সন্দেহ থেকে মুক্তি পেল পাকিস্তান দল
রহস্যের জট এখনো খোলেনি। কিন্তু এবার বোধ হয় খানিকটা হলেও স্বস্তি পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলতে গিয়ে তাদের কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সন্দেহের তীরটা তাদের দিকেও তাক করা ছিল, তবে জ্যামাইকান পুুলিশ এখন জানাচ্ছে সন্দেহভাজনদের তালিকায় আর নেই পাকিস্তান দলের কারো নাম।
“বলে দেওয়া যায়, এখন কেবলই সাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে ওদের। আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যায় (অপরাধী) পাকিস্তান দলের কেউ”.. অস্ট্রেলিয়ার হেরাল্ড সান পত্রিকাকে বলেছেন আলোচিত এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা এবং জ্যামাইকান পুলিশের উপকমিশনার মার্ক শিল্ডস। তিনি অবশ্য বলেছেন, “এখনো এমন হওয়ার খুবই সম্ভাবনা আছে যে খুনী বা খুনীরা উলমারের পরিচিত কেউ।”
সে সঙ্গে তিনি এ কথাও জানিয়েছেন, পরিস্থিতি পাল্টালে জরুরি প্রয়োজনে পাকিস্তান দলকে আবার কিংস্টনে ডেকে পাঠানোও হতে পারে।
