২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের রাস্তায় ফিরতে মহৌষধের সন্ধানে বিসিসিআই

রাহুল দ্রাবিড় আগেই বলে দিয়েছিলেন, ভারতের বিশ্বকাপ শেষ মানে তার অধিনায়কত্বও শেষ। নেতৃত্বভার যে তার জন্য এই সময় পর্যন্তই বেঁধে দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কোচ গ্রেগ চ্যাপেলের চুক্তিরও শেষ বিশ্বকাপেই। দুজনের সঙ্গেই চুক্তি নবায়ন না করার জোর গণদাবি বিসিসিআই উপেক্ষা করবে না বলেই মনে হচ্ছে ভারতীয় মিডিয়ার প্রচারনায়। প্রচারনা অনুযায়ী সব হবে কিনা, তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ৬ ও ৭ এপ্রিল মুম্বাইতে বসছে বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির জরুরী সভা। চ্যাপেল --- দ্রাবিড়ের ভাগ্য নির্ধারণ হচ্ছে সেখানেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:53 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বোর্ড সভাপতি শারদ পাওয়ার তেমনই জানিয়েছেন। সভার প্রথম দিনেই বিশ্বকাপ দলের কোচ আর অধিনায়কও পাচ্ছেন কারণ দর্শানোর সুযোগ। সেই সঙ্গে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ম্যানেজার সঞ্জয় জাগদালের রিপোর্টও যথেষ্ট গুরুত্ব পাবে। তবে শুধূ কোচ --- অধিনায়কের ভাগ্য নির্ধারণই জরুরী সভা আয়োজনের উদ্দেশ্য নয়। দুদিনের ম্যারাথন সভায় এবার ভারতের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার কারণ যেমন খোঁজা হবে, তেমনি সাফল্যের রাস্তায় ফেরার মহৌষধের অনুসন্ধানও চলবে। এজন্যই এতে ডাক পড়তে পারে মনসুর আলী খান পাতৌদি থেকে শুরু করে অজিত ওয়াদেকার, সুনীল গাভাস্কার, কপিল দেব ও রবি শাস্ত্রীসহ ভারতের অনেক সাবেক অধিনায়কেরই। চ্যাপেল --- দ্রাবিড় ইস্যুতেও তাদের মতামত জানতে চাওয়া হবে। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতার আলোকে তারা চিহ্নিত করবেন এখনকার ভারতীয় দলের সমস্যাগুলো। এর সঙ্গে সমাধানও জানতে চাওয়া হবে সাবেকদের কাছ থেকে।

চরম ব্যর্থ বিশ্বকাপ দলের দুই সিনিয়র ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলীরও ডাক পড়তে যাচ্ছে সভায়। এসবের সঙ্গে সমস্ত রঞ্জি দলের অধিনায়কদেরও ডেকে পাঠানোর বিষয়টা জুড়ে যাওয়ায় গোটা প্রক্রিয়াকে এখন অভিনব না বলে উপায় নেই। ঘরোয়া ক্রিকেটের সমস্যা কোথায় কিংবা খেলায় প্রতিদ্বন্দ্বিতার আমেজ আসলেই আছে কিনা, এসবই জানতে চাওয়া হবে রঞ্জি দলের অধিনায়কদের কাছ থেকে। বোর্ড সভাপতি নাকি তার ঘনিষ্ঠ জনদের কাছে ভারতীয় ক্রিকেটের সিস্টেমকে ‘ঘুনে ধরা’ বলেই উল্লেখ করেছেন। তার মানে, খোলনলচে পাল্টে ফেলার পরিকল্পনাও হয়তো করা হয়ে গেছে।

সোমবার এনডিটিভি চ্যানেলকে ভবিষ্যতের জন্য দল গড়ার পরিকল্পনার কথা কিছুটা বলেছেনও পাওয়ার,“ ভারতের দুটো দল থাকতে পারে। একটা ভারত সিনিয়র দল। আরেকটা ভারত নীল দল, এতে তরুণদের  আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া হবে।” ২০১১ সালে এই উপমহাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে ঘুরিয়ে --- ফিরিয়ে খেলানোর নীতিতেই বোধহয় চলে যাচ্ছে ভারত। সম্ভবত কম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজের জন্য তারুণ্য নির্ভর দল গড়া হবে আর গুরুত্বপূর্ণ সিরিজে প্রাধান্য দেওয়া হবে অভিজ্ঞদের। দীর্ঘমেয়াদী ভিত্তিতে কোচ নিয়োগের আগে আপাতত বিসিসিআই অন্তবর্তীকালীন কাউকে নিয়োগ দেওয়ার কথা ভাবছে বলেও আভাস পাওয়া গেছে। মে মাসের বাংলাদেশ সফরে অন্তবর্তীকালীন কোচ হিসেবে সন্দ্বীপ পাতিলের কথাই শোনা যাচ্ছে বেশি। অবশ্য এভাবে কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে পাতিল আগ্রহ দেখাবেন কিনা, সেটাও প্রশ্নের উর্ধ্বে নয়।