সাত উইকেটের জয় পেয়ে শেষ আটে বাংলাদেশ
পাঁচ ওভারের ছোট্ট স্পেলে বাংলাদেশকে কাঁপিয়েই দিয়েছিলেন সেলিম মুকাদ্দেম। কিন্তু আর কেউ তাকে সঙ্গ দিতে পারেননি সেভাবে, আর তাই দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বারমুডার এই মিডিয়াম পেসার শেষ পর্যন্ত পারেননি ‘টাইগার’দের স্বপ্নপূরণের পথে বাঁধা হয়ে দাঁড়াতে। কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপের বৃষ্টি বিঘিœত শেষ গ্র“প ম্যাচে বারমুডাকে ৭ উইকেটে হারিয়েই সুপার এইটে পা রেখেছে হাবিবুল বাশারের দল। আগামী ৩১ মার্চ অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ক্রিকেটের এই রূপকথার অধ্যায়।
২১ ওভারে ৯৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মুকাদ্দেমের বিধ্বংসী স্পেলের সামনে পড়ে ৩৭ রানে তিন উইকেট হারিয়ে এক সময় হতশ্রীই দেখাচ্ছিল বাংলাদেশের ইনিংসের চেহারা। তবে চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়ে সেটা সামাল দিয়েছেন মোহাম্মদ আশরাফুল আর সাকিব আল হাসান। ডোয়েন লেভেরকের বলে বাউন্ডারি মেরে সাকিব যখন স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিলেন বাংলাদেশকে, তখনো ২১ বল হাতে ছিল। সাকিব ২৬ ও আশরাফুল ২৯ রানে অপরাজিত ছিলেন।
ম্যান অফ দ্য ম্যাচ আশরাফুল অবশ্য ভয় পাইয়ে দিয়েছিলেন তার স্বভাবসূলভ বিপজ্জনক ব্যাটিং দিয়ে। ৩২ বলের এই ইনিংসে অন্তত দুবার আউট হতে পারতেন তিনি, যদি তার দেওয়া ক্যাচগুলো আরেকটু সহজ হতো, আর সেগুলো রাখতে পারতেন বারমুডার ফিল্ডাররা।
চেষ্টা যে তারা করেননি এমন নয়। দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেনও কেভিন হার্ডল। প্রথম ওভারে বাংলাদেশকে পাঁচটি এক্সট্রা রান উপহার দেওয়ার পর বারমুডাকে প্রথম সাফল্যটা আসলে তিনিই এনে দিয়েছেন। বোলার যদিও ছিলেন মুকাদ্দেম, কিন্তু ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করা তামিমের উইকেটটা হার্ডলেরই নামের পাশে লেখা হওয়া উচিত। প্রায় ১৫ গজ দৌড়ে ডিপ কাভার থেকে তিনি নিয়েছেন হার্ডল ছক্কা মারতে যাওয়া তামিমের (১) ক্যাচটি। মুকাদ্দেমের অন্য দুই শিকার আফতাব (৭) এলবিডব্লুর ফাঁদে আর ইনিংসের প্রথম ছক্কাটি মারা নাফীস (১২) দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। ২১ ওভারে সীমিত ম্যাচ বলে ৫ ওভারই বল করার সুযোগ পেয়েছেন মুকাদ্দেম, তাতে ১৯ রান দিয়েছেন তিনি।
এর আগে বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে চার দফায় ব্যাট করে ২১ ওভারে বারমুডা তুলেছে ৯ উইকেটে ৯৪ রান। কিন্তু ডাকওয়ার্থলুইস মেথডের জটিলতায় বাংলাদেশের টার্গেট ৯৫ নয়, ৯৬।
বারমুডার স্কোরটা এতদূর গেছে আসলে তৃতীয় বৃষ্টি বিরতির পর হঠাৎ করেই আর মাত্র ৩৫ বল হাতে আছে জেনে তেড়ে-ফুড়ে ব্যাটিং শুরু করায়। ওই ৩৫ বলে তারা তুলেছে ৪৯ রান, তবে সে জন্য হাতে থাকা পাঁচ উইকেটের চারটিই হারাতে হয়েছে তাদের।
তৃতীয় বৃষ্টি বিরতির পর বাংলাদেশের শুরুটা মোটেই ভালো হয়নি, প্রথম ওভারেই মোহাম্মদ আশরাফুল ডিপ স্কয়ার লেগে মিনর্সের দেওয়া লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছেন। কিন্তু সে জন্য খুব একটা দুঃখ পেতে হয়নি বোলার সাকিব আল হাসানকে, এক বল পরেই দর্শনীয় এক ক্যাচ নিয়ে তাকে একটা উইকেট পাইয়ে দিয়েছেন অধিনায়ক হাবিবুল বাশার। কাভার থেকে পেছন দিকে অনেকটা দৌড়ে গিয়ে, শূন্যে লাফিয়ে নেওয়া ক্যাচটি পিচারকে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অনেকটাই মুছে দিয়েছে আশরাফুলের ব্যর্থতা।
এরপর লিওনেল কান এসে স্লগ ওভারের সুবিধা নেওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন। আফতাবের করা ১৮তম ওভারের শেষ তিন বলে একটি ছক্কা আর দুটি বাউন্ডারি মারা এই ডানহাতির ঝড় অবশ্য বেশিক্ষণ স্থায়ি হয়নি, পরের ওভারেই সাকিবের একটি দ্রুতগতির বলের ফ্লাইট বুঝতে না পেরে তিনি হয়েছেন বোল্ড। তার আগে করেছেন ৬ বলে ১৬ রান।
একদিকে ব্যাটসম্যানদের ব্যাটে ঝড় আর অন্য দিকে বোলারদের উইকেটের পর উইকেট শিকার, বারমুডার ইনিংসের শেষ দিকে যেন মনে হচ্ছিল ওয়ানডে নয়, আক্ষরিক অর্থেই খেলা হচ্ছে টুয়েন্টি ---টুয়েন্টি ম্যাচ!
তবে এর আগে যেন প্রথম ম্যাচের বাংলাদেশকেই যেন খুঁজে পাওয়া যাচ্ছিল এই ম্যাচে। মাশরাফি আর রাসেলের আগ্রাসী বোলিংয়ের সামনে অসহায়ই মনে হচ্ছিল বারমুডাকে। ৪ ওভারের স্পেলে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মাশরাফি, রাসেল ৫ ওভারে ১৪ রান দিয়ে পেয়েছেন একটাই উইকেট তবে সেটা বারমুডার সেরা ব্যাটসম্যান ডেভিড হেম্পের।
ম্যাচ শুরু হতে না হতেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন মাশরাফি। তার করা প্রথম ওভারের শেষ বলেই ডিপ ফাইন লেগে রফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন বারমুডার ওপেনার স্টিফেন আউটারব্রিজ। তার সংগ্রহ ছিল ১, দলের ২। সে আনন্দের রেশ কাটতে না কাটতেই অবশ্য আবার নেমেছিল বৃষ্টি।
৩ ওভারে ১ উইকেটে ৬ রান নিয়ে সাজঘরে ফেরা বারমুডানরা আধঘন্টা পর বৃষ্টি থামায় মাঠে ফিরতে না ফিরতেই আবার মাশরাফির আঘাত। ‘নতুন’ স্পেলের প্রথম বলেই তার শিকার বোর্ডেন (২)। নিখুঁত নিশানার মাঝারি গতির বলটিকে লেগের দিকে ঘোরাতে গিয়েছিলেন তিনি, ব্যাটের ওপরের কানায় লেগে তা চলে গেছে সোজা মিড অফে দাঁড়ানো অধিনায়ক হাবিবুল বাশারের হাতে।
পরের ওভারেই ধ্বংসযজ্ঞে যোগ দিয়েছেন মাশরাফির নতুন বলসঙ্গী সৈয়দ রাসেলও। বারমুডার আশাভরসার প্রতীক হেম্পকে ফিরিয়ে দিয়েছেন তিনি। অফস্টাম্পের একটু বাইরের বলে ফ্ল্যাশ করতে গিয়ে পয়েন্টে আফতাবের হাতে ক্যাচ দিয়েছেন তিনি রানের খাতা খোলার আগেই।
অলিভার পিচারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা শুরু করেছিলেন বারমুডার অধিনায়ক আরভিন রোমেইন, কিন্তু শুরু হতে না হতেই তাদের সেই প্রতিরোধ পড়েছে বৃষ্টির কবলে। ৭ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ১৭ রান নিয়ে আরেকবার প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে বারমুডানদের।
আধঘণ্টার আরেকটি বিরতির পর ফিরে ম্যাচের দশম ওভারে গিয়ে প্রথম বাউন্ডারিটি মেরেছেন পিচার। রাজ্জাকের করা পরের ওভারেই আরো দুটি বাউন্ডারি মেরে রোমেইন আক্রমণে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ওই ওভারের শেষ বলে তাকে ফিরিয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন রাজ্জাক। এই বাঁহাতি স্পিনারের আর্মারে বিভ্রান্ত হয়ে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে বারমুডার অধিনায়ক করেছেন ১১ রান।
বৃষ্টির কারণে নষ্ট হওয়া দুঘন্টা সময় পুষিয়ে নিতে আম্পায়াররা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন এ ম্যাচে প্রত্যেক দলের ইনিংস সীমিত করা হবে ৪১ ওভারে। তারপর আবার বৃষ্টি নামায় সেই হিসেবটাও রাখা যায়নি। দ্বিতীয় দফায় সেটা ৩৫ ওভারে সীমিত করা হয়েছিল, আর তৃতীয়বার খেলা শুরুর সময় আম্পায়াররা জানিয়েছেন, ৩০ ওভার করে খেলার সুযোগ পাবে দুদল। তবে শেষ পর্যন্ত সেই হিসেবটাও রাখা যায়নি, চতুর্থ দফায় খেলা শুরুর সময় জানিয়ে দেওয়া হয়েছে খেলাটা সীমিত হবে ২১ ওভারে।
এই বিশ্বকাপের বাইলজ অনুযায়ী একটা পুরো ম্যাচের জন্য একেক দলের ২০ ওভার করে খেলা হওয়াই যথেষ্ট। একদিনের মধ্যে সেটাও যদি সম্ভব না হয়, তাহলেও কিন্তু পয়েন্ট ভাগাভাগি হবে না। সে ক্ষেত্রে রিজার্ভ ডেতে খেলা গড়াবে। তবে সে ক্ষেত্রে নতুন করে খেলা শুরু হবে না, প্রথম দিনে যতটুকু খেলা হবে তারপর থেকেই শুরু হবে তা। তার মানে, এরপর যাই হোক এই ম্যাচটিতে ৩০ ওভারের চেয়ে বেশি খেলার সুযোগ পাচ্ছে না কোনো দল।
কোনো কারণে যদি রিজার্ভ ডেতেও সম্ভব না হয় ম্যাচটি শেষ করা, তাহলে বারমুডার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হবে বাংলাদেশকে। সেটা অবশ্য বড় কোনো দুঃসংবাদ নয় বাংলাদেশের জন্য, কারণ ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে যেতে ওই একটি পয়েন্টই যথেষ্ট।
এ ম্যাচের বাংলাদেশ দলেও কোনো পরিবর্তন নেই, ফাস্ট বোলার শাহাদত হোসেন ও তাপস বৈশ্য এবং ওপেনার জাভেদ ওমর ও রাজিন সালেহ ড্রেসিং রুমে বসেই দেখছেন এ ম্যাচও। বারমুডা দলে একটি পরিবর্তন আছে। মালাচি জোন্সের জায়গায় ফিরেছেন সেলিম মুকাদ্দেম।
বাংলাদেশ দল : শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল, আফতাব আহমেদ,মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল।
বারমুডা দল : পিচার, আউটারব্রিজ, বোর্ডেন, হেম্প, রোমেইন, টাকার, মিনর্স, কান, হার্ডল, লেভেরক, মুকাদ্দেম।
