প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তবু প্রেরণার অভাব নেই ওয়েস্ট ইন্ডিজের
বিশ্বকাপের সুপার এইট শুরু করার জন্য এর চেয়ে ভালো ম্যাচ বোধহয় আর হতে পারতো না! হ্যাটট্রিক শিরোপার মিশন নিয়ে আসা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ! এমন ‘জিভে জল আনা’ ম্যাচ দিয়েই মঙ্গলবার শুরু হচ্ছে ২০০৭ ক্রিকেট মহাযজ্ঞের সেরা আট দলের লড়াই। ম্যাচটার ভেন্যুও চমকে দিতে পারে ক্রিকেটরসিকদের। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম! বিশ্বকাপ উপলক্ষে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের নামে তৈরি করা স্টেডিয়ামে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অভিষেক হিসাবে এমন ম্যাচ পেয়ে নিশ্চয়ই স্টেডিয়ামটাও ধন্য।
গত দুটো বিশ্বকাপের শিরোপা, ২০০৬ --- এর চ্যাম্পিয়ন্স ট্রফি, অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সহ অজস্র টেস্ট ও ওয়ানডে সিরিজ জয় --- প্রায় এক দশক ধরে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া নিজেদেরকে একেবারে ধরা -- ছোঁয়ার বাইরেই নিয়ে গেছে। অন্যদিকে এই সময়টায় একের পর এক পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন আইসিসি’র দুটো (টেস্ট ও ওয়ানডে) র্যাংকিংয়েরই নিচের দিকে। অথচ এখনো ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ক্যারিবীয়রা এগিয়ে! মঙ্গলবারের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৩টি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ৫৭টিতে বিজয়ী, অস্ট্রেলিয়া জিতেছে ৫২ ম্যাচে, দুটো টাই আর বাকি দুটো ম্যাচ পরিত্যক্ত। বিশ্বকাপেও একই অবস্থা। নিজেদের ৮ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী ৫টিতে আর অস্ট্রেলিয়া ৩টিতে। গত বছরই কুয়ালালামপুরের ত্রিদেশীয় ডিএলএফ কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রায়ান লারার দল হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র“প পর্বের ম্যাচটাতে ক্যারিবীয়রা শুধু ১০ রানে জেতেইনি, সেদিন হ্যাটট্রিক করে দলকে অন্যরকম এক আনন্দের জোয়ারে ভাসিয়েছিলেন জেরম টেলর। দুটো টুর্নামেন্টেরই ফাইনালে মুখোমুখি হয়েছিল দু দল। এবং সেই দুই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
প্রতিপক্ষ যে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর সবার মতো লারাও তা ভালোমতোই জানেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে, “আমি জানি যে মঙ্গলবার অনেক শক্ত প্রতিপক্ষের সামনে পড়তে হচ্ছে আমাদের। তবে সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ভালোই খেলেছি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি এই ম্যাচে ভালো করবো আমরা।” অস্ট্রেলিয়ার মতো গ্র“প পর্বে ৩ ম্যাচেই জিতে দুই পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক তার দল নিয়ে যথেষ্ট আশাবাদী,“আমাদের ধারাবাহিকতা দুর্দান্ত। টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার জন্য নিজেদের ভালোমতোই গড়ে তুলেছি আমরা। এখন পর্যন্ত আমাদের পারফরম্যান্স খুবই ভালো।”
সুপার এইটের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে সামনে পেয়ে রিকি পন্টিংও রোমাঞ্চিত। যদিও নিজেদের মাঠে প্রচুর সমর্থনপুষ্ট ক্যারিবীয়দের কিছুটা এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, “ওয়েস্ট ইন্ডিজ খুবই বিপজ্জনক দল। নিজেদের মাঠে খেলছে বলে ওরা এখানকার কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই পরিচিত। তাছাড়া পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়ে দারুণ সমর্থন পাচ্ছে তারা। তবে দ্বিতীয় পর্ব তো সবে শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে প্রত্যেক পদক্ষেপই রোমাঞ্চ ও উত্তেজনার জন্ম দেবে নিঃসন্দেহে।”
সুপার এইটের প্রথম ম্যাচ থেকে কিন্তু সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বর্তমান চ্যাম্পিয়নের সঙ্গে স্বাগতিক দলের লড়াইটা রোমাঞ্চকরই হওয়ার কথা!
