গ্যালারির লড়াইয়ে আগেই হেরে যাচ্ছে বাংলাদেশ!
বাংলাদেশ ক্রিকেটের মুল যে শক্তি সেটাই আজ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে থাকছে না! ব্যাট-বলের দাপট! ভুলে যান। সেটা কখনোই বাংলাদেশ ক্রিকেটের এক নাম্বার শক্তি নয়। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি তার ক্রিকেটপ্রেম। দেশের মানুষের ক্রিকেটমুখিতার জোরেই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল। নইলে ২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট খেলতে শুরু করে তখন শক্তিতে কেনিয়ার বিপক্ষেই বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণিত নয়। কিন্তু কেনিয়ার ক্রিকেট--প্রেম নেই, সুবাদে নেই ভবিষ্যত, বাংলাদেশের সেটা খুব আছে। কাজেই বাংলাদেশ টেস্ট পরিবারের ১০ নাম্বার সদস্য। এবং তারপর যখন যতবার বাংলাদেশের ক্রিকেট প্রশ্নের মুখে পড়েছে ততবারই ঢাল হয়ে থেকেছে এটা। মানুষের দুনির্বার ক্রিকেট প্রেম। কিন্তু আজ অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে ক্রিকেটপ্রেমীদের ভীড় যেখানে খুব জরুরি সেখানে সমর্থনে বাংলাদেশের পিছিয়েই থাকার কথা। অস্ট্রেলিয়ার যত লোক অ্যান্টিগায় তার শতাংশও বাংলাদেশি নেই এখানে।
এই বিশ্বকাপে মাঠে কেন দর্শক আসছে না সেটা সবার জন্যই একটা চিন্তার কথা। ব্রায়ান লারা তো প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পাচ্ছেন না। “আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের এখানে এমনিতে যেসব আন্তর্জাতিক ক্রিকেট হয় তাতেই লোক অনেক বেশি হয়। অথচ বিশ্বকাপে সেরকম দর্শক নেই।” লারা বলছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচের পর এবং মজার ব্যপার সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দল হওয়া সত্ত্বেও মাঠে তাদের সমর্থনই তুলনামুলক কম। কেন? বাংলাদেশের সাংবাদিকরা এখানে যে জায়গাটায় আছেন সেখানেই এর খানিকটা প্রমাণ লুকিয়ে। এটা ঠিক হোটেল নয়, আলাদা-আলাদা অনেকগুলো কটেজ, তার সিংহভাগই ভর্তি অস্ট্রেলিয়ান সমর্থকে। কেউ মেলবোর্ন থেকে এসেছেন, কেউ সিডনি থেকে; মাস ছয়েক আগেই বিশ্বকাপের ফিকশ্চার দেখে ছক কষে তারা এখানে বুকিং দিয়ে বসে। এমন আরও যেসব থাকার হোটেল বা কটেজ সেগুলোর বেশিরভাগই ভরে আছে অস্ট্রেলিয়ান সমর্থকে। তাদের সঙ্গে যদি থাকত ভারতীয় সমর্থক তাহলে মাঠ ভরা নিয়ে বোধহয় চিন্তা করতে হতো না। ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছিলেন সুপার এইটটা তারা এখানেই শুরু করবে, সেই অনুযায়ী আমেরিকা-কানাডার ভারতীয়রা এখানে আসার পরিকল্পনা করেছিল, তাতে বাংলাদেশ এমন জল ঢেলে দিয়েছে যে যাদের কাছে ক্রিকেটের অনেক আগে পর্যটন তারাই শুধু এসেছেন। বাকিরা আর এই পথ মাড়ানইনি। অ্যান্টিগার মাঠগুলো খালি থাকার এটাও একটা কারণ।
এবং কারণ বাংলাদেশি সমর্থকরা আশাই করেনি যে বাংলাদেশ সুপার এইটে উঠবে।
আশফাক হাই নামের একজন মধ্যবয়সী বাংলাদেশিকে সেদিন বাংলাদেশের হোটেলে পাওয়া গেলো। প্রথমে মনে হলো ভুল করে এসেছেন, পরে ভুলটা ভাঙ্গল যখন জানা গেলো তিনি ফিকশ্চার দেখে আগেই ঠিক করে রেখেছিলেন তার সূচি। তার নাকি মন বলছিল বাংলাদেশ সুপার এইটে উঠবে, কাজেই তিনি সেই অনুযায়ী তার ভ্রমণ পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু আশফাকের মতো সবার তো আর মন এমন উচ্চাভিলাষী নয়, আগে থেকেই বলে দেয়নি যে বাংলাদেশ ভারতকে হারিয়ে ভারতের জায়গায় সুপার সিক্স খেলবে, কাজেই ত্রিনিদাদে যত বাংলাদেশি তার সিকিভাগও এখানে নেই। সবাই ধরে নিয়েছিল বাংলাদেশ গ্র“প পর্বই খেলবে শুধু, কাজেই সে অনুযায়ীই টিকেট-ভিসা-ছুটি! ক্যারিবিয়ান সম্ভবত পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশ, কাজেই সেখানে চাইলেও কারো পক্ষে বাজেটের বাইরে গিয়ে খুব বেশিদিন থাকা সম্ভব না। কাজেই মনে কষ্ট নিয়ে আর শুভকামনা রেখে ত্রিনিদাদ থেকে ফিরে গেছেন সিংহভাগ বাংলাদেশি। আর দেশটা এত দূরের বলে বাংলাদেশ থেকে বিশেষ কারো আসার প্রশ্ন নেই। দেশের জরুরি রাজনৈতিক পরিস্থিতির কারণেই কিনা ক্রিকেট বোর্ডের তেমন কেউ আসেননি। আর সেজন্যই ত্রিনিদাদের হোটেল হিলটন যেখানে বাংলাদেশিদের ভীড়ে গিজগিজ করত, সেখানে অ্যান্টিগায় বাংলাদেশি ক্রিকেটাররা যেন অনাথ, আত্মীয় পরিজনহীন। হাবিবুল বাশার ত্রিনিদাদে বলছিলেন, “বিদেশ থেকে যে মানুষ আসে সেটা আমাদের জন্য বড় এক প্রেরণা। তাছাড়া ওদের কাছে পেলে দেশকে ভুলে থাকাও যায়।” সেটা মাঠের বাইরে, আর ভেতরে লাগে হৈ-চৈ, পক্ষে তুমুল হাততালি। বাংলাদেশের ক্রিকেটাররা তো এভাবেই সারাজীবন খেলে এসেছেন।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর অ্যান্টিগার তরুণ ট্যাক্সি ড্রাইভার ওয়াশিংটন মাঠের দিকে তাকিয়ে বলছিল, এত বড় মাঠ বানানোটা হয়েছে একটা অপচয়। কেন? এই মাঠ কীভাবে ভরবে? কথার ভেতরে গেলে দেখা যাচ্ছে মাঠটা অ্যান্টিগার তুলনায় একটু বড়ই হয়ে গেছে। ৮০ হাজার মাত্র মানুষ, তার মধ্যে শিশু এবং বৃদ্ধ ধরলে প্রায় অর্ধেক বাদ চলে যাচ্ছে। এখন বাকি অর্ধেককেই মাঠে আসতে হবে মাঠ ভরাতে হলে। কিন্তু সারাদিন সবাই মিলে মাঠে খেলা দেখলে দেশ চলবে কীভাবে! কাজেই তাদের ভরসা বিদেশি সমর্থক। অস্ট্রেলিয়ানরা সেটা পুষিয়ে দিচ্ছে আংশিক, ভারতীয়রা এলে আয়োজকদের আর চিন্তা থাকতো না! তাদের জায়গায় বাংলাদেশ এসে পড়ায় ওদের চিন্তা থাকছেই। কিন্তু ওদের চেয়ে অনেক বেশি চিন্তা বাংলাদেশি ক্রিকেটারদের।
স্থানীয় লোক যারা যাবে তারা বাংলাদেশের পক্ষেই থাকবে, অস্ট্রেলিয়াকে শেষ করে দিতে হবে এমন শুভকামনাও খেলোয়াড়দের দিকে আসছে, কিন্তু ওরা কি আর বাংলাদেশের জন্য বাংলাদেশিদের মতো হৃদয় উজাড় করে দেবে! সেই প্রয়োজনই বা তাদের কোথায়! তুলনায় অস্ট্রেলিয়ানরা অনেক প্রস্তুত। দলের প্রতীক ক্যাঙ্গারু সবজায়গার মতো এখানেও বহন করে নিয়ে এসেছে। তাই নিয়ে এসে সারাক্ষণ মেতে থাকবে।
মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়া সবসময়ই ফেভারিট। এবার দেখছি মাঠের বাইরের লড়াইটাও তারা ফেভারিট হিসাবে শুরু করছে।
বাংলাদেশের ভরসা তাই শুধুই ব্যাট আর বল। এবং সেই দূর দেশ থেকে আপনার মনের গভীরের শুভকামনা।
