আরেকটা সে রকম রাত আসুক
দু বছর আগে ইংল্যান্ডের কার্ডিফে রচিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় বীরত্বগাথা। ন্যাটওয়েস্ট সিরিজের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে হাবিবুল বাশারের দল যখন সেই ইতিহাস গড়ে, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়ক আমিনুল ইসলাম তখন অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের বিজয়ে সেদিন হঠাৎ করেই যেন বিখ্যাত লোক হয়ে উঠেছিলেন তিনিও, অস্ট্রেলিয়ান মিডিয়াতে পর্যন্ত তাকে নিয়ে শুরু হয়েছিল টানাটানি। শনিবার বিশ্বকাপের সুপার এইট পর্বে আবার সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, তার আগে নফহবংি২৪.পড়স—এর জন্য লেখা কলামে ওই দিনের স্মৃতি মনে করিয়ে দিয়েছেন আমিনুল।
গভীর রাতে আমার বাসায় পুলিশের হানা! এখন দেশে দিনকাল যা পড়েছে, তাতে আমার লেখার প্রথম বাক্যটা পড়ে যে কেউ চমকাবেন নিশ্চিত। “বুলবুল আবার কী কাণ্ড ঘটালো যে...” --- শুভাকাক্সক্ষীদের মনে এমন প্রশ্নের উসখুসও শুরু হয়ে থাকতে পারে। তাই বেশিক্ষণ রহস্য করা বোধহয় ঠিক হবে না। বলেই দিচ্ছি। প্রায় বছর দুয়েক আগের ঘটনার কথাই আপনাদের বলছিলাম। আমার ঢাকার বাসায় নয়। অস্ট্রেলিয়ার সাউথ সিডনির বাসায়। যেখান থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ড মিনিট দশেকের পথ। ২০০৫ এর ১৮ জুন, কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর তাৎক্ষণিক আনন্দের ঢেউ গিয়ে আছড়ে পড়েছিল আমার ওই বাসার সামনেও। বাঁধভাঙ্গা ওই আনন্দে বাঁধ দিতেই এসেছিল বেরসিক পুলিশ!
আমি যে এলাকাটায় থাকতাম তার নাম হিলসডেল। চমৎকার পাহাড়ি এলাকা। সেখানে অনেক বাংলাদেশি থাকেন। পন্টিংদের বিপক্ষে আমাদের জয়সূচক রানটা যখন আসে, যতোদূর মনে পড়ে তখন সিডনিতে রাত তিনটে বাজে। কিছুক্ষণ পরই ওই এলাকার সমস্ত বাংলাদেশি গাড়ির হর্ন বাজাতে বাজাতে আমার বাসার সামনে এসে হাজির। গোটা এলাকা কাঁপিয়ে ফেলা ওদের দাবি, আনন্দ মিছিলে নেতৃত্ব দিতে হবে আমাকে। কিন্তু সেই সৌভাগ্য আর হলো কই! তার আগেই হই --- হুলে¬াড় শুনে পুলিশ এসে হাজির। তারা প্রথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো কিছুটা। এক পুলিশকে বলতে শুনলাম, “ওওওওওওও, দে হ্যাভ ওয়ান দ্য সিরিজ।” আমাদের মধ্য থেকেই একজন সেটা সংশোধন করে দিলেন, “নো, নো। উই হ্যাভ ওয়ান টুডে’জ ম্যাচ।” আশাবাদী হয়ে উঠতে শুরু করলাম, উৎসবটা বোধহয় করতে দেবে। কিন্তু না, আমাদের হতাশ করে কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হলো, আবাসিক এলাকায় হইচই করা চলবে না। কী আর করা, রাখঢাক করে তো আর আনন্দ করা যায় না।
সকাল হওয়ার পর থেকেই আমি পড়লাম আরেক মধুর বিড়ম্বনায়। ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় আমি আগে থেকেই কলাম লিখতাম। বাংলাদেশ জিতেছে বলে বিশেষ কিছু লেখার চাহিদা থাকাই স্বাভাবিক। সেটা মিটিয়েছিও। তবে অস্ট্রেলিয়ায় বেশকিছু জনপ্রিয় এফএম রেডিও আছে। আছে কতো কতো টিভি চ্যানেল। সবাই আমাকে নিয়ে রীতিমতো টানা --- হ্যাঁচড়া শুরু করে দিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেই ওদের কাছে আমার প্রতিক্রিয়া কিংবা মন্তব্য চরম কাক্সিক্ষত হয়ে উঠেছিল। ভেতরে ভেতরে ভীষণ গর্ব অনুভব করছিলাম। ওই জয়ের পরদিন আশরাফুল আর রফিক ইংল্যান্ড থেকে আমাকে ফোন করেছিল। কী বলেছিলাম ওদের? পরিষ্কার মনে আছে, “খেলে জেতালি তোরা। আর এখানে দাম বেড়ে গেছে আমার।”
একজন অস্ট্রেলিয়ান কিন্তু বাংলাদেশের ক্রিকেটের দারুণ অনুরাগী। তিনি ডিন জোন্স। বাংলাদেশের বিজয়ে তার অভিনন্দনও পেয়েছিলাম।
অথচ ওই ম্যাচ শুরুর আগে মন খারাপ করে দিয়েছিল আরেকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মন্তব্য। চ্যানেল সেভেন ম্যাচটা দেখাচ্ছিল। তাদের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল। ন্যাটওয়েস্ট সিরিজের আগে ইংল্যান্ডের সঙ্গে টেস্টে খুব বাজে খেলেছিল বাংলাদেশ। তার ভিত্তিতেই কিনা, স্টুয়ার্ট বলে ফেলেছিল, “এই ম্যাচে বাংলাদেশের শতকরা শূন্য ভাগ সম্ভাবনাও নেই।” তবে আবার খুব অনুপ্রাণিতও হলাম, যখন পিচ রিপোর্টে ইয়ান বোথামকে বলতে শুনলাম, “এই মাঠে যারা পরে ব্যাট করে তারাই জেতে।” বোথামের কথা সত্যি হওয়ার কৃতিত্ব অনেকটাই মোহাম্মদ আশরাফুলের ব্যাটের।
৩১ মার্চ যখন বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ --- অস্ট্রেলিয়া, তখনো ফর্মে থাকা আশরাফুলকেই পাচ্ছি আমরা। তাছাড়া এবারো এই ম্যাচের সময় আমি ঢাকায় থাকছি না। ম্যাচটা দেখবো সিলেটে বসে। পারিবারিক সফরে সেখানেই আছি এখন। সবকিছু কেমন মিলে যাচ্ছে। একটা কিছু ঘটেও যেতে পারে। কার্ডিফে জেতার পরও বাংলাদেশে রাতের নীরবতা ভেঙ্গেছিল উৎসব। এবারো তেমনই আরেকটা রাতের জন্য অপেক্ষা করে আছি। চাইছি বাংলাদেশ ক্রিকেট দল ‘রণন’ এর আত্মার শান্তিও বয়ে আনুক। হিলসডেলে গাড়ির হর্ন বাজাতে বাজাতে যারা আমার বাসার সামনে এসেছিল, তাদের নেতৃত্বে ছিল রণন নামের ছেলেটি। পরে এক গাড়ি দুর্ঘটনায় ও কেবলই স্মৃতি হয়ে গেছে। আনন্দের বর্ণনা দিতে গিয়ে একটু বেদনাও রাখলাম, কারণ বাংলাদেশের ক্রিকেটে রণনদেরও অবদান আছে বলে বিশ্বাস করি আমি। আমরা হয়তো দেখতে পাব না। কিন্তু বাংলাদেশ আবারো অস্ট্রেলিয়াকে হারালে ওপারে বসে রণনও নিশ্চয়ই খুব খুশী হবে।
