দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন দিলীপ ভেঙ্গসরকার
রিচি বেনো এক বার বলেছিলেন, “অধিনায়কত্বের ৯০ শতাংশই হলো ভাগ্য আর বাকি ১০ শতাংশ ক্ষমতা।” অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও অলরাউন্ডারের কথাটা যে কতখানি সত্যি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাহুল দ্রাবিড়। কিছু দিন আগেও ভারতে যার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া, সেই দ্রাবিড় স্বদেশবাসীর কাছে এখন প্রায় ‘জাতীয় শত্র“’! বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর তার কাছ থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নেয়ার দাবি উঠেছে। এমন ঘোর দুঃসময়ে কিন্তু ভারতীয় ক্রিকেটের এক জন প্রভাবশালী ব্যক্তিকে ঠিকই পাশে পাচ্ছেন দ্রাবিড়। তার নাম দিলীপ ভেঙ্গসরকার। ভারতের প্রধান নির্বাচক কোনো সমালোচনা না করে বরং প্রশংসাই করেছেন দ্রাবিড়ের নেতৃতগুণের ।
“সে (দ্রাবিড়) একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং দলকে নেতৃত্ব দেয়ার সব গুণই তার আছে। এখন পর্যন্ত সে অধিনায়ক হিসাবে ভালোই করেছে। একটা দল যেমন হবে তার অধিনায়কও তো তেমনই হবে”---- দ্রাবিড় সম্পর্কে ভেঙ্গসরকারের মন্তব্য। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয় প্রসঙ্গেও কথা বলতে হয়েছে তাকে। ভারতের সাবেক অধিনায়কের ধারণা সেদিনটা শুধু বাংলাদেশেরই ছিল, “আমার মনে হয় সেই ম্যাচে বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটটাই খেলেছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ১০টা ম্যাচ খেললে ৯ টাতেই ভারত জয় পাবে। কিন্তু কেউ বলতে পারবে না বাকি ম্যাচটাতে কি হবে। এখানেই তো ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা। সেই ম্যাচে বাংলাদেশ যা চেয়েছিল তা -- ই করতে পেরেছে।”
