২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুদলের জন্যই হিসেব চুকানোর সুযোগ

বিশ্বকাপ ক্রিকেট, দক্ষিণ আফ্রিকা, বৃষ্টি ----- শব্দ তিনটা অনায়াসেই পাশাপাশি রেখে দেয়া যায় বোধহয়! ২২ বছরের নির্বাসন কাটিয়ে ফেরার পর ’৯২ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কপাল পুড়েছিল বৃষ্টির অভিশাপে। সেই টুর্নামেন্টের জন্য প্রবর্তিত বিতর্কিত ও হাস্যকর ‘বৃষ্টি আইনে’ ১ বলে ২২ রান করার অসম্ভব লক্ষ্য আজো ক্রিকেট ইতিহাসের এক পরিতাপের অধ্যায়। গত বার অর্থাৎ ২০০৩ -- এও আবার সেই ‘শত্র“’র হানা। নিজের দেশে আয়োজিত সেবারের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকানদের জন্য হতাশা দিয়ে শেষ হয়েছিল বৃষ্টির কারণেই। ডাকওয়ার্থ --- লুইস পদ্ধতির মারপ্যাঁচ ও বৃষ্টির যোগফলে গ্র“প ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে টাই করে সুপার সিক্সে ওঠা হয়নি। বুধবার সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে আবারো দক্ষিণ আফ্রিকার সামনে বৃষ্টির চোখরাঙানি!

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

গত কয়েক দিন ধরেই গায়ানায় বৃষ্টি হচ্ছে। এবং আবহাওয়ার পূর্বাভাস, আগামী ৮ দিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রোববার বৃষ্টি মাথায় নিয়েই গায়ানায় পা রাখা দক্ষিণ আফ্রিকা দল সোমবার প্র্যাকটিস করতে পারেনি। একই অবস্থা শ্রীলঙ্কারও। কারণও অভিন্ন ---- বৃষ্টি! তবে ক্রিকেটের অন্যতম শত্র“ ছাড়া আরেকটি ব্যাপার নিয়েও দুশ্চিন্তায় থাকতেই হচ্ছে দু দলকে। বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেটের চরিত্র বিশ্লেষণে দু দলেরই প্রায় গলদঘর্ম অবস্থা! গায়ানার রাজধানী জর্জটাউনের বাইরে নির্মিত স্টেডিয়ামটার আন্তর্জাতিক ক্রিকেটে বুধবারই অভিষেক হতে যাচ্ছে।

এমন মাহেন্দ্রক্ষণে দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার উইকেট নিয়ে গবেষণাতেই বেশি ব্যস্ত, “আইসিসির পিচ বিষয়ক পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন আমাদের বলেছেন এই উইকেটে ভালো বাউন্স থাকা উচিৎ।” শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কথায় অবশ্য ভিন্ন ইঙ্গিত, “ত্রিনিদাদের উইকেটের সঙ্গে এটার বেশ পার্থক্য আছে বলে মনে হচ্ছে। (ত্রিনিদাদের) ঐ উইকেটে নিঃসন্দেহে বাউন্স বেশি, আর ঘাসও ছিল অনেক। এই উইকেটে অতো বেশি ঘাস নেই। বরং মনে হচ্ছে বেশ ফ্ল্যাট। তবে এখানে কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাছাড়া উইকেটের চরিত্র অনেক কিছুর ওপরে নির্ভর করে। জানি না এই উইকেট আমাদের সাহায্য করবে, নাকি করবে না।”

উইকেট নিয়ে সমান অনিশ্চয়তায় থাকলেও এক দিক  থেকে শ্রীলঙ্কা দল কিন্তু এগিয়ে। প্রথম পর্ব থেকে দুই পয়েন্ট নিয়েই তারা শুরু করতে যাচ্ছে সুপার এইট। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সেই সুবিধাটা নেই। অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্র“পে রানার্স আপ হওয়ায় তারা সুপার এইট শুরু করছে খালি হাতে।

গত জুলাইতে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে কলম্বোতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা দল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিই’র করা এক বোমা বিস্ফোরণে আতঙ্কিত হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গিয়েছিল তারা। সে সময় শ্রীলঙ্কার মিডিয়া দক্ষিণ আফ্রিকানদের ‘মুরগী’ বলে ব্যঙ্গ করলেও সেই ঘটনা এখন আর টেনে আনতে অনাগ্রহী জয়াবর্ধনে,“ইতিহাসের গতিপ্রকৃতি অনুযায়ী সম্ভবত এবার আমাদের জয়ের পালা। ওরা (দক্ষিণ আফ্রিকা) ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর দল। তাই প্রত্যেক দলই ওদের হারাতে চাইবে।”

প্রথম পর্বের দুই পয়েন্টকেও সেভাবে গুরুত্ব দিতে রাজি নন শ্রীলংকার অধিনায়ক, “বাংলাদেশের সঙ্গে জয়ের কারণে আমরা দুই পয়েন্ট নিয়ে এই পর্বে এসেছি। তবে সেটাকে আমরা হিসাবের মধ্যে ধরতে চাই না। বরং শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পয়েন্ট পেলে তা নিঃসন্দেহে এগিয়ে রাখবে আমাদের। তাই এটা আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এক ম্যাচ। ওদের দলটা খুবই ভালো। কিন্তু ওদেরও নিশ্চয়ই দুর্বলতা আছে।  সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে আমাদের। ”

জয়াবর্ধনের প্রতিপক্ষ অধিনায়ক গ্রায়েম স্মিথ শ্রীলঙ্কার প্রতি যথেষ্টই শ্রদ্ধাশীল, “ এ মুহূর্তে শ্রীলঙ্কার ওয়ানডের অন্যতম সেরা দল। এবং আমি ভালো মতোই জানি যে এই কথাটা গতানুগতিক হয়ে যাবে। তবু বলছি, আমরা প্রত্যেক ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখবো।” ২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচটার কথাও বলতে হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে। ২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে স্বাগতিকদের স্কোর যখন ৬ উইকেটে ২২৯, ঠিক তখনই বৃষ্টিতে থেমে যায় খেলা। ডাকওয়ার্থ ---- লুইস পদ্ধতিতে সে সময় জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২৩০ রান। এর পর আর খেলাই শুরু হতে পারেনি। আর সেজন্যই ম্যাচটা টাই হয়ে যায় এবং দক্ষিণ আফ্রিকাকে বাদ পড়তে হয় গ্র“প পর্ব থেকে। সেই ম্যাচের দুঃসহ স্মৃতি আজো তাড়া করে ফেরে গ্রায়েম স্মিথ ও তার দলকে,“ঐ ম্যাচ নিয়ে আমরা আলোচনা করিনি। তবে সে দিনটার কথা ভুলেও যাইনি।”

চার বছর ধরে তাড়া করে বেড়ানো দুঃস্বপ্নটাকে মাটিচাপা দেয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাও সেই ত্রিদেশীয় টুর্নামেন্ট ভেস্তে দেয়ার অপমান ভুলতে পারেনি আজো। অর্থাৎ এক হিসাবে মঙ্গলবারের ম্যাচটা দু দলের জন্যই প্রতিশোধের ‘মিশন’!