২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলমার -হত্যা - রহস্যের জট খুব তাড়াতাড়ি খুলছে না

কোনো রহস্য --- রোমাঞ্চ উপন্যাসেও কি এতখানি রহস্যময়তা পাওয়া যাবে! হাতে অজস্র তথ্য, তবু বব উলমারের খুনিকে খুঁজে বের করতে গিয়ে জ্যামাইকার পুলিশের রীতিমতো দিশেহারা অবস্থা। জ্যামাইকার ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস খুনির পরিচয় সম্পর্কে একেবারে বিভ্রান্ত। চরম অনিশ্চয়তার মধ্যে নয়টা দিন পার করে দেয়ার পর তিনি জানাচ্ছেন, উলমারের খুনিকে খুঁজে বের করতে আরো মাসখানেক লেগে যেতে পারে তাদের!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

উলমারকে শ্বাসরোধ হত্যা করার ঘোষণা আসার পর থেকেই খুনি সম্পর্কে নানা ধরনের জল্পনা। পাকিস্তানের কোনো বিক্ষুব্ধ সমর্থক বা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত কেউ দুষ্কর্মটা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশজনিত কারণকেও উড়িয়ে দেয়া হচ্ছে না। সে যা -- ই হোক, খুনির সন্ধান পেতে আরো এক মাস লাগতে পারে বলেই শিল্ডসের ধারণা, “কতটা সময় প্রয়োজন সে সম্পর্কে আমি নিশ্চিত নই। প্রত্যেক অপরাধের তদন্তই অনন্য ও আলাদা। এটার অনন্যতা আরো বেশি। কারণ, খুনটা করা হয়েছে হোটেল কক্ষে। অবশ্য আমাদের হাতে অনেক তথ্যও আছে। কারো বাড়িতে বা রাস্তায় খুনটা হলে এত বেশি তথ্য হয়তো পেতাম না। তবে তারপরও বলতে বাধ্য হচ্ছি, খুনিকে খুঁজে  বের করতে মাসখানেকও লাগতে পারে।”

তাই বলে তদন্তকারী কর্মকর্তাদের মধ্যে কোনো গা -- ছাড়া ভাব নেই। কিংস্টনের পেগাসাস হোটেলের ক্লোজ সার্কিট টিভির ভিডিও টেপ, কি -- কার্ড রেকর্ড তো আছেই, সেই সঙ্গে উলমারের ল্যাপটপ, মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, চাবি ও পাসপোর্টও এখন জ্যামাইকা পুলিশের জিম্মায়। এই সব আলামত সঙ্গে থাকাতেই সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট কোচের খুনিকে ধরার ব্যাপারে আশাবাদী শিল্ডস, “আলামতের সংখ্যাধিক্য তদন্তের কাজে যথেষ্ট সাহায্য করছে আমাদের। আশা করি, তদন্তে কোনো নাটকীয় মোড় (খুনিকে খুঁজে বের করার) সময়টা কমিয়ে দিতে পারবে।”

খুনির মতো ঠিক কবে উলমার খুন হয়েছেন তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে লন্ডন স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক গোয়েন্দা শিল্ডস। ১৭ মার্চ আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরের দিন সকালের দিকে হোটেল কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় উলমারকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তাররা মৃত ঘোষণা করেন তাকে। প্রাথমিকভাবে এমন ধারণা করা হলেও শিল্ডস জানাচ্ছেন ১৭ না ১৮, কোন দিন উলমারের মৃত্যু হয়েছে সে সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন, “তাকে (উলমারকে) অজ্ঞান অবস্থায় প্রথম দেখতে পান হোটেলের একজন মহিলা কর্মী। তার চিৎকারে এক জন ডাক্তার ও এক জন নার্স ছুটে যান সেই রুমে। কৃত্রিমভাবে মুখে মুখ দিয়ে শ্বাস --- প্রশ্বাসেরও চেষ্টা করেছেন তারা। তবে আমার ধারণা তখনই তার মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল না।”

অবশ্য উলমারের হোটেলেই মৃত্যু হয়েছিল কি না, সে ব্যাপারেও পুরোপুরি নিশ্চিত নন শিল্ডস, “এ ব্যাপারে এক জন অপেশাদার ব্যক্তির মতোই আমার ধারণা। আমি তো আর ডাক্তার নই। হাসপাতালে নেয়ার পরই তাকে মৃত ঘোষণা করা হয়েছে।” খুন হওয়ার আগে উলমারের সঙ্গে আততায়ীর কোনো রকম ধস্তাধস্তির প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি, “না, আমরা এমন কিছুর প্রমাণ পাইনি। ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেলে তা আমাদের কাজ আরো সহজ করে দিত।”

অর্থাৎ সব মিলিয়ে এখনো চরম অনিশ্চয়তার মধ্যে জ্যামাইকার পুলিশ। এত অনুসন্ধান -- তদন্ত -- আলামত সংগ্রহের পরও। এদিকে বুধবার করাচিতে পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ‘উলমার খুন হয়েছেন’ এ ধারনাটি ভুলও প্রমান হতে পারে,“ আমার মনে হয় উলমার খুন হননি। ময়না তদন্তে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। আবার ময়না তদন্ত হলে ভুলটা ধরা পড়বে।”