জন্মভূমির বিরুদ্ধে অতীত অভিজ্ঞতাই বড় পুঁজি এড জয়েসের
—আঠাশ বছর আগে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তার জন্ম। ব্যাট হাতে জন্মভূমিকে দেয়া প্রতিদানও কম নয়। দু বছর আগে আইসিসি ট্রফিতে তার দুটো সেঞ্চুরির সৌজন্যেই এবারের বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছিল আয়ারল্যান্ড।
তবে মাতৃভূমিকে ক্রিকেটের সেরা টুর্নামেন্টে পৌঁছে দেয়ার পরই ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন এড জয়েস। শুক্রবার ইংল্যান্ড - আয়ারল্যান্ড ম্যাচটা তাকে কিছুটা হলেও আবেগাক্রান্ত করবেই। তবে আবেগকে সরিয়ে রেখে আইরিশদের হারানোর ওষুধ খুঁজতেই তিনি বেশি ব্যস্ত। আয়ারল্যান্ডের এই দলের বেশিরভাগ ক্রিকেটারকে খুব ভালোমতো চেনার কারণে ম্যাচটাতে বাড়তি সুবিধা পাবেন বলেই জয়েসের বিশ্বাস।
“আইরিশ দলের ১১/১২ জনকে খুব ভালো করেই চিনি আমি। তবে দলে নতুন যে দু/তিন জন এসেছে, তাদের সম্পর্কে বেশি জানি না। এ সম্পর্কে দলের অ্যানালিস্ট মার্ক গ্যারাওয়েকে সামান্য কিছু বলেওছি”--- জয়েসের অকপট স্বীকারোক্তি। তবে আয়ারল্যান্ডের এই দল সম্পর্কে শ্রদ্ধাই ঝরেছে ইংল্যান্ডের ওপেনারের কণ্ঠ থেকে, “একটা ইউনিট হিসাবে আয়ারল্যান্ড খুবই ভালো খেলে। তাদের ফিল্ডিং ভালো, বোলিংও তীক্ষè। তাদের বেশ কয়েক জন মিডিয়াম পেসার ও স্পিনার দারুণ লাইনে বল করে। এবং ১০ নম্বর পর্যন্ত ভালো ব্যাট করার ক্ষমতা রয়েছে তাদের।”
জয়েস যে তার দল সম্পর্কে এক জন ‘বিশেষজ্ঞ’, সেটা জানেন অ্যাড্রিয়ান বিরেল। তবে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন আয়ারল্যান্ডের কোচ, “বিশ্বকাপে উঠতে সাহায্য করায় আমরা জয়েসকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত, সে আমাদের দলের সব খেলোয়াড়কেই চেনে। তবে আমরাও ওদের (ইংল্যান্ডের) সবাইকে এবং বিশ্বের অন্যান্য ক্রিকেটারদের চিনি। আমার ধারণা ভিডিও ফুটেজের সহজলভ্যতার কারণে কোনো দলই সে রকম বড় সুবিধা পায় না। অবশ্য কিছু সুবিধা তো পেয়েই থাকে সবাই।”
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত এক বারই মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। গত বছর বেলফাস্টে অনুষ্ঠিত সেই ওয়ানডেতে ৩০১ রান করেও খুব সহজে জিততে পারেনি ইংল্যান্ড। মাত্র ৩৮ রানে হার মেনেছিল আইরিশরা। শুক্রবার সেদিনের প্রতিরোধ বাড়তি অনুপ্রেরণাও যোগাতে পারে প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে এসে সুপার এইটে উঠে যাওয়া দলটাকে।
