মুক্তি পেতে যাচ্ছে ক্রিকেটের ছবি ‘সে সালাম ইন্ডিয়া’
বিশ্বকাপ থেকে ভারত ফিরে এলেও এর থেকে ফায়দা ওঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলিউড। ‘হ্যাট্রিক’ এর পর এবার নব্য পরিচালক সুবাস কাপুর নিয়ে আসছেন তার ‘সে সালাম ইন্ডিয়া’ যার উপজীব্য ক্রিকেট। ৩১ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে।
ছবিতে অভিনয় করেছেন ‘বাস এক পল’ এর খ্যাতিমান অভিনেতা সঞ্জয় সুরী এবং মিলিন্দ সোমান। ছবিতে সুরী এক এক ক্রিকেটপাগল কোচের ভুমিকায় অভিনয় করবেন।
সুরী বলেন, “ ছবিতে হরি সাধু নামে এক ক্রিকেট কোচের চরিত্রে অভিনয় করেছি আমি। হরি পুরো ক্রিকেট পাগল, এই খেলাটার প্রতি তার এমনই দুর্বলতা যা রীতিমতো পাগলামির পর্যায়ে পরে। উঠতে বসতে খেতে ঘুমাতে তার কেবল ক্রিকেট নিয়েই কথা। সে বলে, গলিতে হোক আর বিশ্বকাপেই হোক সবখানেই সমান আবেগ আর সম্পৃক্ততা নিয়ে খেলা উচিত। হরি এমন একজন কোচ যে জয়ের চেয়ে ভাল খেলাটাকেই গুরুত্ব দেয় বেশি।”
“তার দর্শন হলো, চ্যাম্পিয়ন হওয়া বা সফল হওয়ার কোন শর্টকাট রাস্তা নেই। এর জন্য কঠোর পরিশ্রম, একাগ্রতা আর ভালবাসার কোন বিকল্প নেই। চরিত্রটি করে আমি খুব মজা পেয়েছি।” বলেছেন সঞ্জয়।
ছবি মুক্তিটা অসময়ে হলো কিনা জানতে চাইলে সুরী বলেন, “ সে সালাম ইন্ডিয়া ছবিতে ক্রিকেটের প্রতি ভালবাসার কথা উঠে এসেছে। সুতরাং আমি বলবো বিশ্বকাপের কথা মাথা থেকে বাদ দিয়েই ছবিটা দেখা উচিত।”
এই ছবিতে পয়লাবারের মতো অভিনয় করছেন রঞ্জন চাবরা। তিনি জানান, “ছবিতে দুটো ক্রিকেট দল থাকে। একটা হলো রয়াল হেরিটেজ অন্যটা হলো বিদ্যা মন্দির। আমি রয়াল হেরিটেজ দলের সর্বজ্যেষ্ঠ খেলোয়ার। এই ছবিতে কাজ করে আমার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে।”
