প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া
আগের দিন রিকি পন্টিং বলেছিলেন, অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জেতা অবিস্মরণীয় ম্যাচটির পুনরাবৃত্তি কোথাও হলে সেটা এখানেই হওয়ার কথা। শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সত্যিই তেমন কিছু ঘটার আভাস পাওয়া যাচ্ছিল। সেই দুদলের পরের দেখায় বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ম্যাথু হেইডেন, সুবাদে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৭ রান তুলে অর্ধেক আয়োজন সম্পন্ন করে রেখেছিল পন্টিংয়ের দল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারও ঝড়ই তুলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর তেমন ক্লাসিকের দেখা মেলেনি। ১২ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকাকে ২৯৪ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮৩ রানে। অনায়াস এই জয়ে জোহানেসবার্গের প্রতিশোধ নেওয়া ছাড়াও অস্ট্রেলিয়ার লাভ হয়েছে আরেকটি, ২ পয়েন্ট হাতে নিয়ে সুপার এইট পর্ব শুরু করছে তারা।
এক সময় কিন্তু অন্য রকমই মনে হচ্ছিল। মাত্র ২১ ওভারে ১৬০ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে স্বপ্ন দেখাচ্ছিলেন তাদের দুই ওপেনার অধিনায়ক গ্রায়েম স্মিথ আর এবি ডিভিলিয়ার্স। সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে ডিভিলিয়ার্সের বিদায়েই প্রথম ধাক্কাটা খেয়েছে তারা। তার উইকেটটা কোনো অস্ট্রেলিয়ান বোলার পাননি, মিডউইকেট থেকে শেন ওয়াটসনের দুর্দান্ত এক থ্রোয়ে রানআউট হয়েছেন তিনি। ৭০ বলে ৯২ রানের ইনিংসে দুটি ছক্কা আর ১৪টি বাউন্ডারি মেরেছেন এই ডানহাতি ওপেনার। ২১তম ওভারের শেষ বলে তিনি আউট হওয়ার পরেই তৃতীয় পাওয়ার প্লে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
তারপরও অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু মাংসপেশীতে টান পড়ায় দলকে ১৮৪ রানে রেখে স্মিথ ৭২ রান করে অবসর নিলে বদলে যেতে শুরু করে পরিস্থিতি। তার বিদায়ের পর ক্যালিস আর হার্শেল গিবস ৩৬ রানের জুটি গড়লেও রানের গতি কমে এসেছিল অনেকটাই। মরিয়া গিবস (১৭) রানরেট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে হয়েছেন স্টাম্পড, বোলার ছিলেন ব্র্যাড হগ। ম্যাকগ্রার করা পরের ওভারেই অ্যাশওয়েল প্রিন্স (১) হেইডেনকে ক্যাচ দিয়ে বিদায় নিলে চাপের মুখে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
পর পর দু ওভারে মার্ক বাউচার ও জাস্টিন কেম্পকে তুলে নিয়ে চাপটা আরো কঠিন করে তোলেন শন টেইট। বাউচারকে (২২) বোল্ড করার পর কেম্পকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন তিনি। মাত্র ৪৪ রানে ৪ উইকেট হারানোর পর ফিরে এসেছিলেন স্মিথ, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি, হগের বলে উইকেট কিপারকে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন আগের স্কোরের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই। হগের করা পরের ওভারেই জ্যাক ক্যালিস তার তৃতীয় শিকারে পরিণত হলে দক্ষিণ আফ্রিকার হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
৬০ রানে ৩ উইকেট নেওয়া হগই ম্যাচের সফলতম বোলার। টেইট ৬১ রানে এবং ব্র্যাকেন ৪০ রানে নিয়েছেন দুটি করে উইকেট।
ষোড়শ ওভার থেকেই পাওয়ার প্লে নেওয়ার রীতি হলেও ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার ওপেনাররা ১১৩ রান তুলে নেওয়ায় সেটা তখন নেননি পন্টিং। রক্ষণাত্মক ফিল্ডিং সাজানোর সুযোগ নিয়েও অবশ্য খুব একটা কাজ হয়নি, ষোড়শ ওভারেই নিজের সপ্তম বাউন্ডারি দিয়ে পঞ্চাশ পূরণ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্মিথ। এ জন্য তার লেগেছে মাত্র ৪১ বল, দুটি ছক্কাও মেরেছেন তিনি। এর আগে ডিভিলিয়ার্স হাফসেঞ্চুরি করেছেন ৪৭ বলে।
নিজেদের ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৩৭৭ রান বিশ্বকাপে তাদের সর্বোচ্চ স্কোর, আর বিশ্বকাপে কোনো দলের তৃতীয় সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ান ইনিংসে অপূর্ণতা বলতে কেবল এটুকুই, সেঞ্চুরি পেতে পেতেও পাওয়া হয়নি রিকি পন্টিং আর মাইকেল ক্লার্কের। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পর ম্যাথু হেইডেনের বিদায়ে একটু কমেছিল ঝড়টা, কিন্তু উইকেটে জমে পন্টিং আর ক্লার্কও কম যাননি। তৃতীয় উইকেটে ১৬১ রানের জুটি গড়ে তারাই অস্ট্রেলিয়াকে নিয়ে গেছেন রানের পাহাড়ে। তবে এরপর এক ওভারের ব্যবধানে এ দুজনই ফিরে গেছেন নার্ভাস ‘নাইন্টিজ’.এর শিকার হয়ে।।
ক্যারিয়ারের চব্বিশতম আর এই বিশ্বকাপেই দ্বিতীয় সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে লং অনে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৯১ বলের ইনিংসে দুটি ছক্কা ও আটটি চার মেরেছেন তিনি।
তারচেয়ে এক রান বেশি করা ক্লার্ক রান আউট হয়েছেন মিড অন থেকে শন পোলকের থ্রো আর ল্যাঙ্গেভেল্টের সহযোগিতায়। তিনি অবশ্য দুবার জীবন পেয়েছেন এর আগেই। ৮ রানে তার দেওয়া যে ক্যাচটি ফেলেছিলেন এবি ডিভিলিয়ার্স, সেটা বেশ কঠিন ছিল। কিন্তু ৫৬ রানে তার দেওয়া ক্যাচটা সোজা পয়েন্টে দাঁড়ানো গিবসের হাতেই গিয়ে পড়েছিল। একই জায়গায় আগে দুটি ক্যাচ নেওয়া গিবস এবার পারেননি সেটা হাতে জমাতে।
মাত্র ১৪.৫ ওভারে ১০৬ রানের জুটি গড়ে অ্যাডাম গিলক্রিস্ট (৪২ বলে ৪২) আর ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দিয়েছেন। ৬৬ বলে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটি করেছেন হেইডেন। চারটি ছক্কার সঙ্গে ১৪টি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করতে কানাডার জন ডেভিসনের লেগেছিল ৬৭ বল।
পরের ওভারে বল হাতে পেয়েই অবশ্য হেইডেনকে ফিরিয়ে দিয়েছেন জ্যাক ক্যালিস, তার করা চতুর্থ বলটি কাট করতে গিয়ে পয়েন্টে হার্শেল গিবসের হাতে ক্যাচ দিয়ে শেষ হয়েছে হেইডেনের ৬৮ বলে ১০১ রানের ইনিংস।
এর আগে গিলক্রিস্ট আউট হয়েছেন ঠিক একই ভাবে। চার্ল ল্যাঙ্গেভেল্টের একটু ধীরগতির বলে বিভ্রান্ত হয়ে গিবসেরই হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ানদের ইনিংসটা কতটা আগ্রাসী তা বুঝতে কয়েকটা পরিসংখ্যানে চোখ বোলানোই যথেষ্ট : শন পোলকের করা পঞ্চম ওভারে টানা দুটি ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে পঞ্চাশ পার করিয়েছেন হেইডেন, ওভারটি শেষ হতে তখনো এক বল বাকি ছিল। তিন অঙ্ক ছুঁতে তাদের লেগেছে মাত্র ১৩.৩ ওভার আর পাওয়ার প্লের ২০ ওভার থেকে ১৫১ রান তুলে নিয়েছে তারা।
বোলারদের দুঃস্বপ্নের এই ম্যাচে অস্ট্রেলিয়ার সফলতম বোলার অ্যান্ড্রু হল, ২ উইকেট পেতে ১০ ওভারে ৬০ রান খরচ করতে হয়েছে তাকে। আর সবচেয়ে খারাপ কেটেছে শন পোলকের দিন, ১০ ওভারে ৮৩ রান দিয়ে কোনো সাফল্য পাননি তিনি। ওভার প্রতি সাতের বেশি রান দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাকি সব বোলারই।
‘এ’ গ্র“পের শিরোপা নির্ধারণী এ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্র্যাড হজের বদলে এই ম্যাচে খেলছেন অ্যান্ড্রু সাইমন্ডস। দক্ষিণ আফ্রিকা দলে কোন পরিবর্তন নেই।
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৭৭/৬ (গিলক্রিস্ট ৪২, হেইডেন ১০১, পন্টিং ৯১, ক্লার্ক ৯২, সাইমন্ডস ১৮, হাসি ৫, ওয়াটসন অপরাজিত ১৪, অতিরিক্ত ১৪, পোলক ০/৮৩, এনটিনি ১/৬৮, ল্যাঙ্গেভেল্ট ১/৮২, হল ২/৬০, স্মিথ ০/১৪, কালিস ১/৬৬)
দক্ষিণ আফ্রিকা : ৪৮ ওভারে ২৯৪/১০ (স্মিথ ৭৪, ডিভিলিয়ার্স ৯২, ক্যালিস ৪৮, গিবস ১৭, প্রিন্স ১, বাউচার ২২, কেম্প ১, পোলক ৭, হল অপ. ৮, ল্যাঙ্গেভেল্ট ০, এনটিনি ৭; ব্র্যাকেন ২/৪০, টেইট ২/৬১, ম্যাকগ্রা ১/৬২, ওয়াটসন ১/৪৬, হগ ৩/৬১, সাইমন্ডস ০/১৯)
ফল : অস্ট্রেলিয়া ৮৩ রানে জয়ী।
