলমার ট্রাস্ট ফান্ড’। আগামী বুধবার কেপটাউনের একটি স্কুলে হতে যাওয়া এই স্মরণসভা সম্পর্কে এক বিবৃতিতে উলমারের পরিবার জানিয়েছে, “রেভারেন্ড জেরম ফ্রান্সিস সভাপতিত্ব করবেন এই স্মরণসভার। ১১ বছর বয়সে তাকে  (ফ্রান্সিসকে) কোচিং করিয়েছিলেন বব।” উলমারকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা অনুষ্ঠানটিতে বক্তব্য রাখবেন তার আরেক সাবেক শিষ্য অ্যালান ডোনাল্ড। সাবেক এই তারকা ফাস্ট বোলারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক টিম নোকসও থাকবেন বক্তার সারিতে।  এই নোকসকে সঙ্গে নিয়েই ক্রিকেটের শিল্প ও বিজ্ঞান বিষয়ক একটা বই লিখেছিলেন বব উলমার।