সেই বারমুডা,এই বারমুডা
বারমুডা সম্পর্কে খোঁজ--খবর নিতে গিয়ে দেখা গেল তিমি মাছের দশা। দেশের সঙ্গে তিমি মাছ -- এ তো চাল আর চালকুমড়োর গপ্পো। কিন্তু মোটের ওপর ঘটনাটা একই রকম। ওই যে, তিমি মাছের নামটি জানো, জানো কী তার পরিচয়? নামটি তার মাছ হলেও আসলে সে মাছ নয়। নামে দেশ হলেও বারমুডা আসলে ব্রিটিশ রাজের দখল করা উত্তর আটলান্টিক মহাসাগরের একটি এলাকা মাত্র। স্বায়ত্ত্বশাসনের প্রশ্নে ১৯৯৫ সালের গণভোটে রাণী এলিজাবেথের পক্ষেই ভোট পড়ে।
যুক্তরাষ্ট্রের ছোট্ট প্রতিবেশী এই দ্বীপদেশ বারমুডার সঙ্গে জিততে পারলেই দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। ভারতকে হারিয়ে আকাশে উড়তে থাকা ওই স্বপ্ন -- ফানুস এক রকম ভোকাট্টা হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে ১৯৮ রানের হারে। নিজেদের শেষ ম্যাচে ভারতও শ্রীলঙ্কার কাছে হারলে আবার পালে লাগে নতুন বাতাস। আর আন্তর্জাতিক ক্রিকেটে বারমুডার বর্তমান অবস্থানের কারণে এ বাতাস ১৪ কোটি বাংলাদেশীর মনে দিয়ে যাচ্ছে আনন্দের ঢেউ।
১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া বারমুডা চারটিতে জিতেছে, হেরেছে আটটিতে। এ বছরই একবার হারিয়েছে বাংলাদেশ। এন্টিগায় অনুষ্ঠিত ত্রি -- জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও কানাডার কাছেও হারে বারমুডা। আর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দলটি খেলে ইংল্যান্ডের বিপক্ষে। খেলে এবং বিধ্বস্ত হয়। ইংল্যান্ডের ২৮৬ রান তাড়া করে ৪৫ রানেই গুটিয়ে যায় তারা।
বোঝাই যাচ্ছে, দ্বীপদেশ বারমুডার সঙ্গে রোববারের খেলায় বাংলাদেশই ফেভারিট। কিন্তু ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে দেশটি দক্ষিণ এশিয়ার ছোট্ট ব--দ্বীপ থেকে এগিয়ে আছে অনেকখানি। আইসিসি সহযোগী রাষ্ট্র হিসেবে বারমুডার অন্তর্ভুক্তি লাল--সবুজের পতাকার জন্মেরও পাঁচ বছর আগের ঘটনা। বারমুডার প্রতিনিধি আলমা হান্টই প্রথম আইসিসি সহযোগী দেশগুলোর মধ্যে একটা প্রতিযোগের পরিকল্পনা করেন। এর ফল হিসেবেই ১৯৭৯ সালে প্রথম আইসিসি টুর্নামেন্ট। ১৯৮২ সালে দ্বিতীয় দফা আসরে একটি ম্যাচও না হেরে ফাইনালে পৌঁছে যায় বারমুডা।
টেস্ট ক্রিকেটের প্রথম বলটি মাটিতে গড়ানোর তিন দশক আগেই বারমুডাতে একটি ক্রিকেট ম্যাচ হয়েছিল বলে দলিল --- দস্তাবেজ পাওয়া যায়। ১৮৪৪ সালের ৩০ আগস্টের ওই ম্যাচটিতে স্থানীয় সেনাদল অন্য এক খাকি দলের কাছে হেরে যায়। বারমুডা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা হতে অবশ্য আরো ১০ বছর দেরি হয়। আর ১৮৯১ সালে স্বাভাবিকভাবেই সে দেশে প্রথম ‘আন্তর্জাতিক’ ম্যাচটি খেলতে আসে নিকটতম প্রতিবেশী যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের জিঙ্গারি দলটি। আর এর চার বছর পর বারমুডার প্রথম পরিযায়ী দল হ্যামিলটন ক্রিকেট ক্লাবও খেলতে যায় ওই ফিলাডেলফিয়াতেই।
আইসিসির সহযোগী দেশগুলোর অমন প্রতিযোগিতায় অতখানি সাফল্য দেখালেও বিশ্ব ক্রিকেটের মহারণে বারমুডা এতদিন শুধু দর্শকই ছিল। ২০০৫ সালের আইসিসি ট্রফিতে চতুর্থ স্থানটি এ বছরের বিশ্বকাপ খেলার টিকিট যোগায় বারমুডাকে।
বারমুডার কথা বললে প্রথমেই বলে নিতে হয় অধিনায়ক আরভিন রোমেইন এর কথা। ২১ ম্যাচ খেলে ৫২৩ রান করেছেন তিনি, যার মধ্যে একটি শতরানও রয়েছে। বোধহয় ঠিক বলা হলো না। এবারের বারমুডাকে চেনাতে হলে বলতে হয় ডোয়েন লেভেরকের কথা। পেশায় পুলিশ লেভেরক তার বিশাল বপু নিয়ে এবারের বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলায় রবিন উথাপ্পার ক্যাচ নেন। স্লিপে দাঁড়িয়ে ১২০ কেজি ওজনের লেভেরকের ওই ক্যাচটি ইউটিউব ডট কম এ ২০ মার্চ সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর একটি।
